Home জাতীয় অহিংস পথে বড় আন্দোলন গড়তে চায় বিএনপি

অহিংস পথে বড় আন্দোলন গড়তে চায় বিএনপি

14

ঢাকা অফিস।।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ দশ দফা দাবিতে চলমান আন্দোলনকে অহিংস পথে আপাতত এগিয়ে নিতে চায় বিএনপি। দাবি আদায় করতে এ পথ ধরেই বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চায় দলটি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা  বলেন, দলের তৃণমূল থেকে কঠোর কর্মসূচি দেওয়ার ব্যাপারে চাপ আছে। কিন্তু ১০ ডিসেম্বর ঢাকা সমাবেশে প্রত্যাশা পূরণ না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ভর করেছে। এ অবস্থায় বিএনপির মূল লক্ষ্য ঢাকাসহ সারাদেশের নেতাকর্মীদের উজ্জীবিত করে চূড়ান্ত আন্দোলনে যাওয়া। তারা মনে করেন, হঠকারী সিদ্ধান্ত নিয়ে কঠোরা আন্দোলনে নেমে ব্যর্থ হলে বিএনপিকে বড় ধরনের মাশুল দিতে হবে। এ বিষয়ে দলের নীতিনির্ধারকরা সতর্ক।

অহিংস আন্দোলনের চিন্তা থেকে পূর্বঘোষণা অনুযায়ী, রাজধানীতে গত শনিবার থেকে চার দিনের নীরব পদযাত্রা কর্মসূচি শুরু করেছে বিএনপি। অন্যদিকে দলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি একযোগে ঢাকাসহ ১০ বিভাগে সমাবেশ করবে বিএনপি। এ কর্মসূচিতে বড় ধরনের জমায়েত ঘটাতে সংশ্লিষ্ট বিভাগের দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় দপ্তর থেকে।

পদযাত্রা কর্মসূচি ঢাকায় বিএনপি এককভাবে আয়োজন করছে। কিন্তু বিভাগীয় সমাবেশ যুগপৎভাবে করা হচ্ছে। এ কর্মসূচি সফল করা এবং পরে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা যায় তা নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমমনা দল ও জোটের সঙ্গে বৈঠক করছেন। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গতকাল রবিবার ১২-দলীয় জোট ও শুক্রবার সাত-দলীয় জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে বৈঠক করেন। যুগপৎ আন্দোলনে থাকা বাকি দল ও জোটের সঙ্গেও তিনি বৈঠক করবেন। আজ সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে। এ বৈঠকে নতুন কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দলের প্রতিটি কর্মসূচিতেই নেতাকর্মীদের পাশাপাশি বিপুলসংখ্যক সাধারণ জনগণ অংশ নিচ্ছেন। আরও মানুষকে সংগঠিত করে রাজপথে নিয়ে আসা আমাদের সবার দায়িত্ব। অন্য কোনো উপায় নেই। উপায় একটাই, জনগণকে সম্পৃক্ত করে জনগণের অভ্যুত্থানে এ সরকারকে বিদায় করা।’

আগামী ৪ ফেব্রুয়ারির বিভাগীয় সমাবেশ সফল করতে কঠোর বার্তা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গত শুক্রবার দলের বিভাগীয় সাংগঠনিকদের সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক থেকে এ বার্তা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এ কর্মসূচি সফল করার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের নেতাদের কার কী ভূমিকা তা ‘মূল্যায়ন প্রতিবেদন’ আকারে সমাবেশ শেষে সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকদের কাছে দিতে নির্দেশনা দেওয়া হয়েছে। জানতে চাইলে ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ বলেন, ‘আমাদের এখন মূল টার্গেট নেতাকর্মীদের উজ্জীবিত করা, সাধারণ মানুষকে আন্দোলনের সঙ্গে আরও বেশি পরিমাণ সম্পৃক্ত করা। ইতোমধ্যে সে লক্ষ্যে আমাদের কার্যাক্রম চলছে।’

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা বলেন, আগামী ৪ ফেব্রুয়ারি ১০ বিভাগীয় সমাবেশ থেকে গতানুগতিক ধারার বাইরে ব্যতিক্রমধর্মী কর্মসূচি দেওয়া হতে পারে। বিএনপির দপ্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের গতি-প্রকৃতি ধরন দেখে আমাদের পরবর্তী কর্মসূচি নির্ধারণ হবে। এ বিষয়ে দলের স্থায়ী কমিটি সিদ্ধান্ত নেবেন।’

তবে দলের গুরুত্বপূর্ণ এক নেতা  বলেন, আগামী মার্চে দেশে বড় ধরনের জ্বালানিসহ নানা ধরনের সংকটের আশঙ্কা করছে বিশেষজ্ঞদের। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যেদিকে যাচ্ছে, তাতে করে নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে করে সাধারণ মানুষ আরও ক্ষুব্ধ হয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। পরিস্থিতি বুঝে বিএনপিও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আন্দোলনে যেতে পারে।

আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ বিভাগীয় সমাবেশ প্রসঙ্গে রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আমরা বড় জমায়েতের মাধ্যমে এ সমাবেশ সফল করতে চাই। বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলন চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানের জন্য জনগণকে সম্পৃক্ত করতে আমাদের কার্যক্রম অব্যাহত রেখেছি। প্রতিটি সমাবেশে অতীতের চেয়েও বেশি জনসমাগম হবে বলে আশা করছি।’

এদিকে, রাজধানীতে চার দিন নীরব পদযাত্রা কর্মসূচি গত শনিবার থেকে শুরু হয়েছে। প্রথম দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। প্রায় সোয়া চার কিলোমিটার সড়ক হেঁটে সুবাস্তু নজর ভ্যালি থেকে আবুল হোটেল পর্যন্ত এ কর্মসূচিতে দলের মহাসচিব মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। আজ সোমবার দ্বিতীয় দিনে বেলা ২টায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে পদযাত্রা শুরু হবেব, শেষ হবে শ্যামপুরে। আগামীকাল মঙ্গলবার গাবতলী টার্মিনাল থেকে মিরপুর-১ হয়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত ঢাকা উত্তর বিএনপি এবং বুধবার মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা দক্ষিণ বিএনপি।

আলোচনাসভায় জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান ফখরুলের:

অন্যদিকে গতকাল রবিবার বিকালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের প্রত্যাশা, সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। এদেশ কারও পৈতৃক বা ব্যক্তি সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে- তা হতে পারে না। আমাদের রুখে দাঁড়াতে হবে, আমাদের দায়িত্ব পালন করতে হবে।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক এ আলোচনাসভা হয়। ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব কায়সার কামালের পরিচালনায় সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, সুপ্রিমকোর্ট ইউনিটের আবদুল জাব্বার ভুঁইয়া, কামরুল ইসলাম সজল, ঢাকা বার ইউনিটের মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী প্রমুখ।

আইনজীবীদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনাদের উপরে দেশের জাতির অনেক আশা, অনেক আকাক্সক্ষা। আজকে সময় চাচ্ছে, যুগ চাচ্ছে, জাতি চাচ্ছে, আপনারা এগিয়ে আসুন। সামনে এগিয়ে এসে সামনে থেকে নেতৃত্ব দেন। এটা আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা।’ আইনজীবীদের বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখাটি আরও ভালোভাবে পর্যালোচনা করার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।-

সুত্র -আমাদের সময়