নিজস্ব সংবাদদাতা বেনাপোল।।
ভারতে পাচারের সময় যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ১৩ কেজি ১৪৩ গ্রাম ওজনের ৬১ টি সোনার বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। জব্দকৃত সোনার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা বলে জানান তিনি।
আজ মঙ্গলবার (০৪ এপ্রিল) রাতে কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থান থেকে তাদের আটক করা হয়।
আটক ৩ জন হলেন-নড়াইল জেলার লোহাগড়া থানার বড়দিয়া গ্রামের আলেক মোল্লার ছেলে জাহিদুর রহমান (৪৫) ও একই এলাকার ইনসান কাজীর ছেলে হৃত্তিক কাজী (২০) এবং যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের ইউনুচ আলীর ছেলে বেল্লাল হোসেন (২৩)।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. তানভির রহমান পিএসসি জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার বার পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন ধরনের খবর পেয়ে বিজিবির একটি বিশেষ টিম কায়বা সীমান্তের গাজীর কায়বা সাহেবের ব্রীজ নামক স্থানে অভিযান চালায়। সীমান্তগামী একটি মোটরসাইকেল সহ তিনজন পাচারকারীকে আটক করা হয়। পরে মোটরসাইকেলটি আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে তল্লাশি করে মোটর সাইকেলে লুকিয়ে রাখা অবস্থায় ৬১ পিস সোনার বার জব্দ করা হয়।যার ওজন ১৩ কেজি ১৪৩ গ্রাম এবং সিজার মূল্য ১১ কোটি ২০ লাখ টাকা।
তিনি আরও জানান, আটক ৩ জনকে শার্শা থানায় সোপর্দ করা হয়। জব্দকৃত সোনা যশোর কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হয়েছে।











































