Home আঞ্চলিক আদালতে প্রক্সি দিতে এসে ব্যবসায়ী কারাগারে

আদালতে প্রক্সি দিতে এসে ব্যবসায়ী কারাগারে

13

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের শরণখোলায় মারধরের একটি মামলায় মূল আসামি ফরিদ উদ্দিনের পরিবর্তে (প্রক্সি) আদালতে জামিন নিতে এসে কারাগারে গেলেন আল আমিন তালুকদার নামের এক গার্মেন্টস ব্যবসায়ী।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নিজেকে মূল আসামি দাবি করে আইনজীবীর মাধ্যমে জামিন প্রার্থনা করেন আল আমিন। কিন্তু বিচারক ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ড. মো. আতিকুস সামাদ জামিন আবেদন না মঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর অদেশ দেন। এরপরই পুরো ঘটনা সবার নজরে আসে।

প্রক্সি দিতে আসা আল আমিন তালুকদার শরণখোলা উপজেলার রায়েন্দা বাজার এলাকার সুলতান তালুকদারের ছেলে। রায়েন্দা বাজার এলাকায় তার গার্মেন্টসের দোকান রয়েছে।

মামলার মূল আসামি উপজেলার পশ্চিম খাদা গ্রামের মৃত আব্দুস ছালাম শেখের ছেলে ফরিদ উদ্দিন মানিক। বর্তমানে তিনি সৌদি আরবে রয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ মার্চ সকাল ১১টার দিকে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ও তার লোকজন রায়েন্দা এলাকায় আব্দুস সালাম ও তার ভাইদের জমি দখল করতে যান। বাঁধা দিলে ফরিদ উদ্দিন মানিকের লোকজন বাদী আব্দুস সালামের লোকজনের ওপর হামলা করে। পরবর্তীতে আব্দুস সালাম বাদী হয়ে শরণখোলা থানায় প্রবাসী ফরিদ উদ্দিন মানিকসহ চারজনের নাম উল্লেখ এবং নাম না জানা আরও ১০-১২ জনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় ওই বছরের ৩১ মে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে শরণখোলা থানা পুলিশ। পরবর্তীতে প্রবাসী ফরিদ উদ্দিন মানিক ছাড়া অন্য আসামিরা আদালত থেকে জামিন নেয়। কিন্তু প্রবাসী ফরিদ উদ্দিন মানিক গোপনে সৌদি আরব পালিয়ে যান।

মামলার বাদী আব্দুস সালাম বলেন, ন্যায় বিচারের স্বার্থে আমি মামলা করেছি। তবে প্রবাসীর পরিবর্তে অন্য ব্যক্তি আদালতে হাজির হয়ে কারাগারে যাওয়ার বিষয়টি আমাকে হতাশ করেছে। আমি আশাকরি আদালত এই ধরণের প্রতারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট অনিমা দেবনাথ বলেন, এক আসামির স্থানে অন্য আসামী আদালতে হাজির হওয়া ও জামিন নেওয়ার চেষ্টা আইনগতভাবে অনেক বড় অন্যায়। বাদীর মাধ্যমে আমরা বিষয়টি জানতে পেরেছি। ঈদের ছুটির কারণে আদালতের কার্য্যক্রম বন্ধ রয়েছে। কার্য্যক্রম স্বাভাবিক হলে বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

এদিকে বিষয়টি জানাজানি হলে, যাচাই-বাচাই করে কারাগার কর্তৃপক্ষও বিষয়টির সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা কারাগারের সুপার এ এস এম কামরুল হুদা। তিনি বলেন, বিষয়টি আদালতকে অবহিত করা হবে।

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এসএম আশরাফুল আলম বলেন, আদালতের দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে আমরা বিয়য়টি অবগত হয়েছি।