Home আঞ্চলিক খুলনার ৬টি আসন// শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখছে না...

খুলনার ৬টি আসন// শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও নির্বাচনী প্রস্তুতিতে ঘাটতি রাখছে না আ. লীগ

47

স্টাফ রিপোর্টার
খুলনার ৬টি আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের। সে কারণে এবারের নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহও কিছুটা কম। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তেমন কোনো তৎপরতা না থাকলেও নির্বাচনী এলাকায় ছুটে বেড়াচ্ছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচনী প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখছে না ক্ষমতাসীন দলটি। দলের নেতাকর্মীদের আরও সক্রিয় এবং অভ্যন্তরীণ কোন্দল নিরসনের উদ্যোগ নিয়েছেন প্রার্থীরা। এছাড়া উৎসবমুখর পরিবেশ তৈরিরও চেষ্টা করছেন তারা।

খুলনার ৬টি আসনে দশটি দল মনোনীত ও স্বতন্ত্রসহ মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রয়েছে আওয়ামী লীগের ৬ জন, জাতীয় পার্টির ৪ জন, জাকের পার্টির ৫ জন, ওয়ার্কার্স পার্টির ১ জন, এনপিপির ২ জন, গণতন্ত্রী পার্টির ১ জন, কিংস পার্টি হিসেবে পরিচিত বাংলাদেশ কংগ্রেসের ২ জন, তৃণমূল বিএনপির ২ জন, বিএনএম’র ৩ জন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের ১ জন এবং স্বতন্ত্র ২ জন। ভোটের মাঠে আওয়ামী লীগের বাইরে অন্য ৯টি দলের তেমন কোনো অবস্থান নেই। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য ২৭ জনের সবাই দুর্বল প্রার্থী।

শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও বসে নেই আওয়ামী লীগের প্রার্থীরা। প্রতিদিন ইউনিয়ন ও ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের সঙ্গে সভা করছেন। নির্ভার থাকা নেতাকর্মীদেরকে সক্রিয় হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা জানান, নির্বাচনকে আমরা মোটেও হালকাভাবে নিচ্ছি না। ইতিমধ্যে খুলনা-২ ও ৩ আসনের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। নগরীর ৫টি থানায় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সভা করে খুলনা-২ আসনের নির্বাচন পরিচালনায় কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। একইভাবে শিগগিরই খুলনা-৩ আসনের জন্য পৃথক কেন্দ্রীয় কমিটি করা হবে। প্রতীক বরাদ্দের পর ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।

খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাহ উদ্দিন জুয়েল বলেন, আমি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের কাউকেই দুর্বল ভাবছি না। নির্বাচনের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবারই প্রথম ভোট যুদ্ধে নেমেছেন। তিনি প্রতিদিন খুলনা-৩ আসনের বিভিন্ন এলাকায় গিয়ে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। যেসব নেতাকর্মীর মৃত্যু হয়েছে তাদের কবর জিয়ারত করছেন।

তিনি বলেন, সব দল নির্বাচনে আসলে যেভাবে প্রস্তুতি নেয়া হতো, এখনও সেভাবে নিয়েছি। নির্বাচন যাতে উৎসব মুখর হয় এবং ভোটার উপস্থিতি বাড়ে সেভাবে কাজ করছি।

খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী ইতিমধ্যে মনোনয়ন বঞ্চিত নেতা ও তাদের অনুসারিদের সঙ্গে বৈঠক করেছেন। সকলকে নির্বাচনী কাজে মাঠে নামানোর প্রস্তুতি নিয়েছেন। তিনি বলেন, প্রতিদ্বন্দ্বী কাউকেই তিনি ছোট করে দেখছেন না। বিএনপি প্রার্থী দিলে যেভাবে নির্বাচনী কর্মকাণ্ড করতেন, এখনও সেভাবেই করবেন।

খুলনা-৫ আসনে আওয়ামী লীগের প্রার্থী নারায়ন চন্দ্র চন্দ দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন করে সকলকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন। এ আসনে মনোনয়ন বাতিল হওয়া ফুলতলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আকরাম হোসেনের মনোনয়নপত্র আপিলে আবার বৈধ হতে পারে। সে বিষয়টি বিবেচনায় রেখেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তিনি বলেন, আমার নির্বাচন চ্যালেঞ্জিং হবে না। তারপরও হালকাভাবে নেবো না, গুরুত্ব দিয়েই নির্বাচনের প্রস্তুতি নিয়েছি।

বসে নেই খুলনা-১ আসনের প্রার্থী ননী গোপাল মন্ডল ও খুলনা-৬ আসনের প্রার্থী মো. রশীদুজ্জামান মোড়ল। তারাও দলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি নির্বাচনী এলাকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছেন।

জেলা আওয়ামী লীগের এক নেতা জানান, দলীয় নেতাকর্মীদের পাশাপাশি পেশাজীবীদেরকেও কাজে লাগানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোট চাইতে দলের নারী কর্মীদেরকে ভোটারদের বাড়ি বাড়ি পাঠানো হবে। প্রতীক বরাদ্দের পর মাইকিং, পোস্টারিং ও লিফলেট বিলির পাশাপাশি তরুণ ভোটারদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মেও প্রচারণা চালানোর প্রস্তুতি নেয়া হয়েছে।