নড়াইল প্রতিনিধি।।
নড়াইলে প্রথমবারের মতো ফুল চাষ করে তাক লাগিয়েছেন ফুল ব্যবসায়ী আল-আমিন মোল্যা। তার বাগানে শোভা পাচ্ছে কয়েক রকমের গোলাপ আর জারবেরা। ২০২১ সালে নড়াইল সদরের পোড়াডাঙ্গায় নিজ গ্রামে অল্প জমিতে গ্লাডিওলাস ও গোলাপ ফুলের পরীক্ষামূলক চাষ করেন তিনি। ২০২২ সালে উৎপাদন আশানুরূপ হওয়ায় ওই বছরে নিজের দুই একর জমিতে আলাদাভাবে চাষ শুরু করেন ঢাকার ওই ফুল ব্যবসায়ী। ২০২৩ সালে আলাদা করে জারবেরা ফুলের শেড তৈরি করেন। এখন তার গোলাপ বাগানে কাঠগোলাপসহ নানা প্রজাতির গোলাপ আর জারবেরা শেডে রয়েছে নানা রঙের ফুল।
আল-আমিন মোল্যা নিজে একজন ফুল ব্যবসায়ী। তিনি যশোরের গদখালি আর রাজধানীর সাভার থেকে নানা ধরনের ফুল কিনে নিয়ে ঢাকায় নিজের ব্যবসাকেন্দ্রে বিক্রি করেন। নিজের ব্যবসার চাহিদা মিটিয়ে এই অঞ্চলে ফুলচাষ বৃদ্ধি করাই তার উদ্দেশ্য।
তিনি বলেন, প্রতিবছর শুধু ফেব্রুয়ারি মাসের ১৪ এবং ২১ তারিখে তিনি ১০ লক্ষ টাকা ফুল বিক্রি করি। বিগত ১০ বছর ধরে আমি এই ব্যবসা করছি। তাই আমাদের নড়াইলের মাটিতে পরীক্ষামূলক চাষ শুরু করে এখন ভালো ফল পাচ্ছি। আমাদের মাটিতে যেহেতু ফুলের চাষ সম্ভব তাই আমি চেষ্টা করছি আমাদের এলাকায় আরও ফুলের বাগান গড়ে উঠুক।
আল-আমিন মোল্যার ফুলের বাগানে শোভা পাচ্ছে কয়েক প্রজাতির গোলাপ, কাঠ গোলাপ, নানা রঙের জারবেরা, রজনীগন্ধা, টিউলিপসহ নানা প্রজাতির ফুল। নতুন এই বাগান দেখতে প্রতিদিন স্থানীয়রা যেমন আসছেন তেমনি দূরদূরান্ত থেকে ফুলের বাগান আর ফুল দেখতে আসছেন ফুল প্রেমীরা।
নড়াইল সদরের আউড়িয়া থেকে স্ত্রীকে সঙ্গে নিয়ে ফুলবাগান দেখতে এসেছেন মোস্তফা কামাল। তিনি বলেন, আমরা আগে যশোরের গদখালি যেতাম ফুল দেখতে এখন নিজের এলাকায় ফুলবাগান দেখতে পারছি। এটা খুবই আনন্দের।
আল-আমিন মোল্যার ফুল বাগান পরিচর্যার কাজে আছেন ৩ জন শ্রমিক। তারা প্রতিনিয়ত বাগানে পানি দেয়া থেকে শুরু করে আগাছা পরিষ্কার করেন।
এদের একজন সবুজ মোল্যা বলেন, প্রতিদিন বাগানে নিয়মিত পানি দেয়া, আগাছা পরিষ্কার সার প্রয়োগ থেকে শুরু করে ফুল বড় হওয়া পর্যন্ত তদারকি করতে হয়। একটা ফুল নষ্ট হয়ে গেলে আকার ছোট হলে তা আর চলে না।
জেলায় প্রথমবারের মতো ফুল চাষ দেখতে স্বপরিবারে এসেছেন জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দীপক কুমার রায় বলেন, জেলায় বাণিজ্যিক ফুল চাষ এটাই প্রথম। নড়াইলের মাটি ফুলচাষের জন্য উপযোগী এটা প্রমাণিত। এখানে আল-আমিন মোল্যার ২ একর জমি ছাড়িয়ে ১০ একর জমিতে ফুল চাষ বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বসতী শীল বলেন, এখানে ফুলগুলো দেখে আমার রবী ঠাকুরের ফুলে ফুলে ঢোলে ঢোলে গানটি গাইতে ইচ্ছে করছে। ফুল যেমন নারীরা বেশি ভালোবাসে তেমনি নারীও ফুলের মতো নিজেকে সাজাতে চায়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরি বলেন, ফুল মনের খোরাক জোগায়। আবার বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে এর ব্যবহার হয়। নড়াইলে ফুলবাগান দেখতে পাবো এমন আশা করিনি। আমাদের আর ফুল কিনতে যশোর যেতে হবে না।
আল-আমিনের ফুলের বাগানের নাম দিয়েছেন ‘জিফা অ্যান্ড তায়েবা অ্যাগ্রো’। এখানে বর্তমানে ২ একর ফুলের বাগানের জারবেরা, রজনীগন্ধা, টিউলিপসহ বাগানের দেশি ও বিদেশি ফুলের বাগান থেকে উৎপাদন খরচ বাদে প্রতি মাসে প্রায় ৩০ হাজার টাকা লাভ করেন।
আল-আমিনের মতো উদ্যোক্তার দেখাদেখি এখানে আরো ফুলের বাগান গড়ে উঠবে। কৃষি বিভাগ তাদের নানা পরামর্শ ও প্রশিক্ষণ দেবে এটাই স্থানীয় জনগণের আশা।











































