খুলনাঞ্চল রিপোর্ট।।
জয়পুরহাট সরকারি কলেজের সামনে বারোঘাটি পুকুরপাড়ে চার তরুণীর মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য: দুই তরুণীর সঙ্গে এক তরুণের প্রেমের সম্পর্ক। এক তরুণী বান্ধবীসহ এবং আরেক তরুণী বোনসহ এসে বিষয়টি নিয়ে কথা বলার একপর্যায়ে মারামারিতে জড়িয়ে পড়েন। ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বোরকা পরা দুই তরুণী শাড়ি পরা দুই তরুণীকে মারধর করছেন, চুলের মুঠি ধরে টানা-হেঁচড়া করছেন। তাদের মারামারির দৃশ্য কয়েকজন তরুণ মোবাইলে ধারণ করেন। পথচারীরা তরুণীদের মারামারি থামান। পরে তারা দ্রুত ঘটনাস্থল ছেড়ে যান। প্রত্যক্ষদর্শী মৃধা, স্বচ্ছ, পিয়াস, হাসান, জিমসহ বেশ কয়েকজন যুবক একই সুরে বলেন, ‘আমরা বিকেলে কলেজের সামনে বারোঘাটি পুকুর পাড়ে আড্ডা দিচ্ছিলাম। বিকেল পৌনে ৫টার দিকে শাড়ি পরা দুই তরুণী বারোঘাটি পুকুর পাড়ে আসেন। সেখানে আগে থেকে বোরকা পরা দুই তরুণী অপেক্ষা করছিলেন। চার তরুণী কথা বলছিলেন। কয়েক মিনিট পর তাদের মধ্যে মারামারি শুরু হয়। আমরা এক তরুণীকে চিনেছি। তিনি জয়পুরহাট সরকারি কলেজের স্নাতকের ছাত্রী। দুই তরুণীর এক তরুণের সঙ্গে প্রেম করা নিয়ে এ অবস্থা বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি।’
এদিকে ঘটনার একদিন পর রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার দিকে মোবাইলে বারোঘাটি পুকুর পাড়ের চার তরুণীর মারামারির বিষয়ে কিছু তথ্য দিয়েছেন জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম।
তিনি জানান, এসএসসি ফেল করা এক যুবকের সঙ্গে এক তরুণীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন পর ওই তরুণীর সঙ্গে সম্পর্ক শেষ হলে অন্য এক তরুণীর সঙ্গে ওই যুবকের আবারও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে দুই তরুণীই একজন করে সঙ্গী নিয়ে এসে শনিবার বিকেলে বারোঘাটি পুকুরপাড়ে মারামারিতে লিপ্ত হয়। তবে এ বিষয়ে থানায় এখনও কেউ লিখিত অভিযোগ না দিলেও, বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।










































