স্পোর্টস ডেস্ক।।
চোটের কারণে ক্যারিয়ারের অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে নেইমার জুনিয়রকে। কিছুদিন আগেই ৭ মাসের চোট কাটিয়ে পুরোদমে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু এবারও এক ভয়াবহ ইনজুরিতে পড়েছেন ব্রাজিলিয়ান এই তারকা।
বুধবার উরুগুয়ের বিপক্ষে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে প্রথমার্ধে চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার। ম্যাচে ৪৪ মিনিটের সময় প্রতিপক্ষের নিকোলাস দে লা ক্রুজের সঙ্গে সংঘর্ষ হয় নেইমারের। সংঘর্ষের পরেই নেইমার দুই হাতে হাঁটু চেপে ধরে মাটিতে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মাঠে অবস্থিত ফিজিও। প্রাথমিক চিকিৎসার পর নেইমার স্ট্রেচারে করে মাঠ ছাড়েন এবং পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তার লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাজিলের ফুটবল ফেডারেশন (সিবিএফ) বুধবার এক বিবৃতিতে জানায়, নেইমার তার হাঁটুর অগ্রবর্তী ক্রুশিয়েট লিগামেন্টে চোট পেয়েছেন। তাই তার অস্ত্রোপচারের দরকার। তবে অস্ত্রোপচারের দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি।
ধারণা করা হচ্ছে, অস্ত্রোপচারের পর নেইমারের সেরে উঠতে প্রায় সাত-আট মাস সময় লাগবে। এতে আগামী বছর কোপা আমেরিকায় খেলা নিয়ে জেগেছে শঙ্কা। ২০২৪ সালের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে এই টুর্নামেন্ট।
হাঁটুর স্ক্যান রিপোর্ট পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেইমার লিখেছেন, ‘এটা খুবই হতাশার মুহূর্ত, খুবই বাজে। আমি জানি, আমি খুব শক্ত কিন্তু এবার আমার পরিবার ও বন্ধুদের খুব প্রয়োজন। ইনজুরি ও অস্ত্রোপচার খুব সহজ ব্যাপার নয়। চার মাস রিকভারির পর মাঠে ফিরে আবারও ইনজুরিতে পড়তে হলো।’











































