Home খেলাধুলা ক্রিকেট তাদের পেশা নয়, ভালোবাসা

ক্রিকেট তাদের পেশা নয়, ভালোবাসা

38

স্পোর্টস ডেস্ক।।

প্রতিবছর লিগ হয় না সেখানে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও নেই। বিশ্বকাপের মতো আসরে ব্যাটে স্পন্সর জোগানোই যাদের কষ্ট, তাদের কাছে বিজ্ঞাপনের শুটিং কিংবা শোরুম উদ্বোধনের মতো ব্যাপার স্বপ্নেরই মতো। সংসার চালাতে তাদের কাউকে পার্টটাইম জব করতে হয়, পকেটের পয়সা খরচ করে নিজেকেই ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয়।

যখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ মেলে না, তখন ট্রেনিংও বন্ধ রাখতে হয়। এমনও হয়েছে, আন্তর্জাতিক সিরিজও মিস হয় তাদের। ক্রিকেটের সেই সুবিধাবঞ্চিতদের নিয়েই গড়া নেদারল্যান্ডস ক্রিকেট দল। সেই তাদের নিয়েই ডাচদের বিশ্বকাপের ‘কমলা বিপ্লব’।

ডাচ অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডই যেমন। তাঁর বেড়ে ওঠা এবং ক্রিকেট খেলা অস্ট্রেলিয়াতেই। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষানবিশ ছাত্র থাকা অবস্থাতেই নেদার‍ল্যান্ডস কোচ রায়ান ক্যাম্পবেলের সঙ্গে পরিচয় হয়। তাঁর অধীনেই ক্লাব ক্রিকেট খেলতেন অ্যাডওয়ার্ডস। একসময় তিনই প্রস্তাব দেন অ্যাডওয়ার্ডসকে। যেহেতু তাঁর দাদি একজন ডাচ, সেই পরিচয়েই নেদারল্যান্ডস চলে এসে ক্রিকেট শুরু করেন। এই মুহূর্তে ডাচ ক্রিকেট বোর্ড যে চার ক্রিকেটারকে চুক্তির মধ্যে এনে সম্মানী দেয়, তাদের একজন অ্যাডওয়ার্ডস।

তবে এখনও অস্ট্রেলিয়ায় গিয়ে কখনও ক্রিকেট খেলে অর্থ উপার্জন করেন, কখনওবা ক্রিকেট কোচিং করিয়ে। এই অ্যাডওয়ার্ডসের হাত ধরেই অবশেষে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইতিহাস গড়েছে নেদারল্যান্ডস। দলের আরেক ক্রিকেটার, পল ভ্যান মিকেরেন। মিডিয়াম পেসার মিকেরেন করোনার সময় উবার ইটসের ডেলিভারিম্যান ছিলেন। বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে খাবার ডেলিভারি দিতেন।

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও নিয়মিত ক্রিকেট চালিয়ে যেতে পারেননি শুধু অর্থের কারণে। মাঝে ইংল্যান্ডের গ্লুস্টারশায়ারের হয়ে কাউন্টি খেলে ফের নেদারল্যান্ডসের জন্য নিজেকে তৈরি করেন। গত বছর টি২০ বিশ্বকাপও খেলেছন তিনি। কিন্তু এই ডাচ বোলার নিশ্চিত নন আবার কবে দেশের হয়ে খেলতে পারবেন। কেননা, বিশ্বকাপের পরই আবার তাঁকে পার্টটাইম জব খুঁজতে হবে।

দক্ষিণ আফ্রিকাকে হারানোর ম্যাচে নেদারল্যান্ডসের আরিয়ান দত্তকে মনে থাকবে অনেকের। তাঁর তিনটি ছক্কায় হতভম্ব হয়ে যায় প্রোটিয়ারা। ৩০ বছর আগে তাঁর বাবা-মা ভারত থেকে নেদার‍ল্যান্ডসে পাড়ি দেন। এই ক্রিকেট শেখানোর জন্যই তাঁর বাবা-মা একসময় ভারতের চণ্ডীগড়ে পাঠিয়েছিলেন ছেলেকে। এমনই আরেকজন লোগান ভান বিক। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে জন্ম তাঁর। একসময় নিউজিল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে বাস্কেটবল এবং ক্রিকেটও খেলেছেন। নিউজিল্যান্ড দলের টম লাথাম, ম্যাট হেনরিরা একসময় তাঁর সতীর্থ ছিলেন। তবে লোগানের বাবা ঠিক করেন তাঁর ছেলে নেদার‍ল্যান্ডসের হয়েই খেলবে। এমনই অনেকের গল্প নিয়েই তৈরি নেদারল্যান্ডস দল।