বেনাপোল প্রতিনিধি ।।
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গাজীপাড়া গ্রামের জব্বারের মোড় নামক এলাকা দিয়ে ১৩টি স্বর্ণের বিস্কুট ভারতে পাচারের সময় এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। পাচারকারী কামরুজ্জামান ওরফে কামরুল (৩৩) কুদরত উল্লাহ সর্দারের ছেলে।
বিজিবি জানায়, একজন স্বর্ণ পাচারকারী বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে গোগা গ্রামের গাজীপাড়া এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় গোগা ক্যাম্পের একটি টহল দলের বিজিবি সদস্যরা তাকে গতিরোধ করে।
এ সময় তার দেহ তল্লাশি করে কোমরে লুকিয়ে রাখা ১৩ পিস স্বর্ণের বিস্কুট পাওয়া যায়। যার ওজন এক কেজি ৫৫৬ গ্রাম। বাজার মূল্য এক কোটি ৩১ লাখ টাকা।
২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি বলেন, আটক কামরুলের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে। স্বণের্র চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হয়েছে বলে জানান তিনি।











































