ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহের মহেশপুরে পূর্বশ্রুতার জেরে প্রতিপক্ষের গুলিতে চাচা-ভাতিজা নিহত হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ভাতিজা শামিম ও চাচা মন্টু মন্ডলের বাড়ি বাঘাডাঙ্গা গ্রামে। এ ঘটনায় শামীমের বাবা শামসুল হক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের শামিম হোসেন ও তরিকুল ইসলামের মধ্যে স্বর্ণ চোরাচালানের ব্যবসা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বিকেলে শামীম দলবল নিয়ে তরিকুলের বাড়িতে হামলা চালায়। সে সময় তরিকুল নিজ বাড়ির ছাদ থেকে গুলি করে পালিয়ে যায়। এতে শামীম হোসেন ও মন্টু মন্ডল গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মন্টু মন্ডলকে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শামিমকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলার নেপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আলম জানান, এরা সকলেই চোরকারবারি। প্রায়ই শামীম ও মন্টু ভারতে যেত ব্যবসা করতো। এই বিরোধের জেরেই গুলি ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
মহেশপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদ বিন হেদায়েত বলেন, নিহত শামীমকে আমরা মৃত অবস্থাতেই পেয়েছি। তার বুকে গুলির চিহ্ন আছে। আর তার বাবা শামসুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাউকে পুলিশ আটক করতে পারেনি। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান জানান, নিহত, আহত ও হামলাকারী সকলেই স্বর্ণ চোরাকারবারি ছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরেই গুলি ও হত্যার ঘটনা ঘটেছে।











































