নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নুসরাত জাহান রোজা (৩) নামের এক শিশু হত্যার ঘটনায় বাবা সজীব কাজী (৩০) ও সৎ মা জোবাইদাকে (২২) পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
শিশু নুসরাতকে পছন্দ করতেন না সৎ মা জোবাইদা। ছবি: সময় সংবাদ
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রাম থেকে তাদের পুলিশ হেফাজতে নেয়া হয়।
স্বজনরা জানান, বাবা-মায়ের বিচ্ছেদের পর দুই মাস বয়স থেকেই নুসরাত জাহান রোজা ও তার বড় ভাই ইয়াসিন কাজী (৫) দাদা-দাদির কাছেই থাকত। মায়ের অভাব পূরণ করতে বাবা সজীব কাজী এক বছর আগে জোবাইদা খানমকে ঘরে আনেন। ইয়াসিনকে পছন্দ করলেও তার ছোট বোন নুসরাতকে অতটা পছন্দ করতেন না সৎ মা জোবাইদা।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) শিশু নুসরাত বাড়ির ভেতরেই দাদির সাথে খুনসুটি করছিল। দুপুর দেড়টার দিকে নুসরাতকে দেখতে না পেয়ে দাদি পান্না বেগম জোবাইদার কাছে জানতে চান, নুসরাত কোথায়? মা জোবাইদা উত্তর দেন যে, তাকে সাজিয়ে দেয়ার পর ঘরে লেপের নিচে ঘুমাচ্ছে।
দাদি চিৎকার করে বলেন, এই দুপুরে লেপের নিচে তো নুসরাত ঘুমায় না। কাজ ফেলে ঘরে গিয়ে দেখেন নুসরাতের নিথর দেহ।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন সময় সংবাদকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা সজীব কাজী ও মা জোবাইদা বেগমকে থানা হেফাজতে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।











































