স্টাফ রিপোর্টার||
ঈদকে সামনে রেখে খুলনায় বেড়েছে গরুর মাংসের মূল্য। প্রতি কেজিতে ৫০ টাকা বেড়ে এখন গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা করে। এর ফলে মাংস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের মানুষ।
নগরীর ময়লাপোতা মোড়ের মাংসের দোকানিরা জানান, সবচেয়ে বেশি গরুর মাংস বিক্রি হয় এ এলাকায়। রমজান মাসজুড়ে গরুর মাংস ৭০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার থেকে সেই মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
ইউনুস মিট শপের মো. ইউনুস জানান, ঈদ উপলক্ষে গরুর মাংস ৭৫০ টাকা কেজি করে বিক্রি করছেন। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় বেশি দামে বিক্রি করা হচ্ছে।
রাজু বিফ শপের মো. শামীম বলেন, আর ১-২ দিন পরে ঈদ। সে কারণে এখন ক্রেতাদের অনেক ভিড়। আগামীকাল শুক্রবার ভিড় আরও বাড়বে বলে তার ধারণা।
এদিকে বৃহস্পতিবার সকালে মাংসের দোকানে গিয়ে দাম শুনে ক্ষোভ প্রকাশ করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড মোসলেম শেখ। তিনি বলেন, ঈদের সময় মেয়ে-জামাই বাড়িতে আসবে। তাই গরুর মাংস কিনতে এসেছি। এসে দেখি দুই কেজি মাংস কিনতে ১০০ টাকা বেশি লাগবে। হঠাৎ হঠাৎ দাম বাড়ানোর ফলে নিম্ন আয়ের মানুষরা বিপাকে পড়ে।
রিকশা চালক ওমর ফারুক বলেন, প্রতিদিন রিকশা চালিয়ে আমার আয় থাকে ৪০০ থেকে ৫০০ টাকা। এছাড়াও অনেক খরচ থাকে। এসব কারণে এখনও মাংস কেনার টাকা জমাতে পারিনি। তার উপর আবার দাম বাড়লো। আসলে আমরা গরীবরা যেখানে যাই সেখানেই জ্বালার শেষ নেই।
এ ব্যাপারে সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা শাহরিয়ার আকুঞ্জি বলেন, ঈদের সময় চাহিদা বেড়ে যাওয়ার সুযোগ নিয়ে বিক্রেতারা দাম বাড়িয়ে দিয়েছে। ময়লাপোতা মোড়ের বিক্রেতারা সবচেয়ে বেশি দামে বিক্রি করছে। তবে নগরীর খালিশপুর ও দৌলতপুর এলাকায় বিক্রি হচ্ছে ৭২০ টাকা কেজি দরে। বিক্রেতারা যাতে বেশি দামে বিক্রি না করে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।









































