Home আঞ্চলিক কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে বাস থামিয়ে মারধর লুটপাটের অভিযোগ

কালীগঞ্জের বারোবাজার নামক স্থানে বাস থামিয়ে মারধর লুটপাটের অভিযোগ

9

বিশেষ প্রতিনিধি ॥
সবদলের অংশ গ্রহনে নিরপেক্ষ সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে খুলনায় বিএনপির বিভাগীয় সমাবেশে যাওয়ার পথে বাস থামিয়ে নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া জেলার দৌলতপুর থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা এ অভিযোগ করেন।
কুষ্টিয়া জেলা বিএনপি’র নেতৃবৃন্দের অভিযোগ, খুলনার বিএনপি’র সমাবেশে যাওয়ার পথে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজারে পৌছলে প্রথমে তাদের বাস থামানো হয়। এ সময় লাঠিসোঠা, হকিস্টিক দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তাদের ১২ টি বাসের কমপক্ষে ৪০/৫০ জনকে আহত করে ও কাছে থাকা টাকা পয়সা লুট করে। বেশ কয়েকটি গাড়িও ভাংচুর করে। হামলায় আহতদের মধ্যে রকি হোসেন, আব্দুস শুকুর, আকিব হোসেন, বাহাদুর, আমজেদ হোসেন, নাসির হোসেন, পাঞ্জু শেখ ও লিটন হোসেন অন্যতম। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ, যশোর হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আহত বিএনপি নেতা আব্দুস শুকুর জানান, শনিবার সকালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে বিএনপি’র নেতাকর্মিদের ১২টি বাস ও ১০টি মাইক্রোবাসে নিয়ে খুলনার উদ্দেশ্যে যাত্রা করেন। পথিমধ্যে বারবাজার এলাকায় পৌঁছলে লাঠিসোঠা হাতে একদল লোক তাদের গতিরোধ করে। কয়েকটি বাস থেকে নামিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ৫০ জনের অধিক নেতাকর্মিকে জখম করে। কয়েকটি গাড়িও ভাংচুর করে আটকিয়ে রাখা হয়। নেতাকর্মিদের অনেকেই প্রাণভয়ে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন গ্রামের মধ্যে আশ্রয় নেয়। পায়ে হেঁটে অনেকে যশোর সড়ক দিকে চলে যান। ঘটনাস্থলে আহত চলাচলে অযোগ্য গুরুতর আহত কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।

কুষ্টিয়ার দৌলতপুরের সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা বেলাল হোসেন জানান, প্রথমে ৫০/৬০ জনের একটি দল তাদের বাসের সামনে এসে গতিরোধ করে। তাদের হাতে চাপাতি, লাঠিসোটা, হকিস্টিক, ধারালো অস্ত্রপাতি ছিল। এ সময় তিনি বাস থেকে নেমে কথা বলতে গেলে তাকে মারধর করা হয়। প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে উঠে পেটাতে থাকে। পরে বাস থেকে নেতাকর্মীদের নামিয়ে বেধড়কভাবে পিটিয়ে আহত করা হয়েছে। তাদের গাড়ি গুলো আটকিয়ে রাখা হয়। প্রায় ৮০০ নেতাকর্মীর বহরে সন্ত্রাসী হামলায় বেশির ভাগই মারধরের শিকার হয়েছেন। তবে তাদের মধ্যে অর্ধ শতাধিক গুরুতর আহত। তিনি বলেন,এটাই বাকশালীদের চরিত্র। যা ন্যাক্কারজনক।
মোয়াজ্জেম হোসেন নামের এক যুবদলের কর্মি জানান, হামলা করে নির্যাতন করে মানুষের থামিয়ে রাখা যাবে না।
বারবাজার পুলিশ ক্যাম্পের এসআই হায়াত মাহমুদ জানান, তিনি বারবাজার বাস স্ট্যান্ডে যাত্রীদের মাঝে ঝামেলা হওয়ার খবর পেয়েছেন। কিন্তু তারা বিএনপি কর্মী কিনা জানেন না। তারপরও খবর নিচ্ছি।
তবে এ ব্যাপারে জানতে কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্যা জানান, এমন খবর তার জানা নেই।