রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার একটি তড়িঘড়ি উদ্যোগ দেখা যাচ্ছে। এমন হুড়াহুড়ি খুবই বিস্ময়কর। ২০১৭ সালের রোহিঙ্গাদের নতুন ঢলের পর মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে গড়িমসি করে যাচ্ছে। যতটুকু আলাপ আলোচনা তারা করে সেটা বিশ্ব সম্প্রদায়ের চোখে ধুলা দেয়ার জন্যই করে থাকে। অন্ততপক্ষে বিগত দিনে বাংলাদেশের সাথে করা রোহিঙ্গাবিষয়ক চুক্তি অঙ্গীকার থেকে সেটা স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে। এবার তারা হাজার খানেক রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে চায়। এই নিয়ে মিয়ানমারের প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে গেছেন। রোহিঙ্গাদের একটি প্রতিনিধি দলকে রাখাইনে তাদের নতুন বসতি ঘুরিয়ে দেখিয়েছেন। তারা সেগুলো দেখে সন্তুষ্ট নয়। এই তড়িঘড়ি উদ্যোগে সেখানে ফিরে যেতে তারা রাজি নয়।
১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য একটি বড় বোঝা। অত্র অঞ্চলে স্থানীয় বাসিন্দাদের চেয়ে সংখ্যায় তারা বেশি। নানা বৈশ্বিক সঙ্কটের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগও কমে গেছে। দাতা সংস্থা ও ধনী দেশগুলো তাদের সাহায্যের পরিমাণও প্রতি বছর কমাচ্ছে। সর্বশেষ জানা যাচ্ছে, বিশ্বখাদ্য কর্মসূচি রোহিঙ্গাদের প্রতি মাসিক খাদ্য সহায়তা পরিবারপ্রতি আট ডলারে নামিয়ে এনেছে। এই বিপুল জনগোষ্ঠীকে একা বাংলাদেশের পক্ষ থেকে ভরণপোষণের ব্যবস্থা করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। এ কারণে তাদের তড়িঘড়ি করে মিয়ানমারে ফিরিয়ে দিয়ে এর সমাধান করা যাবে না। এই বিষয়টি বাংলাদেশকে বুঝতে হবে। প্রত্যাবাসন টেকসই না হলে তারা আরো বড় সমস্যা হয়ে আবারো ঘাড়ে উঠবে। তাদের ফিরিয়ে নিয়ে যাওয়ার নতুন হুড়াহুড়ি উদ্যোগের পেছনে আন্তর্জাতিক আদালতে যে মামলা চলছে তার একটি সম্পর্ক রয়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। মিয়ানমার আদালতকে দেখাতে চায়, রোহিঙ্গাদের ফিরিয়ে নিচ্ছে। শুধু এ জন্যই তোড়জোড় উদ্যোগ। এতে মধ্যস্থতা করছে চীন। বৃহৎ এ দেশটি অন্যান্য আন্তর্জাতিক সঙ্কট নিরসনের মতো রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের আস্থা অর্জন করতে পারেনি। তাদের অবস্থান মিয়ানমারে উৎপীড়ক শাসকের পক্ষে বরাবরের মতো রয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসঙ্ঘে যতগুলো প্রস্তাব উত্থাপিত হয়েছে প্রত্যেকটিতে তারা তাদের পক্ষেই ছিল।
নতুন উদ্যোগে তিনটি গ্রাম প্রস্তুত করা হয়েছে। সেগুলোতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে রাখা হবে। তারা নিজেদের পৈতৃক ভিটেমাটিতে ফিরতে পারছে না। মিয়ানমার, বাংলাদেশ ও চীনের ত্রিপক্ষীয় এ উদ্যোগে তাই সাড়া দিচ্ছে না রোহিঙ্গারা। রোহিঙ্গাদের আস্থা অর্জন না করে তার পরেও তারা সামান্য সংখ্যককে ফিরিয়ে নিয়ে যাওয়ার তদবির চলছে। এমন সচেতনতা আগেও আন্তর্জাতিক আদালতে মামলার আদেশকেন্দ্রিক দেখা গেছে। গাম্বিয়ার করা মামলায় পরিস্থিতি অগ্রগতি পেশ করার সময় চলতি বছরের ২৪ আগস্ট নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে তারা প্রত্যাবাসন সংক্রান্ত তাদের কার্যক্রম দেখাতে চায়। মূলত রোহিঙ্গাদের দাবি হচ্ছে, নাগরিকত্ব ফিরে পাওয়া এবং পিতৃভূমিতে বসবাসের অধিকার। সে ব্যাপারে দেশটির কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে বারবার সবাইকে প্রতারিত করার চেষ্টা করেই যাচ্ছে।
চীন ও মিয়ানমারের এ ধরনের উদ্যোগের সাথে আন্তর্জাতিক শরণার্থী সংস্থা জড়িত নেই। এতে বাংলাদেশের সায় দেয়া কিভাবে যৌক্তিক হতে পারে? যেখানে মিয়ানমারে সামরিক শাসকেরা দেখাতে চায়, বাংলাদেশের সাথে মিলে তারা প্রত্যাবাসনের কাজ চালিয়ে যাচ্ছে। স্রেফ তারা এমন উদ্যোগকে আন্তর্জাতিক চাপ সামলানোর জন্য ব্যবহার করতে চায়। বারবার এই সুযোগ কেন বাংলাদেশ দেবে? এ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও তারা সম্মানের সাথে প্রত্যাবাসন করতে না পারলেও এমন প্রতারণা চালিয়ে যেতে পারছে। বাংলাদেশের উচিত একটি সংহত দৃঢ় নীতি গ্রহণ করা। আন্তর্জাতিক শরণার্থী সংস্থার সাথে মিলে রোহিঙ্গা প্রত্যাবাসনের বহুপক্ষীয় অবস্থান থেকে এর সমাধানে অগ্রসর হতে হবে। মনে রাখতে হবে, তাদের নিরাপদ প্রস্থান না হলে এর সমাধান নেই। সরকার নিজের সামান্য সুবিধার জন্য চীন ও মিয়ানমারের সম্মিলিত উদ্যোগে সাড়া দিলে শুধু রোহিঙ্গা নয় বাংলাদেশের জন্য এতে কোনো মঙ্গল নেই।
বাংলাদেশ এ ব্যাপারে একটি নীতি নিতে পারে। সেটা হচ্ছে, রোহিঙ্গাদের সম্মানজনক টেকসই নিরাপদ প্রত্যাবাসন। এতে করে একটি মানবিক জাতি হিসেবে আমাদের সুনাম ও মর্যাদা বিশ্বে বাড়বে।










































