Home আঞ্চলিক পটুয়াখালীতে চেয়ারম্যান পদ হারালেন সোনিয়া

পটুয়াখালীতে চেয়ারম্যান পদ হারালেন সোনিয়া

39

খুলনাঞ্চল রিপোর্টার।।

দায়িত্বে চরম অবহেলাসহ ইউনিয়ন পরিষদ সদস্যদের নানা অভিযোগ ও অনাস্থা প্রস্তাবে পদ হারিয়েছেন পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়া।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, ২ নম্বর বদরপুর ইউনিয়নের চেয়ারম্যান তানজিন নাহার সোনিয়ার বিরুদ্ধে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বন্ধ রাখা, ট্যাক্সের টাকার হিসাবে মিল না থাকা, গ্রাম আদালতের কার্যক্রম বন্ধ রাখা, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কার্যক্রম বন্ধ রাখাসহ উদ্যোক্তাদের সাথে চরম দুর্ব্যবহার ও ইউপি সচিবের কার্যক্রমে বাধা দেওয়াসহ নানা অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেন ওই ইউনিয়ন পরিষদের এগারো সদস্য।

তাদের অনাস্থার বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া ও অনাস্থা প্রস্তাব দুই-তৃতিয়াংশের বেশি হওয়ায় প্রস্তাবটি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন অনুযায়ী অনুমোদিত হয়। ফলে চেয়ারম্যানিত্বের পদটি শূন্য ঘোষণা করা হয়।

 

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক মো: শরীফুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বদরপুর ইউনিয়ন চেয়ারম্যান পদ শূন্য করার চিঠি পেয়েছি, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওই ইউনিয়নে নতুন নির্বাচনের প্রক্রিয়া নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১১ ই নভেম্বর,২০২১ইং তারিখে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তানজিন নাহার সোনিয়া।