ঢাকা অফিস।।
পুলিশ পরিচয় দিয়ে বইমেলায় চাঁদাবাজির অভিযোগে কারাগারে ঠাঁই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই ছাত্রলীগ নেতার। তারা হলেন- ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন ওরফে নবীন। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী। অপরজন মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমেনুল ইসলাম ওরফে ইমন। তিনি বাংলা বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাদের গ্রেপ্তার করা হলেও শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে কয়েকজন শিক্ষার্থী বইমেলায় ঘুরতে যান। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে গেলে সেখানে থাকা রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এসময় তাদের সবার মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এতে তারা চিৎকার দিলে দায়িত্বরত পুলিশ এগিয়ে আসে। ঘটনাস্থল থেকে হাতে নাতে তাদের আটক করে পুলিশ।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করলে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন। একইসঙ্গে অভিযুক্তদের কারাগারে পাঠানোর আদেশ দেন।











































