স্টাফ রিপোর্টার।।
দলিতসহ সমাজের প্রান্তিক জনগোষ্ঠির সামাজিক ক্ষমতায়ন ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন খুলনার সংসদ সদস্য (এমপি) প্রার্থীরা। খুলনার ছয়টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের কাছে স্মারকলিপি পেশের সময় প্রার্থীরা নির্বাচিত হলে সংসদে এ নিয়ে কথা বলার প্রতিশ্রুতি দিয়েছেন।
সম্প্রীতি ফোরাম ও দলিত ওয়ার্কিং গ্রুপের উদ্যোগে রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহার ও প্রার্থীদের নির্বাচনী প্রতিশ্রুতিতে ৮ দফা দাবি অন্তর্ভুক্তির কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়।
খুলনা-৪ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী আবদুস সালাম মূর্শেদী, খুলনার জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী শফিকুল ইসলাম মধু, কাজী হাসিনুর রশীদ, গাউসুল আজম, আবদুল্লাহ আল মামুন ও শফিকুল ইসলাম মধু স্মারকলিপি গ্রহণ করেন। পর্যায়ক্রমে অন্যান্য প্রার্থীদেরকেও স্মারকলিপি প্রদান করা হবে।
স্মারকলিপিতে প্রার্থীদের ইশতেহারে আটটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্তির দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে দ্বাদশ সংসদে প্রতিশ্রুত সংখ্যালঘু কমিশন গঠন করা; বৈষম্য নিরোধ আইন কার্যকর করা এবং এতে দলিত জনগোষ্ঠীর কথা উল্লেখ করা; আসন্ন জাতীয় সংসদে ও স্থানীয় সরকারে আসন সংরক্ষণের পাশাপাশি স্টান্ডিং কমিটিতে দলিতদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা; দলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝরে পড়া রোধে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত নিরবিচ্ছিন্ন শিক্ষা অব্যাহত রাখতে শিক্ষাঋণ চালু করা; ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির উদ্দেশ্যে দলিত এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ তহবিল (সহজ শর্তে ঋণ) গঠন করা; মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোতে দলিতদের জন্য এবং সিটি করপোরেশন ও পৌরসভায় হরিজন জনগোষ্ঠীর কোটা বরাদ্দ রাখা, ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে মোট নিয়োগের ৮০ ভাগ হরিজন জনগোষ্ঠীর কোটার সঠিক বাস্তবায়ন করা ও আউটসোর্সিং পদ্ধতি বাতিল করা।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, সম্প্রীতি ফোরামের সভাপতি সিলভি হারুন, নাগরিক নেতা মিনা মিজানুর রহমান, মানবাধিকার কর্মী আইনজীবী মুজাহিদুল ইসলাম শামীম, ইসরাত নূয়েরী হোসেন মুমু, অরুণ দাশ প্রমুখ।











































