লিটন স্মৃতি সংসদের ইফতার মাহফিলে বক্তরা
সিয়াম-সাধনার মাধ্যমে প্রকৃত নেতৃত্বকে খুঁজে পাওয়া সম্ভব
খবর বিজ্ঞপ্তি
ইসলাম ধর্মের ৫টি মূল স্তম্ভের মধ্যে অন্যতম হলো রোজা। প্রত্যেক মুসলমানের জন্য রোজা একটি ফরজ (অবশ্য পালনীয়) ইবাদত। ইসলামের পরিভাষায় রোজার অর্থ হচ্ছে- সব জাগতিক আরাম-আয়েশ, মানবীয় দুর্বলতা, অপবিত্রতা থেকে দেহ এবং মনকে রক্ষা করা। ইসলাম ধর্মের অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ মাসেই পবিত্র ধর্মগ্রন্থ ‘আল কোরআন’ অবতীর্ণ হয়েছিল। রমজানের এ মাসটি হচ্ছে সহনশীলতা প্রদর্শনের মাস। এক মাসের সিয়াম সাধনার অবসান ঘটবে পবিত্র ঈদুল ফিতরের মাধ্যমে। আর এ মাসের শিক্ষা থেকেই প্রকৃত নেতৃত্বকে খুঁজে পাওয়া সম্ভব হবে।
মঙ্গলবার (১৮ এপ্রিল) নগরীর রায়পাড়া ক্রস রোডস্থ লিটন স্মৃতি সংসদ এর ইফতার পুর্ব মাহফিলে বক্তরা উপরোক্ত কথাগুলো বলেন। বক্তরা আরও বলেন আগামী ১২জুন খুলনা সিটি কর্পোরেশনে নির্বাচন। এ নির্বাচনে ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে জেড এ মাহমুদ ডনকে মনোনীত করা হয়েছে। উক্ত নির্বাচনে সকলে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। ২৪নং ওয়ার্ডকে মডেল ওয়ার্ডে রূপান্তর করতে তার সুচিন্তিত মতামত আমাদের একান্ত প্রয়োজন। অতএব তাকে নির্বাচিত করতে আমাদের সকলের এক সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
লিটন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জেড এ মাহমুদ ডন। এসময় উপস্থিত ছিলেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখআশরাফ-উজ-জামান, সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোস্তফা কামাল, সাবেক কাউন্সিলর রুমা খাতুন, এড. আবুল খায়ের, গাজী ওহেদুর রহমান টুকু, এস এম জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন, ফরিদ আহমেদ খোকন, জাকির হোসেন হাওলাদার, নিশান ইমাম বাপ্পী, মোজাহার হোসেন মজোসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন হাফেজ মো. ইয়াসিন। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজ্জাদুল্লাহ রায়হানী।
শেখ হেলাল উদ্দীন সরকারী ডিগ্রী কলেজে মুজিব নগর দিবস পালিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলাধীন শেখ হেলাল উদ্দীন সরকারী ডিগ্রী কলেজের উদ্যোগে মুজিব নগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা সোমবার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় স্বপন দাশ অডিটোরিয়াম ভবনে অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ বটু গোপাল দাসের সভাপতিত্বে ও উদযাপন পর্ষদের আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক অপূর্ব লাল সাহার উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ হোসাইন ছায়েদীন, মোঃ আমিনুক হক, কমলেশ চন্দ্র হালদার, দীপংকর রায়, সালমা খাতুন, আশেক আহমেদ, তপতি রানী ধর, মোঃ সাইদুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবসটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ‘মুজিবনগর’ হিসেবে নামকরণ করা হয়। দিবসটি সম্পর্কে শিক্ষার্থীদের ভালো ভাবে জানা প্রয়োজন এই কারনে পাঠ্য বইয়ে সংযোজন এখন সময়ের দাবী। আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নড়াইলের শাহাবাদে ভিজিএফের চাল বিতরণ
তাহের, নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে হতদরিদ্র ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতারণ করা হয়েছে। ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ৪১০টি দুস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৭ এপ্রিল) সকালে শাহাবাদ ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। এসময় ইউপি সচিব, সদস্য, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর, গ্রাম পুলিসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। চাল নিতে আসা আমেনা শাহিদা বেগমসহ আরো অনেকেই জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় ঈদ সামনে রেখে যে উপহারের চাল দিয়েছেন তা পেয়ে তারা অত্যন্ত খুশি। এর জন্য প্রধানমন্ত্রীকে তারা ধন্যবাদ জানান। শাহাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া বলেন, ইউনিয়ন পরিষদের প্রতিটা এলাকা হতে প্রকৃত ৪১০ জন হতদরিদ্র ও দুস্থদের তালিকা করে সুষ্ঠুভাবে তাদের মাঝে উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
কালিগঞ্জে বাঁশতলা বাজার যুব পরিষদের আয়োজনে ইফতার মাহফিল
কালিগঞ্জ প্রতিনিধিঃ
কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজার যুব পরিষদের আয়োজনে দেয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৮ই এপ্রিল) বিকাল ৫ টায় মৎস্য সেট সংলগ্নে অনুষ্ঠিত হয়। সাবেক ইউপি সদস্য ও বাঁশতলা বাজার যুব পরিষদ কমিটির সাধারণ সম্পাদক কামাল সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এর সঞ্চালনায়,উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি ও বাঁশতলা বাজার যুব পরিষদ কমিটির সভাপতি ইতেখারুল ইসলাম সুমন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর ইউপি সদস্য খলিল সরদার, দক্ষিণ শ্রীপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ শফিউল ইসলাম আজম। বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের সংলাপ পত্রিকার প্রকাশক তাপস কুমার ঘোষ।সহ-সভাপতি আশরাফুল ইসলাম।বিষ্ণুপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আব্দুল হাকিম।
এ সময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাঁশতলা মৎস্য আড়ত সমিতির সভাপতি নুরুজ্জামান লালু।সহ-সভাপতি আমিরুল ইসলাম,সোহেল সরদার,মোহন সরদার,সদস্য আলম,শাহাজান,বাবু, সালাম,আলিম,ইকবাল, রাকিব,বাপ্পি,কৃষ্ণনগর সাব জোনাল অফিসের ইলেকট্রিশিয়ান মনিরুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকারী সদস্য সুকুমার মন্ডল প্রমুখ।অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন বাঁশতলা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম।
সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে পরিকল্পনা তৈরি
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের দক্ষতা উন্নয়নে এবং উপকূলের সমস্যা তুলে ধরতে দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ১৮ এপ্রিল কিাল ৪:০০ টায় লিডার্স এর প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের সুযোগ্য উপজেলা চেয়ারম্যান এস. এম আতাউল হক দোলন, সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, আরও উপস্থিত ছিলেন ত্রিপাণি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ও মুন্সিগঞ্জ ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ধনঞ্জয় কুমার মিস্ত্রী, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড এর ইউপি সদস্য হরিদাস হালদার, ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, লিডার্স এর প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী, প্রকল্প সমন্বয়কারী জি. এম মোশাররফ হোসেন, মাঠ সমন্বয়কারী মোঃ শওকৎ হোসেন প্রমূখ।
দুই দিন ব্যাপী সংগঠন ব্যবস্থাপনা ও নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণে শ্যামনগর উপজেলার গাবুরা, মুন্সিগঞ্জ, ঈশ্বরীপুর ও কাশিমাড়ী ইউনিয়ন এবং কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরামের ২৬ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে উপকূলের সমস্যা নিয়ে প্রতিটি ইউনিয়নের জন্য পরিকল্পনা তৈরি করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীকে একটি করে অফিসিয়াল ব্যাগ প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, “লিডার্স এর দুই দিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে আবারও প্রমানিত হলো শিক্ষার কোন বয়স নেই। জানার ইচ্ছা থাকলে জ্ঞান বাড়ে। জলবায়ু পরিবর্তন বিষয়ে দক্ষতা বৃদ্ধি করার জন্য লিডার্স এই প্রশিক্ষণের আয়োজন করেছে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ জনগণকে এগিয়ে নিতে লিডার্স কাজ করছে। এজন্য লিডার্স এর এই ধরনের কাজকে অভিনন্দন জানাই।
বিকাশের আরো এক হুন্ডি ডিলারকে গ্রেফতার করেছে সিআইডি
নিজস্ব প্রতিবেদক
হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত থাকায় বিকাশের আরো এক এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি)।
বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) রিপোর্ট-এর উপর ভিত্তি করে মঙ্গলবার সিআইডি একটি দল নোয়াখালীর চাটখিল এলাকা থেকে এই হুন্ডি ডিলারকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।
বহুদিন থেকেই বিকাশের এই এজেন্ট এলাকায় হুন্ডি ডিলার হিসেবে কাজ করে আসছিল। তবে ঈদকে সামনে রেখে প্রবাসীরা বিদেশ থেকে আরো বেশী পরিমান রেমিটেন্স পাঠাতে শুরু করলে সাম্প্রতিক সময়ে এই এলাকায় হুন্ডি ব্যবসা আরো জমজমাট হয়ে ওঠে।
গোয়েন্দা সূত্র বলছে, গ্রেফতারকৃত এই বিকাশ এজেন্ট বিদেশের হুন্ডি ডিলারদের সাথে বহুদিন থেকেই যোগসাজশে কাজ করে আসছিল। সিআইডি সূত্র বলছে, প্রাথমিক জবানবন্দিতে এই এজেন্ট দুবাই, সৌদি আরব, সিংগাপুর, হংকং-এর হুন্ডি ডিলারদের কাজ করে থাকে বলে স্বীকার করেছে।
মূলত অবৈধ হুন্ডির রমরমার কারণেই প্রবাসীদের কষ্টার্জিত আয় ডলার হয়ে দেশে প্রবেশ করছিল না। তবে দফায় দফায় সিআইডি এবং বিএফআইইউ’র যৌথ অভিযানের কারণে আবারো রেমিটেন্সের প্রবাহ চাঙ্গা হতে শুরু করেছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে, বরাবরই চট্টগ্রাম বিভাগের বৈধ হুন্ডির একটা সিন্ডিকেট গড়ে উঠে ছিল। তবে বরবার অভিযান চালিয়ে তারা এই সিন্ডিকেটের একাধিক হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আর সে কারণেই পরিস্থিতির বেশ খানিকটা উন্নতি হয়েছে।
হুন্ডি ডিলার গ্রেফতার বিষয়ে বুধবার সিআইডি’র পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিং করা হবে বলে জানা গেছে।
এর আগে গত নভেম্বরে হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় ঢাকা ও কুমিল্লা থেকে বিকাশের কর্মকর্তাসহ ছয় জনকে গ্রেপ্তার করেছিল সিআইডি এবং পুলিশের সাইবার ক্রাইম ইউনিট।
সে সময় গ্রেফতারকৃতদের মধ্যে বিকাশের ডিস্ট্রিবিউটর সেলস অফিসার (ডিএসও) কাজী শাহ নেওয়াজ, ডিস্ট্রিবিউশন হাউজ ম্যানেজার খোরশেদ আলম, তিন বিকাশ এজেন্ট মো. ইব্রাহিম খলিল, মো. নিজাম উদ্দিন এবং মো. আজিজুল হক তালুকদারকে গ্রেফতার করে সিআইডি।
একইভাবে গত বছরের সেপ্টেম্বরেই অবৈধ হুন্ডি ব্যবসায় জড়িত থাকার অভিযোগে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম এবং সাইবার ক্রাইম ইউনিট ঢাকা এবং চট্টগ্রামে যৌথভাবে তিনটি অভিযান পরিচালনা করে বিকাশের কর্মকর্তাসহ ১৬ জনকে গ্রেপ্তার করে। এই হুন্ডি চক্রের সদস্যরা সে সময় চার মাসে ২০ কোটি ৭০ লাখ টাকা পাচার করে বলে তথ্য পাওয়া গেছে। তখন চট্টগ্রামের কোতোয়ালি থানা, ঢাকার মোহাম্মদপুর এবং খিলগাঁও মডেল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে তিনটি মামলা হয়।
আর আগস্টে চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের প্রায় ৩০০ বিকাশ এজেন্টের সিম এই অভিযোগে বন্ধ করে দেওয়া হয়। সেই অভিযোগেরও তদন্ত করেছে সিআইডি।
ফকিরহাটে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে ১জনের মূত্যু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকায় ক্ষেতে কাজ করার সময় ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে নুর ইসলাম (৬০) নামের একজন দিনমজুরের করুন মূত্যু হয়েছে। তিনি লখপুর ইউনিয়নের জাড়িয়া-মাইট কোমরা গ্রামের গিয়াস উদ্দিন শেখের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, মঙ্গলবার (১৮ এপ্রিল) আখক্ষেতে নুর ইসলাম কাজ করছিলেন। দুপুরে আখক্ষেতের পাশে ধানক্ষেতে দেওয়া ইঁদুর মারার ফাঁদে অসাবধনাতাবশত বিদ্যুতায়িত হন। স্থানীয়রা তাকে মুমুর্য অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোহতেশাম আরা জানান, ওই দিন মজুরকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসেন তার স্বজনেরা। তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসপাতালে আসার অগেই মারা গেছেন। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এঘটনায় এলাকাবাসির মধ্যে শোকের ছায়া নেমে এসছে।
মহেশপুরে এমপি চঞ্চলের উদ্যোগে ঈদ উপহার বস্ত্র বিতরণ
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে স্থানীয় এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার শাড়ি,লুঙ্গি,থ্রী পিচ ও পাঞ্জাবী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদ অডিটরিয়ামে এই বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটনের সঞ্চালনায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন,পৌর আওয়ামীগের সভাপতি অমল কুন্ডু,সাধারন সম্পাদ শেখ এমদাদুল হক বুলু,বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার প্রমুখ। এছাড়ার উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিরেন। পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গ্রামের মানুষে মাঝে ঈদ উপহার হিসাবে এ সকল বস্ত্র বিতরণ করা হয়।
শ্রম প্রতিমন্ত্রীর সফরসূচি
তথ্য বিবরনী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান আট দিনের সফরে ২০ এপ্রিল (বৃহস্পতিবার) খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২১ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত স্থানীয় জনগণের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করবেন।
তিনি ২৫ এপ্রিল সকাল ১০টায় শিববাড়ি মোড়ে খুলনা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৬ এপ্রিল বিকাল চারটায় খুলনার আড়ংঘাটার তেলিগাতি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে তেলিগাতি পূরবী সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ ও এলাকার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ২৭ এপ্রিল রাতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
কুয়েটে পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল সাড়ে ৭ টায়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ পবিত্র ঈদ-উল-ফিতর এর জামাত সকাল ০৭:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। ঈদের জামাতে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীগণ অংশগ্রহণ করবেন।
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সোবহান মিয়া ।
খুবির প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলের পিতার মৃত্যুতে উপাচার্যের শোক
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলের পিতা আব্দুর রব আকন গতকাল ১৭ এপ্রিল (সোমবার) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ জোহর নিরালা জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে নিরালা কবরস্থানে দাফন করা হয়।
এদিকে প্রকৌশলী আরিফুল ইসলাম জুয়েলের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুসসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) এস এম মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক উপ-রেজিস্ট্রার দীপক চন্দ্র মন্ডলসহ পরিষদের সদস্যবৃন্দ।
রামপালে সড়ক দূর্ঘটনায় হতাহতদের পরিবারকে জেলা প্রশাসকের অনুদান বিতরণ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
বাগেরহাট জেলা প্রশাসকের পক্ষ থেকে রামপালে নিহত ও আহতদের দুই পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্তৃক এ অনুদান বিতরণ করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম তার দপ্তরে বসে নিহত মো. আকবর আলী শেখের কন্যা নাইমা আক্তার মান্নি এবং গুরুতর আহত শেখ মানজুর হাসানের স্ত্রী নাসিমা আক্তারের কাছে অনুদানের চেক তুলে দেন। নিহতের পরিবারকে ২০ হাজার ও আহতের পরিবারকে ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মতিউর রহমান, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা উপস্থিত ছিলেন। উল্লেখ, গত ১৯ মার্চ বাগেরহাটে সড়ক দূর্ঘটনায় আকবর আলী নিহত হন ও মাঞ্জুর হোসেন আহত হয়েছিলেন।
রামপালে হিটস্ট্রোক রোগীদের জন্য “আমাদের গ্রাম” প্রকল্পের হটলাইন চালু
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে “আমাদের গ্রাম” ক্যন্সার কেয়ার প্রকল্পের পক্ষ থেকে বিনামূল্যে হিটস্ট্রোক রোগীদের স্বাস্থ্য সেবায় চব্বিশ ঘণ্টার হট লাইন চালু করেছে। মঙ্গলবার উপজেলার সড়কগুলিতে মাইকিং করে হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয়। “আমাদের গ্রাম” ক্যন্সার কেয়ার প্রকল্পের সমন্বয় কমিটির সদস্য শেখ সাদী বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র গরমে হিটস্ট্রোক রোগীদের করণীয় ও তাদের পরামর্শ প্রদানের জন্য বিনামূল্যে মোবাইল ফোনের হটলাইন চালু করা হয়েছে। কোন ব্যক্তির হিটস্ট্রোকের লক্ষ্মণ দেখা দিলে সাথে সাথে আমাদের ০১৭৩০-০১৩৭০৫ বা ০১৭৩০-০১৩৭০৬ নম্বরে যোগাযোগ করে পরামর্শ নেওয়ার সুযোগ গ্রহণের অনুরোধ করেছেন। উল্লেখ্য, আমাদের গ্রাম ক্যন্সার কেয়ার সেন্টার দীর্ঘ দিন ধরে ক্যান্সার, মাতৃ স্বাস্থ সেবা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দর্শনায় নতুন মেয়রের দায়িত্ব গ্রহণ
দামুড়হুদ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
দর্শনা পৌরসভায় নতুন পৌর মেয়র আতিয়ার রহমান হাবু দায়িত্ব ভার বুঝে নিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে দর্শনা পৌর কার্যালয়ে মেয়র হিসেবে দর্শনা পৌর এলাকার ইশ্চরচন্দ্রপুর গ্রামের মৃত শামসুল ইসলামের ছেলে উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আতিয়ার রহমান হাবু দায়িত্ব বুঝে নিলেন। গত বছর ২৭ ডিসেম্বর বড় ভাই মতিয়ার রহমান চিকিৎসারত অবস্থায় ভারতের একটি হাসাপাতালে মৃত্যুবরণ করলে পৌর মেয়র পদ শূন্য হয়।পরে ২৬ মার্চ উপনির্বাচনের দিন ধার্য থাকলে অন্য কোন প্রার্থী না হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন।
গত রবিবার ১৬ এপ্রিল তারিখে খুলনা কমিশনারের কার্যালয়ে শপথ নেবার পর তিনি মঙ্গলবার এ দায়িত্ব বুঝে নেন।
মাগুরার শালিখাতে ভার্মি কম্পোস্ট সার এর উপর দুই দিন ব্যাপি প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণ
নওয়াব আলী মাগুরাঃ
মাগুরার শালিখাতে ভার্মি কম্পোস্ট সার এর উপর দুই দিন ব্যাপি প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণ গতকাল শেষ হয়েছে। মাটির স্বাস্থ্য সুরক্ষায় কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে দুইদিন ব্যাপী প্রদর্শনী স্থাপন ও প্রশিক্ষণের গত সোমবার উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন যে, মাটির জৈব উপাদান যথাযথ মাত্রায় রাখতে ও মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করে। তিনি কৃষকদের মাঝে এই সারটি আরও জনপ্রিয় করে তুলতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এছাড়া তিনি আশা প্রকাশ করে বলেন যে, অদূর ভবিষ্যতে এই সারের ব্যাপকতা সর্বত্র ছড়িয়ে পড়বে যার সুফল ভোগ করবে দেশের আপামর জনগণ। তিনি উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদেরকে তাদের এই প্রশিক্ষণের অর্জিত জ্ঞান যথাযথভাবে কাজে লাগানোর আহবান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শালিখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রেজাউল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে তাহমিনা মিতু, উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
উক্ত প্রশিক্ষণে অনেক কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। পরে প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদনের উপকরণ বিতরণ করা হয়।
শেখ হাসিনার গাড়িবহরে হামলা // সাবেক এমপি হাবিবসহ ৪ জনের যাবজ্জীবন, ৪৪ জনের জেল
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলা মামলার তিনটি অংশের মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় চার জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং ৪৪ জনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সাতক্ষীরার স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৮ আসামিকে কাঠগড়ায় হাজির করানো হয়। এ মামলায় অ্যাডভোকেট আব্দুস সাত্তার ও আডভোকেট আব্দুস সামাদ নামের দুই আসামি জামিনে মুক্ত রয়েছেন। এছাড়া ৯ আসামি পলাতক রয়েছেন ও দুজন মারা গেছেন।
আদালতে আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন- বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার আমিনুল ইসলাম। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট আব্দুল মজিদ (২), অ্যাডভোকেট মিজানুর রহমান পিন্টু এবং বাংলাদেশ সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল প্রমুখ।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল লতিফ, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।
উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বেলা ১১টায় বিএনপির নেতাকর্মীরা কলারোয়ার দলীয় অফিসের সামনে তার গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আওয়ামী লীগের এক ডজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ নেতাকর্মীকে চার থেকে ১০ বছর মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার মূখ্য বিচারিক হাকিম হুমায়ুন কবির।
গত বছরের ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক আইনের দুটি মামলায় চার্জ গঠন করা হয়। এ মামলায় সাফাই সাক্ষ্য ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য্য করে আদালত।
ঈদে ৫ দিন বন্ধ থাকবে বেনাপোল স্থলবন্দর
বেনাপোল প্রতিনিধি
পবিত্র শবে কদর, সাপ্তাহিক ছুটি ও ঈদুল ফিতর উপলক্ষে টানা ৫ দিনের ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
জানা যায়, এই ছুটিতে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোলের সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা বলেন, বুধবার (১৯ এপ্রিল) থেকে রোববার (২৩ এপ্রিল) সরকারি ছুটি ঘোষণা হলেও মঙ্গলবার বিকেল থেকে বন্ধ হয়ে যাবে বেনাপোল-পেট্রাপোলের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম। কাস্টমস ও বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাড়িতে ঈদ করতে রওনা দেবেন। তারপর ঈদের আগের দিন ও পরের দন ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকায় বন্দর থেকে কোন পণ্য খালাস হবে না। এছাড়া অনেক আমদানিকারক ঈদের ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে যাবেন। তারা ঢাকা ফিরে না আসা পর্যন্ত কোনো পণ্য খালাস নেবে না। সব মিলিয়ে ৫ দিন ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে বেনাপোল বন্দর।
দুই দেশের সিএন্ডএফ এজেন্টস ও বন্দর সূত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) সকাল থেকে আমদানি-রপ্তানি চালু হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, ঈদের ছুটির মধ্যে বন্দর এলাকায় যাতে কোনো অপ্রীতিকর ও দুর্ঘটনা না ঘটে সে জন্য বিশেষ নজরদারি নেওয়া হয়েছে।











































