Home আঞ্চলিক খুলনা সিটি করপোরেশন// কোটি কোটি টাকা ব্যয়ে ফুটপাত, সুফল মেলে না

খুলনা সিটি করপোরেশন// কোটি কোটি টাকা ব্যয়ে ফুটপাত, সুফল মেলে না

39

স্টাফ রিপোর্টার
মহানগরীর প্রধান সড়কগুলোয় প্রশস্ত ফুটপাত নির্মাণ করেছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। ড্রেনের ওপর স্ল্যাব দিয়ে দামি পার্কিং টাইলস বসিয়ে এবং নকশার মাধ্যমে ফুটপাতের সৌন্দর্য বাড়ানো হয়েছে। কিন্তু কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ হলেও এর সুফল পান না নগরবাসী। কারণ নির্মাণের পরই ফুটপাত চলে যায় অবৈধ দখলে। দখলমুক্ত করার বিষয়ে কেসিসির উদ্যোগও তেমন একটা চোখে পড়েনি।

তবে দীর্ঘদিন পর যেন ঘুম ভেঙেছে কেসিসির। সড়ক ও ফুটপাতের দখল ছেড়ে দিতে নগরীতে মাইকিং শুরু হয়েছে। স্বেচ্ছায় দখল না ছাড়লে আগামীকাল সোমবার থেকে মামলা, জরিমানা এবং মালপত্র জব্দ করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে কেসিসির পক্ষ থেকে।

ফুটপাতের সঙ্গে ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ ইজিবাইক বন্ধেও তৎপরতা শুরু করেছে কেসিসির লাইসেন্স বিভাগ। গত ৯ জানুয়ারি থেকে তারাও নগরীতে মাইকিং করছে। ১৪ জানুয়ারির মধ্যে রিকশা থেকে ব্যাটারি ও ইঞ্জিন খুলে ফেলা এবং লাইসেন্সবিহীন ইজিবাইক নগরীর বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জানুয়ারি থেকে এ ব্যাপারে অভিযান শুরু হবে।

প্রায় সাড়ে ৪৫ বর্গকিলোমিটার আয়তনের খুলনা মহানগরীতে মানুষের হাঁটার জায়গা খুবই কম। নগরীর ফুটপাতগুলোর অবস্থা ছিল রুগ্ণ। বিভিন্ন সভা-সেমিনারে নগর পরিকল্পনাবিদ ও নাগরিক নেতারা প্রশস্ত ফুটপাত নির্মাণ এবং হাঁটার জায়গা বাড়ানোর পরামর্শ দেন। ২০১৮ সালে বর্তমান মেয়র তালুকদার আবদুল খালেক দায়িত্ব গ্রহণের পর সড়ক ও ড্রেন সংস্কার এবং ফুটপাত সম্প্রসারণের উদ্যোগ নেন।

কেসিসি থেকে জানা গেছে, বর্তমানে নগরীতে ৮২৩ কোটি টাকা ব্যয়ে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ৬০৭ কোটি টাকা ব্যয়ে নগরীর ক্ষতিগ্রস্ত ও গুরুত্বপূর্ণ সড়ক মেরামত প্রকল্পের কাজ চলছে। প্রকল্পের আওতায় প্রধান সড়কের পাশে ড্রেন এবং ড্রেনের ওপর স্ল্যাব দিয়ে প্রশস্ত ফুটপাত নির্মাণ করা হচ্ছে। দাতা সংস্থা এই কাজে অর্থ দিয়েছে। এরই মধ্যে নগরীর কেডিএ অ্যাভিনিউ, আহসান আহমেদ রোড, রতন সেন সরণি, ক্লে রোডসহ প্রায় দুই ডজন সড়কের দু’পাশে ফুটপাত নির্মাণ শেষ হয়েছে। বর্ণিল টাইলস ও নতুন নকশায় নির্মাণ করা ফুটপাত পেয়ে খুশি হয়েছিল নগরীর মানুষ। কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই আনন্দ রূপ নেয় আক্ষেপে।

কেসিসির পূর্ত শাখা থেকে ফুটপাত নির্মাণ ব্যয়ের সঠিক তথ্য পাওয়া যায়নি। কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান জানান, ড্রেনের সঙ্গে ওপরের অংশের নির্মাণ ব্যয় যোগ করা থাকে। ড্রেনের সম্পূর্ণ কাজ শেষ হলে ফুটপাতের জন্য টাইলসসহ অন্যান্য কাজ করা হয়। এ জন্য শুধু ফুটপাত নির্মাণে ব্যয় বের করা কঠিন। তবে প্রধান সড়কগুলোর দুই পাশে ফুটপাত সম্প্রসারণে এখন পর্যন্ত কমপক্ষে ৫০-৬০ কোটি টাকা ব্যয় হয়েছে।

নগরীর ডাকবাংলো মোড়ে গিয়ে দেখা গেছে, সড়কের দুই পাশে ফুটপাত নির্মাণ করা হয়েছে। নানা রঙের টাইলসে নির্মিত ফুটপাতের ওপর দোকান বসিয়েছেন ব্যবসায়ীরা। বাধ্য হয়ে পথচারীদের সড়ক দিয়েই হাঁটতে হচ্ছে। সড়কে রিকশাসহ যানবাহনের পাশাপাশি হাঁটতে গিয়ে বিপাকে পড়ছেন পথচারীরা।

ডাকবাংলো থেকে তুলাপট্টি পর্যন্ত ক্লে রোডের দু’পাশে ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হয়। ১০ লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে টাইলস। কিন্তু কোটি টাকার এই ফুটপাতে এক দিনও হাঁটতে পারেননি পথচারীরা। উন্মুক্ত করার ২৪ ঘণ্টার মধ্যে দখল হয়ে গেছে পুরোটাই।

নগরীর ময়লাপোতা মোড়ে সড়ক ও ফুটপাত প্রশস্ত করার জন্য ভাঙা হয়েছে চার তলা ভবনের একাংশ। তবে নির্মাণে কাজ শেষ হওয়ার আগেই দখল হয়ে গেছে অধিকাংশ ফুটপাত। কোটি টাকা ব্যয়ের ফুটপাতে এখন ফল, কাঁচাবাজার ও খাবারের দোকান।

কেসিসির কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার বলেন, নগরীর প্রায় সব ফুটপাতই অবৈধ দখলে চলে গেছে। এ জন্য পৃথকভাবে কোনো তালিকা তৈরি করা হয়নি। ক্লে রোড, দৌলতপুর বাজারসহ যেসব এলাকায় দখল বেশি, সেখানে ৯ জানুয়ারি থেকে মাইকিং করা হচ্ছে। সোমবার থেকে ভ্রাম্যমাণ আদালত নিয়ে উচ্ছেদ অভিযান শুরু হবে।

কেসিসির সিনিয়র লাইসেন্স অফিসার ফারুক হোসেন তালুকদার জানান, নগরীতে যাত্রীবাহী ৭ হাজার ৮৯৭টি এবং পণ্যবাহী ১ হাজার ৭৯২টি ইজিবাইক চলার অনুমতি রয়েছে। কিন্তু নগরীতে ইজিবাইক চলে প্রায় ১৫ হাজার। এ ছাড়া ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি নেই। কিন্তু নগরীতে প্রায় ৭-৮ হাজার ব্যাটারিচালিত রিকশা চলছে।

আগামী ১৪ জানুয়ারির মধ্যে রিকশা থেকে ব্যাটারি খুলে ফেলতে এবং অননুমোদিত ইজিবাইক চলাচল বন্ধ করতে মাইকিং হচ্ছে। ১৫ জানুয়ারি থেকে নগরীর বিভিন্ন পয়েন্টে একযোগে অভিযান শুরু হবে।