Home জাতীয় বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি-হাতকড়া, ক্ষোভ

বীর মুক্তিযোদ্ধার কোমরে রশি-হাতকড়া, ক্ষোভ

10

খুলনাঞ্চল রিপোর্ট।।
নাশকতার মামলায় গ্রেপ্তার নরসিংদীর শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু ছালেক রিকাবদারকে হাতকড়া ও কোমরে রশি বেঁধে আদালতে নেওয়ায় নিন্দা জানিয়েছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। আবু ছালেক রিকাবদারকে গত শুক্রবার রাতে তার বাড়ির সামনে থেকে গ্রেপ্তার করে শিবপুর থানা পুলিশ। শনিবার বিকেলে তাকে নরসিংদীর আদালতে পাঠানো হয়। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। শিবপুর থানা থেকে আদালতে নেওয়ার সময় দেখা যায়, অন্য আসামির ন্যায় আবু ছালেক রিকাবদারের হাতে হাতকড়াসহ কোমরে রশি বাঁধা। আদালত প্রাঙ্গণে তোলা আবু ছালেক রিকাবদারের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালিব খান বলেন, ‘আমি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এভাবে কোমরে রশি বেধে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে।’

শিবপুর থানার যুদ্ধকালীন কমান্ডার প্রফেসর আব্দুল মান্নান খান বলেন, ‘আবু ছালেক রিকাবদার একজন বীর মুক্তিযোদ্ধা। তাকে গ্রেপ্তার করে হাতে হাতকড়াসহ কোমরে রঁশি বেধে ন্যাক্কারজনক কাজ করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধাদের অপমান করা হয়েছে। আমি এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি।’ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির বলেন, ‘এটা খুবই দুঃখজনক। একজন বীর মুক্তিযোদ্ধার হাতে হাতকড়া পড়ানোর পরও কোমরে রশি বাঁধা লজ্জার।’ এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, ‘আবু ছালেক রিকাবদারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। কোমরে রশি বাঁধার বিষয়টি আমার জানা নেই। তার সঙ্গে যারা ছিল তারা বলতে পারবে।’