Home জাতীয় বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

বিদায়ী রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

5

ঢাকা অফিস।।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।

মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ২৪ এপ্রিল ১১টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন। তিনি দ্বিতীয় মেয়াদসহ দীর্ঘ ১০ বছরের বেশি সময় রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন।

রাষ্ট্রপতির প্রেসসচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা তাদের স্ব স্ব বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান। তারা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ ও উন্নয়নে রাষ্ট্রপতির সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য তাকে (রাষ্ট্রপতি) কৃতজ্ঞতা জানান তিন বাহিনী প্রধানরা।

রাষ্ট্রপতি বলেন, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের জন্য সম্মান বয়ে এনেছে। সশস্ত্র বাহিনী আমাদের গৌরব ও ঐতিহ্যের প্রতীক উল্লেখ করে আবদুল হামিদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগসহ যে কোনো প্রয়োজনে সবসময় তারা জনগণ পাশে দাঁড়িয়েছে। এছাড়াও বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে অংশ নিয়ে তারা বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। এসময় বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন। বাসস