সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার তালা উপজেলায় একটি ম্যাগনেটিক সীমানা পিলার এক কোটি টাকায় কিনে পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টার সময় দু’জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার নগরঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়।
আটক দুইজন হলেন নগরঘাটা নিমতলা এলাকার বরুণ মণ্ডলের ছেলে দেবব্রত মণ্ডল (৩৫) ও যশোর জেলার কেশবপুর উপজেলার নেহালপুর (হাসানপুর) এলাকার মো. আতিয়ার রহমানের ছেলে মো. শরিফুল্লাহ বিশ্বাস (৩৬)।
পাটকেলঘাটা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কৃষ্ণপদ সমাদ্দার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি সীমানা পিলারসহ দুইজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সীমানা পিলারটি এক কোটি টাকায় কেনা হয়। বিভিন্ন মাধ্যমে তারা পিলারটি পাঁচ কোটি টাকায় বিক্রির চেষ্টা করছিলেন। মামলা পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।











































