ঢাকা অফিস।।
নতুন বা পুরোনো যেকোনো কারাগার সংস্কার করলে সেখানে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গত মঙ্গলবার অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এই নির্দেশের কথা সাংবাদিকদের জানান।
রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে একনেক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে প্রকল্পগুলো সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন পরিকল্পনামন্ত্রী।
সভায় ২৪০ কোটি টাকার ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনর্র্নিমাণ’ প্রকল্পের প্রথম সংশোধনী প্রস্তাব অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে জানা গেছে। প্রকল্পটি সংশোধনের ফলে খরচ বেড়েছে ১১২ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, প্রতিটি নতুন অথবা পুরোনো কারাগার সংস্কার করলে ভার্চ্যুয়াল কোর্টের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এতে করে এক কোর্ট থেকে অন্য কোর্টে আসামি আনা-নেওয়ার ঝামেলা থাকবে না। খরচও বাড়বে না।











































