
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে পটগান অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে মানব পাচার প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে রূপান্তর খুলনার পরিবেশনায় আকর্ষনীয় পটগান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ চত্বরে এ পটগানের আয়োজন করা হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে রাইট যশোরের সহযোগিতায়, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর বাস্তবায়নে, কোরিয়ান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্ট (কোইকা) এর অর্থায়নে ও রূপান্তার খুলনার পরিবেশনায় পটগাট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। রূপান্তর থিয়েটার দল ব্যবস্থাপক সুজয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম ও আনসার ভিডিপি কর্মকর্তা হোসনেয়ারা খাতুন। নিরাপদ বিদেশ যেতে করনীয়, মানব পাচার প্রতিরোধে করনীয়তা সম্পর্কে বিস্তারিত তথ্য সম্বলিত পটগান পরিবেশ করেন থিয়েটারের শিল্পী সমীরণ বিশ্বাস, স্বপন রায়, বাসুদেব বিশ্বাস, সুজয় কুমার দাশ, আখি আক্তার, নিবেদিতা মন্ডল, সেজুতি মন্ডল, জেনিথ বাড়ই প্রমুখ।
অনুষ্ঠানে প্রকল্পের আওতায় নিরাপদ আশ্রয় সহায়তা, চিকিৎসা সহায়তা, মনোসামাজিক কাউন্সিলিং, আইনী সহায়তা, জীবন দক্ষতা, আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের সাথে সংযুক্তিতে সহয়তা প্রদান, বিমানবন্দরে চাহিদা অনুযায়ী তাৎক্ষণিক সহায়তা ও নিরাপদে বিদেশ যাওয়া সংক্রন্ত সব ধরণের তথ্য সহায়তাসহ ১১ প্রকারের কাজ করা হয়ে থাকে। এসব তথ্য উপস্থাপনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনির মহিষাডাঙ্গা বাজারে সার্টার ভেঙ্গে চুরির চেষ্টা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা বাজারে দোকানের সার্টার ভেঙে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে কে বা কারা এ চুরির চেষ্টা চালিয়েছে।
দাদপুর গ্রামের আনসার উদ্দিন বিশ্বাসের ছেলে ইউছুপ আলী ওরফে ছট্টু জানান, বাজারে তার আল মদিনা ভ্যারাইটি স্টোর নামে ব্যবসা প্রতিষ্ঠান আছে। শনিবার রাত ১০ টার দিকে তিনি দোকানে তালা দিয়ে বাড়িতে আসেন। রাতের কোন এক সময় চোরেরা সার্টার ভেঙে চুরির চেষ্টা করে। রবিবার ভোর ৬ টার দিকে দোকানে গিয়ে দেখেন সাটারের উপরের দিক থেকে ভেঙে নিচে নামানো এবং তালা ভাঙার চেষ্টা করা হয়েছে। তাবে কোন মালামাল নিতে পারেনি। স্থানীয় গনেশ মন্ডল তাকে জানিয়েছেন, ঘটনার রাত ২ টার দিকে গান শুনে ফেরার সময় ইউছুপ আলী ওরফে ছট্টুর দোকানের সামনে তিনি দুজন লোক দেখতে পান। লোক দুটি তাকে (গনেশকে) দেখে ঘটনাস্থান ত্যাগ করেন। এ সময় ডাকাডাকি করে কাউকে না পেয়ে তিনি বাসায় চলে আসেন।
রূপসায় শোকাহত পরিবারের পাশে জেলা আওয়ামী লীগ নেতা জামাল
খবর বিজ্ঞপ্তিঃ
সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান প্রিন্স এর পিতা সামছুর রহমান মোল্যা (১০৩) এর মৃত্যুর সংবাদ শুনে রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের শিরগাতীস্থ বাসভবনে ছুটে যান খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ জামিল খান, সরদার জাকির হোসেন, বিধান চন্দ্র রায়, মোঃ ফারুক হোসেন, প্রবীর দাস, বদরুল আলম তয়ন, মোঃ আল আমিন প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
কলারোয়ায় অসহায় মানুষের পাশে দাড়ালেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন
সোহাগ হোসেন কলারোয়া প্রতিনিধি
ঠান্ডা বাতাসের দাপট আর মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠান্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিুআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন। তিনি কলারোয়ার অসহায় গরিব মানুষের কথা চিন্তা করে কলারোয়া উপজেলা পরিষদ ও পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে সাড়ে ৯শ শীত বস্ত্র কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন-ইউপি সদস্য খায়রুল ইসলাম, রহিমা বেগম কাজল, পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন ও জেলা পরিষদ সদস্যর পিএ মিঠু ও জনি। শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে জেলা পরিষদ সদস্য আলহাজ্ব শেখ আমজাদ হোসেন বলেন, আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমি অপনাদের পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে এই শীত বস্ত্র কম্বল নিয়ে এসেছি।
ফকিরহাটে নিখোঁজ হওয়ার একসপ্তাহ পর কলেজ ছাত্র অনিকের লাশ উদ্ধার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে একটি মৎস্যঘের থেকে ভাসমান অর্ধগলিত অবস্থায় অনিক অধিকারী (১৭) নামের এক কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করেছেন মডেল থানা পুলিশ। সে গত একসপ্তাহ ধরে নিখোঁজ ছিল বলে জানিয়েছেন তার পরিবার। রোববার (২৯ জানুয়ারি) বিকেল ৩টার বেতাগা ইউনিয়নের বিঘাই এলাকার প্রতীপ অধিকারীর মৎস্যঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবী তাকে হত্যা করা হয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলেও প্রাথমিকভাবে ধারনা করছেন পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরের দিকে স্থানীয়রা ওই মৎস্যঘেরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘের থেকে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়। এসময় অনিকের পরিবার ও স্থানীয়রা মরদেহের পরিচয় শনাক্ত করেন। অনিক অধিকারী উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে। সে টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শেণির ছাত্র। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. রবিউল ইসলাম শামীম, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলেজ ছাত্রের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান। তিনি বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। অনিক অধিকারী গত ২২শে জানুয়ারি (রোববার) বাড়ি থেকে নিখোঁজ হন। #
ফকিরহাটের পিলজঙ্গের কংগ্রেস মোড়ের অদুরে ছিনতাই সংগঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের পিলজংগ কংগ্রেস মোড়ের অদুরে ফাতেমা বেগম নামের একজন ভ্যান যাত্রীর নিকট থেকে একটি ভ্যানেটি ব্যাগ ছিনতাই করে পালিয়েছে অজ্ঞাত একজন মটর সাইকেল চালক। রবিবার (২৯জানুয়ারী) বিকেল ৫টায় দিকে কংগ্রেস মোড়ের অদুরে অবসরপ্রাপ্ত দারোগা দুখু মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর এই ছিনতায়ের ঘটনা ঘটে। ফাতেমা বেগম পিলজংগ ৬নং ওয়ার্ডের বেহারা পাড়ার তৈয়েব আলীর কন্যা ও রুপসার জাবুসা গ্রামের মোঃ রুবেল শেখ এর স্ত্রী। তিনি বাবার বাড়ীতে বেড়াতে আসছিলেন।
ভুক্তভোগী ফাতেমা বেগম জানান, তিনি তার মা ফুলু বেগমকে সাথে নিয়ে জাবুসা থেকে একটি ভ্যান যোগে বলাই ঘোষের দোকানের সামনে দিয়ে পিলজংগ ইউনিয়ন পরিষদের দিকে আসছিলেন। তিনি যখন কংগ্রেস মোড়ের অদুরে অবসরপ্রাপ্ত দারোগা দুখু মিয়ার বাড়ীর সামনে আসের এসময় পিছন থেকে একটি ডিসকভার মটর সাইকেলে আসা একজন ব্যক্তি তার হাতে থাকা ভ্যানেটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ভ্যানেটি ব্যাগে ১জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের চেইন ও ১জোড়া রোপার পায়ের তোড়া। যার আনুমানিক মুল্য প্রায় ৬০হাজার টাকা। এরির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নী বলে ভুক্তভোগীর মামা আব্দুস সালাম বেহারা জানিয়েছেন।
তালায় পিক-আপের ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত
ইলিয়াস হোসেন, তালা(সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় পিক-আপের ধাক্কায় আইয়ুব আলী(৫৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) সন্ধায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের মদনপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত আয়ুব আলী উপজেলার লক্ষ্মণপুর গ্রামের মৃত নবাব আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শী সিকন্দর হোসেন জানান, রোববার বিকেলে আইয়ুব আলী তালা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। পথিমধ্যে মদনপুর এলাকায় পৌছালে দ্রুতগামী একটি পিকআপ পিছন দিক থেকে আয়ুব আলীর মোটরসাইকেল ধাক্কা দিয়ে চলে যায়। এসময় ঘটনাস্থলে নিহত হয় আয়ুব আলী। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে।
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
আব্দুল করিমের মৃত্যুতে বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা মহানগর শোক বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা ও মহানগর আওয়ামীলীগের কার্যালয় অফিস সহায়ক আব্দুল করিম হৃদরোগ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহে……রাজিউন)। তার অকাল মৃত্যুতে খুলনা নগরীতে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বঙ্গবন্ধু সৈনিকলীগ খুলনা এর নেতৃবৃন্দ। বিবৃতি প্রদানাকারী নেতৃবৃন্দ হলেন সংগঠনের খুলনা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক এম আসাদুজ্জামান মুন্না, সহ সভাপতি মোঃ মহিদুল ইসলাম নান্নু, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী, দৌলতপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ লিয়াকত আলী, সদর থানার সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টু, খালিশপুর থানার সভাপতি হুমায়ুন কবীর নিয়াজী, নগর সহ সভাপতি মোঃ সালাম মোড়ল, মোঃ জাহিদুল ইসলাম হিরু, মোঃ শেখ জাহাঙ্গীর হোসেন, তালুকদার সহিদুল ইসলাম, গোলাম মোস্তফা কবির, শ্রীমান বাবু, মোঃ ফিরোজ মিয়া, কাজী দাউদুল হক, মোঃ সুমন সেলিম, মোঃ আরিফুল ইসলাম, মোঃ সুমন সেলিম, মনিরুল ইসলাম মনি, নিভা বিশ্বাস, মশিউর রহমান মিলন, ইঞ্জিঃ শান্তুনু বৈরাগী, ৭ নং ওয়ার্ড সভাপতি আলহাজ্ব ইব্রাহীম হোসেন টুকু, সাধারন সম্পাদক শেখ সেনু, বীর মুক্তিযোদ্ধা শওকত হোসেন, সোনিয়া নাজনীন লাজ, ডাঃ সেলিম রেজা, সঞ্চিতা রায়, ফরহাদ হোসেন, কমান্ডার কাজী আলী আজম, নিরুপমা রায়, আনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আসাদ আলী, বিশ্বজীত কুমার মন্ডল, মোঃ ইফতিখার হোসেন দিপু, মোঃ মিজানুর রহমান, শিউলি আক্তার, লিটন মোল্যা, মোঃ নুর ইসলাম, প্রবীর বাবু, মাহাবুবুর রহমান, মোঃ সুমন, মোঃ ইজাজ আহম্মেদসহ নেতৃবৃন্দ।
খেলাধুলার মাধ্যমে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায়:খালেক
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করা শিক্ষার্থীর কর্তব্য ও দায়িত্ব। খেলাধুলার মধ্যদিয়ে নিজের জীবনকে প্রতিষ্ঠা করা যায় এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করা সম্ভব।
মেয়র রবিবার বিকালে জিলা স্কুল মাঠে ৫১তম উপ-আঞ্চলিক স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সিটি মেয়র বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার সাথে সাথে গুরুত্বের সাথে লেখাধুলা করা দরকার। শারীরিকভাবে অসুস্থ থাকলে কর্মময় জীবন লাভ করা যায় না। সরকার খেলাধুলাকে গুরুত্ব দিয়ে জেলা ও উপজেলায় স্টেডিয়াম নির্মাণ করেছে। ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অনুপ্রাণিত করতে হবে। খেলাধুলা শরীর গঠনের অন্যতম মাধ্যম। খেলার জয় ও পরাজয় মেনে নিয়েই শিক্ষার্থীদের সামনে এগুতে হবে।
খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের উপপরিচালক খোঃ রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের আঞ্চলিক পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। পরে সিটি মেয়র বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বাগেরহাটে এসএসসি ফরম পূরণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রের আত্মহত্যা!
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় আসন্ন এসএসসি পরীক্ষার ফরম পূরণে ব্যর্থ হয়ে সুজন সিকদার (১৫) নামের এক স্কুলছাত্র হতাশাগ্রস্থ হয়ে আত্মহত্যা করেছে।রবিবার (২৯ জানুয়ারি) সকালে ছেলেটি বাড়ীর বসতঘরের এক কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করেছে।সুজন সিকদার উপজেলার গাড়ফা গ্রামের মিঠু সিকদারের ছেলে এবং সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।
ছেলেটি পিতা মিঠু সিকদার ও মাতা পান্না বেগম বলেন, আমাদের ছেলে সরকারি ওয়াজেদ মেমোরিয়াল স্কুলে বিজ্ঞান বিভাগে ১০ম শ্রেণির ছাত্র। তাকে স্কুলের শিক্ষকরা আসন্ন এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে দেয়নি। বিষয়টি পরে বোর্ডের নির্দেশনা পেলেও পূর্ব রাগের কারণে তার ফরম পূরণ করানো হয়নি। এতে সে মানসিকভাবে হতাশাগ্রস্থ হয়ে পড়ে। শনিবার রাত ১১ টার দিকে সে তার কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়ে। রবিবার ভোরে দেখা যায় ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায়। রাতের যে কোনো সময় সে আত্মহত্যা করেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, আমরা লাশ উদ্ধার পূর্বক সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করতে না পেরে হতাশাগ্রস্থ হয়ে সে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রাথমিক অবস্থায় মোল্লাহাট থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, আমরা কোনো শিক্ষার্থীর উপর রাগ রাখি না। বোর্ডের নির্দেশের পর সে ফরম পূরণের জন্য স্কুলে আসে নি। এজন্য তার ফরম পূরণ করা হয়নি
বাগেরহাট টিভি জার্নালিস্ট এ্যাসোসিয়েশনে বিষ্ণু সভাপতি, ইয়ামিন সম্পাদক নির্বাচিত
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের মুজিববর্ষ হলরুমে সংগঠনের সভাপতি নীহার রঞ্জন সাহার সভাপতিত্বে দ্বিবার্ষিক সাধারন সভায় একাত্তার টিভির বাগেরহাট জেলা প্রতিনিধি বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তিকে সভাপতি ও যমুনা টিভির বগেরহাট জেলা প্রতিনিধি মো. ইয়ামিন আলীকে সাধারন সম্পাদক করে সর্বসম্মতভাবে ৯ সদস্যের নতুন কমিটি ঘোষনা করেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাকী তালুকদার ।
আগামী দুই বছরের জন্য বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচিত এই কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি ডিবিসি নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি ইসরাত জাহান, যুগ্ন সাধারন সম্পাদক বাংলা ভিশনের মোল্লা মাসুদুল হক, অর্থ সম্পাদক আরটিভির এস এম সামছুর রহমান। নির্বাহী কমিটির সদস্যরা হলেন বিটিভির নীহার রঞ্জন সাহা, মাছরাঙ্গা টিভির শওকত আলী বাবু, নিউজ ২৪ টিভির শেখ আহসানুল করিম এবং সময় টিভির আলী আকবর টুটুল।
এরআগে দ্বিবার্ষিক সাধারন সভায় বিদায়ী কমিটির সাধারন সম্পাদক শওকত আলী বাবু বাগেরহাট টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নতুন গঠনতন্ত্র উপাস্থাপন করলে তা সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়।
বাগেরহাটে তাঁতীলীগের উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাট জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী এর সার্বিক সহযোগিতায় পৌরসভার ১ নং ওয়ার্ড তাঁতী লীগের উদ্দ্যোগে শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বোল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ১নং ওয়ার্ড তাঁতীলীগের অফিসে কম্বোল বিতরণ অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা তাঁতীলীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক সজীব শিকদার, বাগেরহাট পৌর তাঁতীলীগের সভাপতি খান জাহাঙ্গীর হোসেন মিঠু,সাধারন সম্পাদক আরাফাত মীর, যুগ্ম সাধারন সম্পাদক রুবেল হাওলাদার, ১ নং ওয়ার্ড তাঁতীলীগের সভাপতি সেকেন্দার আলী, সাধারন সম্পাদক আফতাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
বটিয়াঘাটায় গঙ্গারামপুর ইউনিয়নে সরকারি রাস্তার উপর রোপণ কৃত গাছ কেটে নেওয়ার অভিযোগ
বটিয়াঘাটা প্রতিনিধি
বটিয়াঘাটার গঙ্গারামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ওয়াপদার পাশে সরকারি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে বন আইনে উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা বরাবর সমিতির পক্ষ থেকে গনস্বাক্ষরিত এক অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার গঙ্গারামপুর এলাকার কিছু জনগণ সামাজিক বনায়ন সমিতির মাধ্যমে ওয়াপদার পাশের গাছের চারা রোপণ করে। কিন্তু ওই এলাকার ওমর আলী ও বেল্লাল মিলে একটি গাছ কেঁটে নিয়ে যায়। এব্যাপারে ভূক্তভোগী সমিতির পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বন কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করেছে। বন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে গাছ কর্তনের সত্যতা মিলেছে।
পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ ব্যবসাহীকে ৬ মাসের জেল ও জরিমানা
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ ব্যবসায়ীকে ছয় মাসের জেল- জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে হরিঢালী ইউনিয়নের উত্তর সলুয়া বায়তুছ সালাম জামে মসজিদের সামনে দাঁড়িয়ে থাকা উত্তর সলুয়া গ্রামের মৃত পাগল মজলিস এর ছেলে মোঃ আঃ হাকিম মজলিসের (৬০) গতিবিধি সন্দেহ জনক হলে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টিম তাঁর দেহ তল¬াশি চালায়। এ সময়ে আঃ হাকিম মজলিস এর নিকট থেকে ৫ পলি প্যাকেট (৫০গ্রাম) গাঁজা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতে আসামিকে মাদক আইনে ছয় মাসের জেলসহ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। এসময়ে উপস্থিত ছিলেন জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ বদরুল হাসান, পেশকার মোঃ ইব্রাহীম হোসেন, আনসার সুচিন সহ সঙ্গীয় ফোর্স।
পাইকগাছা লেখক পরিষদের মুখপাত্র পরিচয় এর মোড়ক উন্মোচন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা লেখক পরিষদের মুখপাত্র পরিচয় এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বইটি সম্পর্কে বিশদভাবে আলোকপাত করেন পরিচয় এর সম্পাদক সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দিন ফিরোজ বুলু, বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার সরকার, কাজী তোকারেম হোসেন, আঃ গফুর, আঃ মান্নান, আঃ রহমান ও আঃ মাজেদ, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে ও মোঃ খালেকুজ্জামান, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী শিক্ষা অফিসার ঝংকর ঢালী, পিআইও ইমরুল কায়েস, এসআই মোশাররফ হোসেন, লেখক এ্যাড. শফিকুল ইসলাম কচি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধান,লেখক পঞ্চানন সরকার, নলিনী কান্ত সানা, জি এম ইমদাদ, পল¬ী চিকিৎসক নরেন্দ্রনাথ বিশ্বাস সহ উপজেলার লেখক পরিষদের সদস্যবৃন্দ।
খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম সাধারণ সভা
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের ১৮তম সাধারণ সভা রবিবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী অধ্যাপক অসিত বরণ ঘোষ, বঙ্গবন্ধু পরিষদ-খুলনার সাবেক সভাপতি ডা. কাজী হামিদ আসগর, খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল আহাদ মোড়ল, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্রাকটিশনার্স এ্যাসোশিয়েশন-খুলনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ডা. শওকত আলী লস্কর, বাংলাদেশ আওয়ামী লীগ-রামপাল উপজেলা শাখার সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোত্তালিব, বীর মুক্তিযোদ্ধা শেখ ওবায়দুল্লাহ রন, খুলনা আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ারটেকার আব্দুল করিম রাঢ়ী-এর মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া সভায় খুলনা মহানগরীর উন্নয়নে একনেক সভায় ৪’শ ৯১ কোটি ২৮ লক্ষ ৬১ হাজার টাকার ‘‘জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় খুলনা শহর এলাকার উন্নয়ন (ফেজ-২)’’ প্রকল্পের অনুমোদন দেয়ায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি কেসিসির পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সভায় সভাপতির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক গুণগত মান বজায় রেখে সম্ভব দ্রুততম সময়ের মধ্যে নগরীতে চলমান কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলেন, খুলনার উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর এ মহানুভবতা কাজে লাগিয়ে খুলনার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। করোনা সংক্রমণের কারণে পূর্বের প্রকল্পসমূহ বাস্তবায়নে কিছুটা বিলম্ব হলেও নতুন প্রকল্পটি যথাসময়ে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন।
সভায় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে জমি অধিগ্রহণ, চলমান উন্নয়ন কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করার লক্ষ্যে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রেখে রাতে কাজ চলমান রাখা, মশক নিধনকল্পে কার্যকর ব্যবস্থা গ্রহণ, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় বটিয়াঘাটা এলাকায় গ্যারেজ নির্মাণ, নগরীর শেখপাড়া বাজার সংলগ্ন শহীদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয়ের যাতায়াতের গলি পথটি প্রশস্তকরণ, কেসিসি’র ভাতায় পরিচালিত স্কুল ও মক্তবের শিক্ষকদের সম্মানী বৃদ্ধি ও মাস্টাররোলভুক্ত কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, মোঃ আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া রহমান শুনুসহ কাউন্সিলর, সংরক্ষিত আসনের কাউন্সিলর, কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম।
খুবির এফএমআরটি ডিসিপ্লিনে প্রফেসর দিপক কামাল
মেমোরিয়াল স্কলারশিপ প্রদান ও নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি) ডিসিপ্লিনের আয়োজনে ২৯ জানুয়ারি (রবিবার) সকালে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রফেসর দিপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ প্রদান এবং বিকেল ৩টায় একই স্থানে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৮ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে ইনডোর গেমস ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
সকালে অনুষ্ঠিত প্রফেসর দিপক কামাল মেমোরিয়াল স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। তিনি এই ট্রাস্ট থেকে প্রাপ্ত ১১ জন শিক্ষার্থীর মধ্যে স্কলারশিপ বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. ইফতেখারুল আলম ও মরহুম প্রফেসর দিপক কামালের স্ত্রী ডা. হেনা খাতুন।
অপরদিকে বিকেলে একই স্থানে নবীনবরণ, বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান লিমন ও এফএমআরটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. ইফতেখারুল আলম। সভাপতিত্ব করেন এফএমআরটি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. গোলাম সরোয়ার। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. খন্দকার আনিছুল হক। বিজয়ীদের নাম উপস্থাপনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শাহিন পারভেজ।
শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ১৮ ব্যাচের শামিম হাসান, ১৯ ব্যাচের সানজিদা ইসলাম লিনা ও ২২ ব্যাচের স্বস্তিকা মন্ডল। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
খুবির সিএসই ডিসিপ্লিনে রিসার্চ পোস্টার ডে ও নবীনবরণ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
২৯ জানুয়ারি (রবিবার) খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে আন্ডারগ্রাজুয়েট রিসার্চ প্রেজেন্ট অনুষ্ঠান ‘রিসার্চ পোস্টার ডে ২০২৩’ অনুষ্ঠিত হয়। সিএসই ডিসিপ্লিনের করিডোরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. কামরুল হাসান তালুকদার। উদ্বোধন করেন সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. আবু শামীম মোহাম্মদ আরিফ। ডিসিপ্লিনের সকল শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে দুপুর ১টা পর্যন্ত ১৪টি রিসার্চ পেপার প্রেজেন্ট করা হয়।
অপরদিকে পরে ২২ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও ১৮ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
খুবিতে বেসিকস্ অব জব প্রিপারেশন এন্ড জব
হান্টিং প্রসেস শীর্ষক কর্মশালা আজ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘বেসিকস্ অব জব প্রিপারেশন এন্ড জব হান্টিং প্রসেস’ শীর্ষক এক কর্মশালা আজ ৩০ জানুয়ারি (সোমবার) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯.১৫ মিনিটে আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।
উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ৯.৩০ থেকে বিকেল ৩.৩০টা পর্যন্ত ৪টি সেশনে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সনদপ্রাপ্ত প্রশিক্ষক ইমরান নওয়াজ খুরশিদ, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুল জব্বার খান ও এটুআই প্রোগ্রামের জাতীয় কনসালটেন্ট মুহাম্মদ শামীম কিবরিয়া। ফিডব্যাক গ্রহণ করবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম। কর্মশালায় বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট ফাইনাল ইয়ার ও মাস্টার্স প্রোগ্রামের মোট ২০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ইন্দুরকানী সরকারী কলেজের অফিস কক্ষে চুরির ঘটনা
ইন্দুরকানী(পিরোজপুর) সংবাদদাতাঃ
পিরোজপুরের ইন্দুরকানী সরকারী কলেজের অফিস কক্ষে চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সদরে অবস্থিত ইন্দুরকানী সরকারী কলেজের অফিস কক্ষ সহ সাতটি কক্ষের দরজা, ১০টি আলমারি ও ২টি ফাইলকেবিনেটের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটে । কলেজসূত্রে জানা যায়, অফিসের গচ্ছিত ফাইল গুলো তছনছ করে ৮৬টি এমপিও সিট সহ গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যায় ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিব কুমার সাহা জানান, রাতে আধারে কক্ষ গুলো ভেঙ্গে গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যায়। এব্যাপারে ইন্দুরকানী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মহেশপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে মহেশপুর সরকারী মডেল পালট মাধ্যমিক বিদ্যালয় চত্তরে এ সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সাংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃতি শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জসিম উদ্দিন খান,সাবেক কৃতি শিক্ষার্থী খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক এমরান হোসেন, সাবেক কৃতি শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ইমতিয়াজ ইসলাম,মহেশপুর সরকারী মডেল পালট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,সহকারী প্রধান শিক্ষক আক্তারুজ্জামান,শাহারিয়ার টিপু সুলতান প্রমুখ।
অনুষ্ঠান শেষে ১২০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে তাঁতীলীগের সভাপতির অভিযোগ
বিএনপির দুই নেতার ষড়যন্ত্র ও মিথ্যা মামলায় দিশেহারা আওয়ামী কর্মী-সমর্থকরা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলার উত্তর রাজাপুর এলাকার মোস্তফা গাজী ও ইউপি সদস্য হেলাল সরদার নামে স্থানীয় দুই বিএনপির নেতার অব্যাহত ষড়যন্ত্রে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলা তাঁতীলীগের সভাপতির মো. জাকির হোসেন খান। তার পরিবার ও স্থানীয় আওয়ামী কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বিএনপির ওই চক্রটি। রবিবার দুপুর ১২টায় শরণখোলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তাঁতীলীগের ওই সভাপতি।
উপজেলা তাঁতীলীগের সভাপতি জাকির হোসেন খান লিখিত বক্তব্যে বলেন, গত ৩ জানুয়ারি রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা গাজীকে অজ্ঞাত ব্যক্তিরা মারধর করে। তখন হামলাকারীদের কাউকেই তিনি চিনতে পারেননি বলে জানান। কিন্তু এই বিষয়টি পুঁজি করে বিএনপি সমর্থক ও রায়েন্দা ইউনিয়নের ১নম্বর উত্তর রাজাপুর ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল সরদার ষড়যন্ত্রে লিপ্ত হন। ঘটনার ২২দির পর গত ২৫ জানুয়ারি আমার ও আমার দুই ভাইসহ এলাকার ছয় জনের নামে মোস্তফা গাজীর মেয়ে ইসরাত জাহান মৌকে বাদী করে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করান ইউপি সদস্য হেলাল সরদার।
জাকির হোসেন খান আরো বলেন, আমার বাবা মৃত আবুল খান একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমি ও আমার পরিবারের সবাই আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি দুইবার ১নম্বর উত্তর রাজাপুর ওয়ার্ডের মেম্বার ছিলাম। তৃতীয়বার নির্বাচনে দাড়ালে বিএনপি নেতা হেলাল সরদার উপজেলা আওয়ামীলীগের কতিপয় নেতার আর্শিবাদ পেয়ে আমাকে জোরপূর্বক প্রার্থী থেকে সরিয়ে দেন। এখন ওই বিএনপি নেতা আমার ও আমার পরিবারসহ এলাকার নিরিহ আওয়ামী সমর্থকদের ওপর নির্যাতন-নিপিড়ন শুরু করেছেন।
তিনি বলেন, আমি উপজেলা তাঁতীলীগের সভাপতি হয়েও তার ষড়যন্ত্রে হাত থেকে রেহাই পাচ্ছিনা। তার কর্মকান্ডে স্থানীয় আওযয়ামীলীগের সাধারণ কর্মী-সমর্থকদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আমি দলীয়ভাবে এবং প্রশাসনের কাছে বিএনপি নেতা হেলাল সদর ও মোস্তফা গাজীর বিচার দাবি করি। ##
বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের উপর ন্যাক্কারজনক
হামলার ঘটনায় খুলনা বিভাগের ৩১টি প্রতিষ্ঠানের প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
গতকাল বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, বেলা’র অন্যান্য কর্মকর্তা ও সাংবাদিকদের উপর আক্রমন, তাদের বহনকারী গাড়ী আটকে রাখার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিভাগের ৩১টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি, ২০২৩ তারিখ চট্টগ্রাম নগরে আকবরশাহ এলাকায় বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয়েছে । এ সময় তার সফরসঙ্গী বেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। বেলা দেড়টার দিকে আকবরশাহ থানাধীন লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কেটে ভরাট করা ছড়া পরিদর্শনের সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল আলম ওরফে জসিমের নেতৃত্বে তাঁর অনুসারী দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ঘটনার সময় তারা ছুরি কিরিচ, দা প্রভৃতি দেশীয় ধারালো অস্ত্র বহন করছিল। এর আগে কাউন্সিলরের লোকজন প্রতিনিধি দলের গাড়িটি আটকে রেখেছিল। পরে পুলিশ এসে গাড়ি ছাড়িয়ে নেয়। উল্লেখ্য উত্তর পাহাড়তলীতে অবৈধ পাহাড় কাটার অভিযোগে অভিযুক্ত কাউন্সিলর জসিমের বিরুদ্ধে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর ইতোমধ্যে একটি মামলাও দায়ের করেছে আকবর শাহ থানায়। এর আগেও ২০১৫ সালে তার বিরুদ্ধে আরো একটি মামলা করেছিল পরিবেশ অধিদপ্তর। এ আক্রমনের ঘটনার ব্যাপারেও আকবরশাহ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
পরিবেশ, মানবাধিকার ও অধিকার ভিত্তিক সংগঠনগুলো প্রায়শই এ ধরনের অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট এলকা পরিদর্শন করে প্রকৃত ঘটনা সংবাদ মাধ্যম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তুলে ধরে তাদের নাগরিক দায়িত্ব পালন করে আসছে। তাই অধিকার ভিত্তিক সংগঠনের উপর এ ধরনের ন্যক্কারজনক হামলার ঘটনা উদ্বেগজনক এবং এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দোষীদেরকে চিহ্নিত করে তাদের বিরূদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন খুলনা বিভাগের বিভিন্ন সংগঠন। এক যৌথ প্রতিবাদী বিবৃতিতে এ ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত অপরাধীদের গ্রেফতার ও দ্রুত বিচারের মাধ্যমে উপযুক্ত শাস্তির ব্যবস্থা, ঘটনার অন্তরালে যারা আছে তাদেরও চিহ্নিত করে গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত এবং ভবিষ্যতে কোন দখলদার, পাহাড়খেকো, নদীখেকো ও ভূমিদস্যু যেন এ ধরণের ঘটনা ঘটাতে সাহস না দেখায় তার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। খুলনা বিভাগের যে সকল প্রতিষ্ঠান এমন ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন তারা হলেন পরিবেশ সুরক্ষা মঞ্চ, খুলনা নাগরিক সমাজ, বানিশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটি, লবণ জল প্রতিরোধ কমিটি, ভবদহ পানি ণিষ্কাশন ও কৃষিজমি রক্ষা জোট, খুলনা বেলা নেটওয়ার্ক, সুশাসনের জন্য নাগরিক (সুজন), সচেতন নাগরিক কমিটি (সনাক), মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন, জলবায়ু অধিপরামর্শ ফোরাম, পানি ও পরিবেশ রক্ষা কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস), আইআরবি, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি),নিজেরা করি, কোস্টাল লাইভলিহুড এন্ড এনভায়রনমেন্টাল একশন নেটওয়ার্ক (ক্লীন), হিউম্যানিটি ওয়াচ, ছায়াবৃক্ষ, লিডার্স, কোষ্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি), গতি-খুলনা, সুন্দরবন ফাউন্ডেশন-সাতক্ষীরা, প্রগতি সমাজকল্যাণ সংস্থা, পরিবর্তন-খুলনা, পাজিয়া সমাজ কল্যাণ সংস্থা-কেশবপুর-যশোর, প্রভা-সাতক্ষীরা, জয়-সাতক্ষীরা, মৌমাছি-আশাশুনি-সাতক্ষীরা, মিডা-কালিগঞ্জ-সাতক্ষীরা, সীমান্ত উন্নয়ন সংস্থা-কলারোয়া-সাতক্ষীরা। যৌথ বিবৃতিতে প্রতিষ্ঠানসমূহ পরিবেশ ও মানবাধিকার সুরক্ষায় নিবেদিত কর্মীদের নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ইতিবাচক পদক্ষেপ ও উদ্যোগ গ্রহলেন দাবি জানিয়েছেন।
কপিলমুনিতে ‘বন্ধু- ৮৩’ সংগঠনের যুগ্ম আহবায়কের মাতার মৃত্যু বার্ষিকী পালিত
নিজস্ব সংবাদদাতা, কপিলমুনি(খুলনা)
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের ১৯৮৩ সালের এস এস সি ব্যাচের সংগঠন ‘বন্ধু- ৮৩’ র যুগ্ম আহবায়ক মানবতার ফেরিওয়ালা ডাঃ স, ম গোলাম আজমের মা রহিমা খাতুনের চতুর্থ মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান গত শনিবার দুপুর ১টায় নিজ বাস ভবন মাছিয়াড়ায় অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন আশাশুনি থানার হেল্থ কমপ্লেক্সের স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ মিজানুল হক, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাংবাদিক শেখ আব্দুল গফুর, বন্ধু খাঁন মতলেব হোসেন, মোঃ কামাল হোসেন, মহেশ্বর সাহাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদের ইমাম মোঃ ইবাদুল হোসেন। দোয়া অনুষ্ঠান শেষে সাতক্ষীরা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ স, ম গোলাম আজম তার ব্যক্তিগত তহবিল থেকে নগদ ১০ হাজার টাকা হাউলী গ্রামের হতদরিদ্র ভ্যান চালক কন্যা দায়গ্রস্ত পিতা জিল্লুর রহমানকে দান করেন। এ সময় ডাঃ স,ম গোলাম আজমের পক্ষ থেকে ১০ হাজার টাকা জিল্লুর রহমানের হাতে তুলে দেন সাংবাদিক শেখ আব্দুল গফুর।
খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
‘এখনই কাজ করি, কুষ্ঠ রোগ নির্মূল করি’ এই প্রতিপাদ্য নিয়ে রবিবার বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়। এ উপলক্ষ্যে খুলনা সদর হাসপাতাল প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিভিল সার্জন অফিস ও জিও-এনজিও নেটওয়ার্ক কমিটি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে কুষ্ঠ বিশেষজ্ঞ ডাঃ আনোয়ারুল আজাদ, বেসরকারি উন্নয়ন সংস্থা পিনোনে’র প্রজেক্ট অ্যান্ড মেডিকেল ডিরেক্টর ডাঃ রবের্তা, নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ কাজী আবু রাশেদ, ডাঃ সহবেদ কুমার অধিকার, কুষ্ঠ হাসপাতালের প্রোগ্রাম অফিসার এসকে ফারুক, সিএসএস’র হোসনে আরা, মোঃ খালেকুজ্জামানসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ।
অতিথিরা বলেন, সরকার দেশকে কুষ্ঠ মুক্ত করতে কাজ করে যাচ্ছে। সরকারি এবং বেসরকারিভাবে সকল হাসপাতালে কুষ্ঠরোগীর বিনামূল্যে চিকিৎসার সুব্যবস্থা রয়েছে। কুষ্ঠ প্রাচীনতম রোগগুলোর একটি। কুষ্ঠ রোগীর প্রতি কোন বৈষম্য রাখা যাবে না। কুষ্ঠরোগী শনাক্ত করে চিকিৎসা দিতে হবে। কুষ্ঠ হলে নিয়মিত ঔষুধ সেবন করলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কুষ্ঠরোগীকে সকলের সহযোগিতা করতে হবে। যার যার অবস্থান থেকে কাজ করলে কুষ্ঠরোগ নির্মূল করা সম্ভব। প্রতি বছর বাংলাদেশে চার হাজার মানুষ কুষ্ঠরোগে আক্রান্ত হচ্ছে।
উল্লেখ্য, কুষ্ঠরোগের প্রাথমিক লক্ষণ চামড়ায় হালকা বাদামি বা ফ্যাকাশে অথবা লালচে অবশ দাগ, দানা বা গুটি কিংবা চামড়া মোটা হয়ে যাওয়া।
অনুষ্ঠানে অতিথিরা দিবসটি উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এর আগে খুলনা সদর হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে চিকিৎসক, নার্স, বিভিন্ন এনজিওর প্রতিনিধি ও বিভিন্ন পেশাজীবিরা অংশগ্রহণ করেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
তথ্য বিবরণী
জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও তাদের সন্তানদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রবিবার সকালে খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী এ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, শিক্ষার্থীর শরীর গঠনের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা। ক্রীড়ার মাধ্যমে একটি সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। পড়াশুনার পাশাপাশি খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে। মন ভাল না থাকলে শরীর ভাল থাকবে না। শিক্ষার্থীর মনের বিকাশে সকল ধরণের খেলাধুলা করা প্রয়োজন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীগেট বাজারের ব্যবসায়ি কাজী খলিলের পিতার ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব কেন্দ্রীয় কমিটির পরিচালক, জাগ্রত খুলনা ব্লাড ডোনার্স ক্লাবের আহবায়ক, ফুলবাড়ীগেট বাজারের সততা ইলেকট্রনিক্স এর স্বত্তাধীকারী বিপ্লবী কাজী খলিলের পিতা কাঠ ব্যবসায়ি কাজী আলতাফ হোসেন গতকাল (রবিবার) বিকাল ৫ টায় ফুলবাড়ীগেট পুর্ব সেনপাড়া নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মূত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৫) তিনি ২ পুত্র ৬ কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখেছেন। আজ সকাল ১০ টায় ফুলবাড়ীগেট বাসষ্টান্ডে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। এদিকে বিপ্লবী কাজী খলিলের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ ও মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলবাড়ীগেট বাজার বনিক সমিতির সভাপতি ও খুলনা মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, কেসিসি ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান লিংকন, ০২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মুকুল, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাব, জাগ্রত খুলনা ব্লাড ডোনার্স ক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো কালিগঞ্জ দলিল লেখক সমিতির বার্ষিক বনভোজন
কালিগঞ্জ সাতক্ষীরা
শনিবার সকাল ৮ টা হতে সন্ধ্যাবধি কালিগঞ্জ দলিল লেখক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বনভোজন। উপজেলা সাবরেজিস্টার অফিস, সাংবাদিক, দলিল লেখক সমিতি, সেরেস্তাদারসহ তাদের পরিবারবর্গের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠিত বনভোজনে সকলেই উপভোগ করেছেন অনাবিল আনন্দ। সাতক্ষীরার ঐতিহ্যবাহী সুন্দরবনে লঞ্চযোগে ভ্রমন ও আকাশলীনা ইকো টুরিজমে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্মাননা ক্রেষ্ট প্রদান ও নাটক “বাঁচাও সুন্দরবন” অনুষ্ঠিত হয়েছে। কালিগঞ্জ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক নুর আব্দুল বিশ্বাসের সভাপতিত্বে ও সহ সভাপতি খাঁন ইকবাল হোসেন এর সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ সাবরেজিস্টার মঞ্জুরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি ও সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্লাহ বাচ্ছু ও সদস্য শেখ আব্দুল করিম মামুন হাসান, আশেক মেহেদী, শেখ আর নুর আহমেদ ঈমন ও আলমগীর হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন কালিগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি রামচন্দ্র চক্রবর্তী, সহ সভাপতি খাঁন আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক নাট্যাভিনেতা গোলাম আইয়ুব জুলু, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে উপজেলা সাবরেজিস্ট্রি অফিসের কর্মকর্তা মঞ্জুরুল হাসানকে কালিগঞ্জ দলিল লেখক সমিতির পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
মৃত বাঘের চামড়া সংরক্ষণ ও কংকালের স্কেলিটন তৈরি করেছেন বনবিভাগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
দীর্ঘ এক বছর প্রচেষ্টার ফলে বাঘের একটি স্কেলিটন তৈরি করতে সক্ষম হয়েছেন বনবিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা। সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর এলাকায় ২০২২ সালের ২৯ জানুয়ারী বয়স্কজনিত কারণে মারা যাওয়া বাঘটির এ স্কেলিটন করা হয়।
সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির জানান, বয়স্কজনিত কারণে গত বছরের ২৯জানুয়ারী মারা যাওয়া বাঘটির চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে একটি স্কেলিটন তৈরির উদ্যোগ নেয় বনবিভাগ। এরপর থেকেই কাজ শুরু করে পুরো এক বছর লেগেছে মেডিসিন দিয়ে চামড়া সংরক্ষণ ও হাড়গোড় দিয়ে স্কেলিটন (বাঘের অভায়ভ) তৈরিতে। চামড়া ও স্কেলিটন’র দীর্ঘ স্থায়িত্ব করার জন্যই ধাপে ধাপে প্রক্রিয়াজাত করায় লম্বা সময় লেগেছে। ভবিষ্যতে বাঘের এ চামড়া ও কংকালের স্কেলিটন দর্শনার্থীদের পরিদর্শনের জন্য করমজল ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে রাখা হবে। তবে কবে থেকে করমজলের ইন্টারপিটিশন ও ইনফরমেশন সেন্টারে এগুলো রাখা হবে তার সময় এখন নির্ধারণ করতে পারেনি বনবিভাগ।
রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সাম্প্রতিক সময়ের বহুল আলোচিত রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল ও মেশিনারী পণ্য নিয়ে রাশিয়া থেকে আসা বিদেশী জাহাজ ‘এম,ভি আনকা সান’ ও এম,ভি সাপোডিলা মোংলা বন্দরে ভিড়েছে। রবিবার বিকেল পৌনে ৫টার দিকে বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে আনকা সান ও সন্ধ্যা ৭টায় ৮ নম্বর জেটিতে ভিড়ে সাপোডিলা।
মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার ক্যাপ্টেন শাহীন মজিদ জানান, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইলেকট্রিক্যাল মালামাল নিয়ে ভেনুটা পতাকাবাহী জাহাজ এম,ভি আনকা সান রবিবার বিকেল পৌনে ৫টায় মোংলা বন্দরের ৭নম্বর জেটিতে ভিড়েছে। ১হাজার ৯৭৯ প্যাকেজের ১হাজার ৪শ মেট্টিক টন ইলেকট্রিক্যাল পণ্য নিয়ে গত ২৬ ডিসেম্বর রাশিয়ার নভরস্কি বন্দর থেকে ছেড়ে আসে এ জাহাজটি। এছাড়া রাশিয়ার সেন্ট পিটারসবার্গ বন্দর থেকে ৪৩৬ প্যাকেজের ৫১৮ মেট্টিক টন মেশিনারী পণ্য নিয়ে সন্ধ্যা ৭টায় বন্দরের ৮নম্বর জেটিতে ভিড়ে বিদেশী জাহাজ এম,ভি সাপোডিলা।
বিদেশী জাহাজ আনকা সান’র স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী ও সাপোডিলা’র স্থানীয় শিপিং এজেন্ট ইন্টারপোর্ট’র খুলনার ম্যানেজার অসিম মন্ডল জানান, বন্দর জেটিতে অবস্থান নেয়া এ জাহাজ দুইটি হতে রবিবার সন্ধ্যার পর অর্থাৎ রাত থেকে পণ্য খালাস শুরু হবে। এরপর জাহাজের এ পণ্য খালাস করে জেটিতে রাখা হবে। তারপর সোম/মঙ্গলবার থেকে তা সড়ক পথে নেয়া হবে রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে গত ২২ জানুয়ারী রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল বিদেশী জাহাজ এম,ভি কামিল্লা। অবশ্য এ জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞার আওতামুক্ত।
উল্লেখ্যে, সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রুপপুরের মালামাল পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে রুপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এম,ভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি তখন। ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভিড়ার সিডিউল ছিলো। কিন্ত মার্কিন নিষেধাজ্ঞায় তা আর সম্ভব হয়নি। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। যা মুলত মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। #
দাকোপ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপ প্রেসক্লাবের ২০২৩ সালের সাধারণ পরিষদের সভা রবিবার বেলা ১১ টায় ক্লাবের হল রুমে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি মহিদুল ইসলাম শিপন ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোজাফফর হোসেনের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। সভায় ক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন উপলক্ষে তারিখ নির্ধারনের জন্য আলোচনা ও ক্লাবের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। সাধারণ সভায় উপস্থিত থেকে বক্তব্য করেন সাবেক সভাপতি শচিন্দ্রনাথ মন্ডল, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন সাব্বির, সাবেক সম্পাদক জি এম রেজা, সাবেক সহ-সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, সহ-সভাপতি কুুমারেশ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক জি.এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সাবেক কোষাধ্যক্ষ বিধান চন্দ্র ঘোষ, দীপক সরদার, সদস্য গাজী আবুল বাশার, এস,এম মামুনুর রশিদ, সোহাগ আহমেদ, প্রবীর রায় বাপ্পী, প্রমুখ। সভায় কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি সহপাঠি এই বন্ধুর দ্রুত সুস্থতা কামনা করে দাকোপ প্রেসক্লাবের সকল সাংবাদিকরা তার জন্য দোয়া করেন এবং নির্বাচিত সদস্য মজনু ফকিরের বিদেশ যাত্রা শুভ হোক এর জন্য সকল সাংবাদিক তার মঙ্গল কামনা করে দোয়া করেন।
আড়ংঘাটা অনির্বাণ সংঘের সাধারণ -সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি :
ঐতিহ্যবাহী আড়ংঘাটা অনির্বাণ সংঘের সধারন সভা গত শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সংঘ ভবনে অনুষ্ঠিত হয়। সভায় সংযের সিনি: সহ সভপতি শ ম শফির সভাপতিত্বে অনির্বাণ সংঘের সাধারণ সম্পাদক ও রোটারিয়ান মোঃ মতলুবুর রহমান মিতুলের পরিচালনায় বার্ষিক বনভোজন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী ১১ই ফেব্রুয়ারি নড়াইল চিত্রা রিসোর্ট অনির্বাণ সংঘের বার্ষিক বনভোজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সহ ক্রিয়া সম্পাদক মোঃ মইনুল ইসলামকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট একটি বনভোজন বাস্তবায়ন কমিটি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লুৎফর রহমান, মিনা নজরুল ইসলাম, হারুন মোড়ল, অরুন কুমার হালদার, মিনা মনিরুল ইসলাম, হেমায়েত আক্তার হিমু, মফিজ মল্লিক, হেলাল উদ্দিন, জাহিদুল ইসলাম, ডা: সুশান্ত কুমার, জয় রায়, অভিজিৎ মল্লিক, মনিরুল ইসলাম, রাজাউর রহমান প্রিন্স, শাহিন শেখ, হারুন অর রশিদ, ফরিদ মোড়ল, আসাবুর রহমান, কাজী নজরুল ইসলাম, জাকির হোসেন, হাসান আলী প্রমুখ।
পাওনাদারের ঘুসিতে ফল বিক্রেতার মৃত্যু
মাগুরা প্রতিনিধি
মাগুরায় পাওনাদারের ঘুসিতে রতন বসু (৫২) নামে এক ফল বিক্রেতার মৃত্যু হয়েছে। শনিবার রাতে রতন বসুর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রতন বসু মাগুরার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের নির্মল বসুর ছেলে।
নিহতের পরিবারের দাবি, রতন বসু মাগুরা শহরের ঢাকা রোডের ফল ব্যবসায়ী রনি মল্লিকের কাছ থেকে বাকিতে ফল ক্রয় করে ব্যবসা করতেন। এতে তার কাছে এক লাখ ২৫ হাজার টাকা পাওনা দাবি করে রনি মল্লিক শনিবার রাত ১০টার দিকে কয়েকজনকে সঙ্গে রতন বসুর গ্রামের বাড়িতে চড়াও হয়। কিন্তু তিনি দাবিকৃত টাকা তাৎক্ষণিকভাবে দিতে অপারগতা প্রকাশ করলে রনি মল্লিক উত্তেজিত হয়ে রতন বসুকে উপর্যুপরি কিলসহ আঘাত করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার পর মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হলে ভোরে তার মৃত্যু হয়। নিহত রতন বসুর ছেলে হৃদয় বসু বাবার মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন।
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
মাগুরায় বিএনপির ৯১ নেতাকর্মী কারাগারে
মাগুরা প্রতিনিধি
বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় মাগুরার শালিখা, মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা বিএনপির ৯১ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদাত।
রোববার দুপুরে তারা মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক জসিম উদ্দিন তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জানান, গত ৫ নভেম্বর মহম্মপদুর ও শ্রীপুর থানায় এবং ৬ নভেম্বর শালিখা থানায় এসব বিএনপি নেতাকর্মীদের নামে বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক তিনটি মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় নেতাকর্মীরা এতদিন হাইকোর্টের জামিনে ছিলেন। জামিন শেষে রোববার দুপুরে শালিখা উপজেলার ৫৯ জন মহম্মপদুর এবং শ্রীপুর জেলার ২৪ জনসহ বিএনপির ১০৭ নেতাকর্মী মাগুরা অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।
উপয়পক্ষের শুনানি শেষে অসুস্থতাজনিত কারণে আদালত বিএনপির ১৬ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেন এবং বাকি ৯১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামি পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শাহেদ হাসান টগর বলেন, তিনটি মামলাই সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এ মিথ্যা মামলা থেকে দলীয় নেতাকর্মীদের জামিনের জন্য উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান তিনি।
বাগেরহাটে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে জেলার মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের মিঠু শিকদারের ছেলে ১৬ বছর বয়সী সুজন সিকদার ও ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের কুমারখালী গ্রামের আতুল অধিকারীর ছেলে ১৮ বছরের অনিক অধিকারী। এর মধ্যে সুজন মোল্লাহাট সরকারি ওয়াজেদ মেমোরিয়াল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তেন। আর অনিক টাউন-নওয়াপাড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, বিকেলে কুমারখালী সাকিন এলাকার একটি মাছের ঘের থেকে অনিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ২২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। কেউ তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরো বলেন, মরদেহটি বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্দের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
এছাড়া সকালে মোল্লাহাটের গাড়ফা গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সুজন শিকদারের মরদেহ উদ্ধার করেন পরিবারের লোকজন। পরে থানায় খবর দিলে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
অপমান সইতে না পেরে প্রাণ দিলেন প্রেমিক, গ্রেফতার ২
যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় পারভেজ হোসেন নামে এক যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অপমান সইতে না পেরে ঐ যুবক বিষপান করেন।
রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত পারভেজ হোসেন মণিরামপুর উপজেলার বাগডোব গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পারভেজ নানা বাড়ি থেকে স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়তেন।
এদিকে যুবককে মারপিট ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মণিরামপুর থানায় পাঁচজনের নাম উল্লেখ করে মামলা করেন ঐ যুবকের নানা সিদ্দিক ব্যাপারী। এ ঘটনায় মেয়ের বাবা ইমরান হোসেন ও নানা সিরাজুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মামলার অন্য তিন আসামি হলেন- মিজানুর রহমান, মেয়ের দাদা আব্দুল করিম ও চাচা কামরুল ইসলাম।
মামলার বাদী সিদ্দিক ব্যাপারী জানান, একই শ্রেণিতে পড়ুয়া বাড়ির পাশের এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পারভেজের। সেই সম্পর্কের জেরে এক সপ্তাহ আগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় পারভেজ। এর দুইদিন পর গত সোমবার ঝিকরগাছা থেকে দুইজনকে ধরে আনেন মেয়ের স্বজনরা। এরপর রহমানের বাড়িতে আমগাছে বেঁধে পারভেজকে মারপিট করেন আসামিরা। টের পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে চিকিৎসা করান।
তিনি আরো জানান, অপমান সইতে না পেরে গত শুক্রবার দুপুরে বিষপান করে পারভেজ। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পারভেজের মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান বলেন, মারপিটের পর বিষপানে যুবকের আত্মহত্যার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
মেহেরপুরে দুই মাদক কারবারির যাবজ্জীবন
মেহেরপুর প্রতিনিধি
ফেনসিডিল রাখার দায়ে দুই কারবারির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ আদেশ প্রদান করেন। দণ্ডিতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে মামুন মল্লিক ও টেংরামারী গ্রামের ইজালের ছেলে রবিউল ইসলাম। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পল্লব ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোস্তফা শওকত জামান ও সঙ্গীয় ফোর্স মুজিবনগর উপজেলার সাহেবপুর বাজার এলাকায় সবজি বোঝাই একটি মিনিট্রাকে তল্লাশি চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। ওই ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১০ জন সাক্ষী দেন। উভয় পক্ষের কৌঁসুলিদের যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে বৃদ্ধকে বের করে দেওয়ায় হাইকোর্টের ক্ষোভ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর বরাদ্দ পাওয়া এক বৃদ্ধকে ওই ঘর থেকে বের করে দেওয়ার খবরে ক্ষোভ প্রকাশ করেছেন হাইকোর্ট। ওই বৃদ্ধ বরাদ্দ পাওয়া ঘরে না থেকে কেন বারান্দায় এক কোণে থাকেন- সে বিষয়ে সবশেষ তথ্য জানতে চেয়েছেন আদালত।
কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) সঙ্গে কথা বলে এ বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা হাইকোর্টকে জানালে হাইকোর্ট পরবর্তী আদেশ দেবেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোববার (২৯ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত এ সংক্রান্ত খবর আমলে নিয়ে এ আদেশ দেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, আদালত এই বিষয়ে ক্ষুব্ধ হয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলার জন্য আমাকে বলেছেন। তবে জেলা প্রশাসক একটি প্রোগ্রামে থাকায় এনডিসি শাহেদ আরমানকে বিষয়টি জানিয়েছি। পরে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবো।
মেহেরপুরে মাদক মামলায় দু’জনের যাবজ্জীবন কারাদন্ড
মেহেরপুর প্রতিনিধি
জেলায় রবিবার মাদক মামলায় মামুন মল্লিক এবং রবিউল ইসলাম নামের দুইব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড ও জনপ্রতি ৫০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের কারাদন্ড প্রদান করেছে আদালত।
রোববার দুপুরে মেহেরপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহীদুল্লাহ এ রায় প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মামুন মল্লিক জেলার সদর উপজেলার বামনপাড়া গ্রামের মতি মল্লিকের ছেলে এবং রবিউল ইসলাম একই উপজেলার টেংরামারী গ্রামের ইজাল হোসেনের ছেলে।
এ মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন এডভোকেট খন্দকার একরামুল হক হীরা ও ইয়ারুল ইসলাম।
মামলার বিবরনে জানা যায়, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) মোস্তফা শওকত জামান-এর নেতৃত্বে ডিবি পুলিশের একটিদল সাহেবপুর বাজার এলাকা থেকে সবজি বোঝাই একটি মিনি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-২৩০৬) তল্লাশি করে আটশ’ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়, মামলা নং-৭। এ মামলায় ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। বিচারিক প্রক্রিয়া শেষে বিচারক এ মামলার রায় ঘোষনা করেন।
পুলিশের গুলিতে আহত ভারতীয় মন্ত্রীর মৃত্যু
খুলনাঞ্চল ডেস্ক
এক পুলিশ কর্মকর্তার গুলিতে আহত ভারতের ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী নব কিশোর দাস মারা গেছেন। ভুবেনেশ্বরের একটি হাসপাতালে রোববার তিনি মারা যান। এদিক সকালে রাজ্যের ঝাড়সুগুদা জেলার ব্রজরাজনগরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় তার ওপর এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সহকারী উপ-পরিদর্শক(এএসআই) গোপাল দাস ওড়িশা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এরমধ্যে দুটি গুলি তার বুকে লাগে। অবস্থা সংকটজনক হওয়ায় আহত মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভুবেনেশ্বরে নেয়া হয়। ব্রজরাজনগর পুলিশের কর্মকর্তা গুপ্তেশ্বর ভৈ সাংবাদিকদের বলেন, গোপালকে স্থানীয়রা ধরে পুলিশে সোপর্দ করেছে। হামলার কারণ এখনও জানা যায়নি। এ ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী গাড়ি থেকে নেমে অনুষ্ঠাস্থলে যেতে গেলে অনেকেই তাকে ঘিরে ধরে আমন্ত্রণ জানাতে থাকেন। ওই সময়ই পুলিশের পোশাক পরা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালান। পুলিশের ধারণা,পুরো ঘটনাই পূর্বপরিকল্পিত ছিল। এ ঘটনায় ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছেন ওড়িশা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।










































