Home আঞ্চলিক খুলনায়ও মুখোমুখি আ.লীগ-বিএনপি

খুলনায়ও মুখোমুখি আ.লীগ-বিএনপি

8

স্টাফ রিপোর্টার।।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার খুলনায় ‘বিভাগীয় সমাবেশ’ করছে বিএনপি। ঠিক একই দিনে ‘শান্তি সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে খুলনা মহানগর আওয়ামী লীগ। সিলেটের মতো খুলনায়ও একই দিনে দুই দলের কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক অঙ্গনে। পুলিশ বলছে, একই দিনে ও সময়ে দুই দলের পাল্টাপাল্টি সমাবেশের কথা মাথায় নিয়ে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

খুলনা মহানগর আওয়ামী লীগ সূত্র জানায়, আজ বেলা ৩টায় নগরীর শিববাড়ি মোড়ে তাদের শান্তি সমাবেশ হবে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় দলের বিশেষ বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে বিশেষ ওই বর্ধিত সভা পরিচালনা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

তালুকদার আব্দুল খালেক বলেন, ‘৪ ফেব্রুয়ারি আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। এ সমাবেশকে জনস্রোতে পরিণত করে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দিতে হবে। খুলনায় শান্তি সমাবেশের কথা শুনে বিএনপি নেতাদের মাথা খারাপ হয়ে গেছে। সমাবেশকে কেন্দ্র করে তারা নানাবিধ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করেছে। তাদের এ ষড়যন্ত্রকে সফল হতে দেয়া যাবে না।’

মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ জানান, শান্তি সমাবেশ সফল করার জন্য তাদের নানাবিধ প্রস্তুতি চলছে।

অন্যদিকে খুলনা মহানগর বিএনপি সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার দুপুরে শহীদ হাদিস পার্কসংলগ্ন কেসিসি মার্কেটের সামনে তারা সমাবেশ করবে। এর আগে বিএনপি নেতারা সমাবেশের জন্য সোনালী ব্যাংক চত্বর ও শহীদ হাদিস পার্কের যেকোনো একটি স্থান বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু খুলনা সিটি করপোরেশন (কেসিসি) তাদের কেসিসি মার্কেটের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, ‘একদিকে পুলিশ আমাদের সমাবেশ ঘিরে নেতা-কর্মীদের বাড়ি তল্লাশি ও হয়রানি করছে, অপরদিকে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ আহ্বান করেছে। কিন্তু বিএনপি শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করে। তাই খুলনায় শান্তিপূর্ণ সমাবেশ হবে। সমাবেশে খুলনা বিভাগের বিএনপি, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেবেন। এরই মধ্যে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিসংবলিত লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে।’

অনুম‌তি পাওয়ার পর সমাবেশস্থলে শুক্রবার জুমার নামাজের পর থেকে মাইক টাঙানো শুরু করেছে বিএনপি। দলটি বলছে, কেসিসি মার্কেট ও জেলা পরিষদের সামনের সড়কে থানার মোড় অভিমুখী সমাবেশ মঞ্চ নির্মাণ করা হবে। খুলনা মহানগর ও জেলাসহ বিভাগের অন্য সব জেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশে যোগ দেবেন।

খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (মিডিয়া সেলের দায়িত্বে) মিজানুর রহমান মিল্টন জানান, খুলনা বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যরা।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন বলেন, ‘শনিবার যেহেতু দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ, তাই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পোশাকধারী পুলিশের একাধিক ইউনিট ও সাদাপোশাকে গোয়েন্দা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান করবেন। তাই তেমন কোনো ঝামেলা হবে না।’