Home খেলাধুলা বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রোহিত শর্মাকে জরিমানা

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে রোহিত শর্মাকে জরিমানা

37

স্পোর্টস ডেস্ক।।

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচে মাঠে নামার আগেই জরিমানা গুনতে হয়েছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওভারস্পিডে গাড়ি চালানোর দায়ে রোহিতকে জরিমানা করেছে পুনে পুলিশ। সেটাও এক-দুবার নয়, তিন তিনবার জরিমানা করা হয়েছে ভারতীয় অধিনায়ককে। খবর পুনে মিররের।

পুনে মিররের প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ ম্যাচের আগে মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়ে হয়ে পুনেতে দলের সঙ্গে যোগ দিয়েছেন রোহিত। কিন্তু মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে ভারতীয় অধিনায়কের গাড়ি চলেছে ওভারস্পিডে। এ সময় রোহিতের ব্যবহৃত ল্যাম্বরগিনি গাড়িটির ঘণ্টায় প্রায় ২০০ কিলোমিটার গতিতে চলে। এমনকি কখনও কখনও তার গাড়ি ঘণ্টায় ২১৫ কিলোমিটারও অতিক্রম করে।

এ কারণে রোহিতের বিরুদ্ধে তিনবার ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগ তোলা হয়েছে। পুনে মিররের দাবি, রোহিতের গাড়ির নম্বরে অনলাইনে তিনবার জরিমানার টাকা কাটা হয়েছে। তবে জরিমানা বাবদ তাকে কত টাকা দিতে হয়েছে, তা অবশ্য জানা যায়নি।

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারানোর পর তিন দিনের ছুটি পেয়ে মুম্বাই গিয়েছিলেন রোহিত। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি সামনে রেখে বুধবার মুম্বাই থেকে নিজের গাড়িতে করে সস্ত্রীক পুনে ফেরেন ডানহাতি এই ব্যাটার।

দেশের মাটিতে চলমান বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শূন্য রানে ফিরলেও পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন ডানহাতি এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষেও খেলেছেন ৮৬ রানের দুর্দান্ত ইনিংস। সেই ম্যাচের পর নিজ শহর মুম্বাই গিয়েছিলেন ভারতীয় অধিনায়ক।