Home Uncategorized বিশ্ব মানবাধিকার দিবস আজ

বিশ্ব মানবাধিকার দিবস আজ

65

খুলনাঞ্চল রিপোর্ট
আজ বিশ্ব মানবাধিকার দিবস। প্রতি বছর ১০ ডিসেম্বর সারা বিশ্বে ভাবগাম্ভীর্যের সাথে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়ে আসছে। এ বছর মানবাধিকার দিবসের মূল বিষয়বস্তু হচ্ছে- ‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায়বিচার’। যদিও সাংবিধানিক বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশ মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ তবুও জানুয়ারি থেকে নভেম্বর ২০২৩ পর্যন্ত, গত ১১ মাসে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। সরকারের অনেক ইতিবাচক অর্জন সত্ত্বেও, আইনের শাসন, গণতন্ত্র, ভোটাধিকার, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশের অধিকার, সামাজিক নিরাপত্তা এবং নারীর অধিকারের মতো গুরুত্বপূর্ণ দিকগুলোতে মানবাধিকার পরিস্থতির অবনতি চোখে পড়ার মতো ছিল জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এইচআরএসএস বলছে, চলতি বছরের পুরোটাজুড়েই দেশে নাগরিক এবং রাজনৈতিক অধিকার লঙ্ঘনের প্রবণতা দেখা গিয়েছে। শান্তিপূর্ণ সমাবেশে বাধা, মিথ্যা মামলা, গণগ্রেফতার, রাজনৈতিক গ্রেফতার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেআইনি আচরণের ঘটনাগুলো দেশের মানুষকে উদ্বিগ্ন করছে। উল্লেখযোগ্যভাবে, সাংবাদিকরা হামলা ও গ্রেফতারের সম্মুখীন হয়েছেন। সীমান্তে নিরীহ বাংলাদেশীরা বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) হাতে হত্যা ও নির্যাতনসহ বিভিন্নভাবে ক্ষতির স্বীকার হয়েছেন।

২০২৩ সালের শেষ অংশে মানবাধিকার পরিস্থিতির আরো অবনতি হয়েছেএ বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক নৈরাজ্য এবং সঙ্ঘাত লক্ষ্য করা গেছে। আইন প্রয়োগকারী সংস্থার অতি উৎসাহী কর্মকাণ্ড, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলনকে লক্ষ্য করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। বিরোধী সমাবেশে বাধা দিতে সরকারের সমন্বিত প্রচেষ্টা, তল্লাশি, মোবাইল ফোন চেক এবং গণগ্রেফতারের মাধ্যমে ভিন্ন মতকে দমন করার একটি ভয়াবহ চিত্র উঠে এসেছে। ২৮ অক্টোবর বিরোধী দলগুলোর সমাবেশ ও পরবর্তী আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে বিভিন্ন সময়ে আইনপ্রয়োগকারী কর্মকর্তা, সাংবাদিক, পরিবহন কর্মী, রাজনৈতিক কর্মীসহ অনেক মানুষের মৃত্যু ঘটে। এর সাথে, বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সারা বছরজুড়েই অসংখ্য মামলা এবং গ্রেফতারের ঘটনা ঘটেছে। বছরের শেষ দিকে এসে গুপ্ত হামলা, গণগ্রেফতার, নির্বাচন-তফসিল পরবর্তী সহিংসতা, বিরোধী নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, পরিবারের সদস্যদের গ্রেফতার ও তাদের পরিবারের কাছ থেকে চাঁদাবাজিসহ মানবাধিকারের ক্ষেত্রে বহুমাত্রিক চ্যালেঞ্জ লক্ষ করা গেছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচআরএসএসের তথ্য অনুসন্ধানী ইউনিট ও স্থানীয় প্রতিনিধিদের তথ্যের ভিত্তিতে ২০২৩ সালের প্রথম ১১ মাসের মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এইচআরএসএস বলছে, গত ১১ মাসে ৮০৭টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় নিহত হয়েছেন ৮২ জন ও আহত হয়েছেন কমপক্ষে ৮১৫০ জন। যার বেশির ভাগই ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তর্কোন্দল এবং বিএনপির পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের পাল্টা শান্তি সমাবেশ কেন্দ্রিক সংঘর্ষের ঘটনায়। আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর দ্বারা ৮২৬৩ জন রাজনৈতিক গ্রেফতারের শিকার হয়, বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৪৩৩টি মামলা দেয়া হয়েছে।

বিরোধাীদলীয় ৩৫৫টি সভা-সমাবেশ আয়োজনে বাধা প্রদানের ঘটনা ঘটেছে। এ সময় সংঘর্ষে তিন হাজার ২৫৯ জন আহত এবং সমাবেশ কেন্দ্রিক পাঁচ হাজার ৭৮৪ জনকে গ্রেফতার করা হয়। এ ছাড়াও নির্বাচনী সহিংসতার ৬৯টি ঘটনায় নিহত হয়েছেন চারজন এবং আহত হয়েছেন কমপক্ষে ৫৩৭ জন । ১১ মাসে ১৬৮টি হামলার ঘটনায় ২৭৫ জন সাংবাদিক হত্যা, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে দু’জন সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৭৪ জন, লাঞ্ছনার শিকার হয়েছেন ৮২ জন, হুমকির শিকার হয়েছেন ১৭ জন ও গ্রেফতার ৯ জন। একই সময়ে আশঙ্কাজনকভাবে, ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ ও সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এর অধীনে দায়ের করা ৫৮টি মামলায় গ্রেফতার হয়েছেন ৬০ জন এবং অভিযুক্ত করা হয়েছে ১৮৮ জন। এ ছাড়া ‘সংখ্যালঘু’ সম্প্রদায়ের ওপর ২৫টি হামলার ঘটনায় আহত হয়েছেন ৯৯ জন এবং ১৭টি মন্দির, ৩১টি মূর্তি ও ১২৬টি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মার্চ মাসে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় একজন নিহত ও অন্তত ৬০ জন আহত হয়েছেন। ‘গণপিটুনির’ ১০৯ টি ঘটনায় নিহত হয়েছেন ৭১ জন এবং আহত হয়েছেন ৮৬ জন। এ সময়ে ১৮৩টি শ্রমিক নির্যাতনের ঘটনায় পুলিশের গুলিতে তিনজনসহ নিহত হয়েছেন ৩৬ জন এবং আহত হয়েছেন ৩৪৫ জন। ১১ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা/হেফাজতে বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের ৩১টি ঘটনার শিকার হয়েছেন ৩৩ জন। যাদের মধ্যে সাতজন তথাকথিত ক্রসফায়ার/বন্দুকযুদ্ধের নামে, সাতজন নির্যাতনে এবং ১৪ জন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে থাকা অবস্থায় পাঁচজন মারা গেছেন। এ ছাড়াও কারা হেফাজতে ৭০ জন মারা গেছেন।

উল্লেখ্য গত ১১ মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নেয়া হয়েছে কমপক্ষে ২৮ জনকে, তাদেরকে অন্তত ৭২ ঘণ্টার মধ্যে আদলতে সোপর্দ কিংবা তাদের পরিবারকে তুলে নেয়ার বিষয়ে অবহিত করা হয়নি। ১৯ জনকে পরবর্তীতে গ্রেফতার দেখানো এবং তিনজনকে ছেড়ে দেয়া হলেও বাকি ছয়জনের কোনো খবর পাওয়া যায়নি। এইচআরএসএসের মতে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মৌলিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে না পারলে দেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি আরো অবনতির দিকে যাবে।