Home আঞ্চলিক কুয়েটে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩

কুয়েটে ছাত্রলীগের দু’পক্ষে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৩

50

স্টাফ রিপোর্টার।।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় খানজাহান আলী থানা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান রাজুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্য দু’জন হলেন রিফাত হোসেন ও মেহেদী হাসান আকাশ।

শুক্রবার রাতে কুয়েটের আশপাশ এলাকা থেকে তাদের আটক করা হয়। ছাত্রলীগ নেতার করা মামলায় শনিবার তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জানা গেছে, অলিয়ার কুয়েটে রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক। বাকি দু’জন কুয়েটের শিক্ষার্থী নন। তারা তিনজনই কুয়েট ছাত্রলীগ সভাপতি রুদ্র নীলের অনুসারী হিসেবে পরিচিত। রুদ্রের সঙ্গে প্রায়ই তাদের ক্যাম্পাসে এবং লালন শাহ হলে দেখা যেত। গত ১৪ জানুয়ারি রাতে হলে ওঠাকে কেন্দ্র করে প্রতিপক্ষের তিনজনকে পিটিয়ে আহত করেন রুদ্র নীলের অনুসারীরা। এ ঘটনায় ১৬ জানুয়ারি কুয়েট ছাত্রলীগের সাবেক সহসভাপতি তাহমিদুল হক ইশরাক বাদী হয়ে রুদ্রসহ ১২ জনের নামে থানায় মামলা করেন।

ইশরাকের অভিযোগ, এজাহারভুক্ত ১২ জন পুলিশের সামনে ক্যাম্পাসে ও হলে ঘুরে বেড়াচ্ছে। মামলার পরও তাঁর লোকদের হুমকি দিচ্ছে, মারধর করছে। কিন্তু পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

এ বিষয়ে খানজাহান আলী থানার ওসি মমতাজুল হক জানান, ভিডিও ফুটেজ দেখে সন্দেহভাজন তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সংঘর্ষে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।