স্টাফ রিপোর্টার
ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে খুলনা মহানগর যুবলীগের সাবেক সদস্য ও সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ শহীদ আলী (৩৫) নিহত হয়েছেন। শনিবার (২৭ জুন) ভোরে দিনাজপুর থেকে খুলনা যাওয়ার পথে ঈশ্বরদীতে এ দুর্ঘটনা ঘটে। খুলনা মহানগর যুবলীগের আহ্বায়ক শফিকুর রহমান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সম্প্রতি আমের ব্যবসা করা যায় কিনা জানতে ভাড়ায় চালিত পিকআপ নিয়ে দিনাজপুর গিয়েছিলেন শহীদ আলী। শুক্রবার খুলনাবাসী তার চাচা করোনায় মারা গেছেন শুনে দিনাজপুর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথে ঈশ্বরদীতে একটি ট্রাকের সঙ্গে তার পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপ চালক বেঁচে গেলেও ঘটনাস্থলেই মারা যান শহীদ আলী।
শহীদ আলীর মরদেহ আনতে তার বড় বোন ঈশ্বরদীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানান পলাশ। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।









































