মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।
দোকানে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখার দায়ে মোংলায় দুই দোকানীকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুর ১২টার দিকে মোংলা বন্দর শিল্প এলাকার দিগরাজ বাজারে অভিযান চালিয়ে দুই দোকানীকে এ অর্থদন্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ জানান, মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর নিয়মনীতি লঙ্গন করে দোকানে মেয়াদ উত্তীর্ণ মৎস্য ও পশু খাদ্য রাখায় দোকানী অজয় সাহাকে ৫ হাজার ও নিরঞ্জন সাহাকে ৩ হাজার টাকা নগদ অর্থদন্ড দেয়া হয়েছে। তিনি বলেন, এ ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। মেয়াদ উত্তীর্ণ খাদ্যসামগ্রী বিক্রি করে ভোক্তা সাধারণের সাথে প্রতারণা ও ঠকানোর মত সুযোগ দেয়া হবেনা কোন দোকানীকে। ভোক্তা অধিকার সংরক্ষণে স্থানীয় প্রশাসন সব সময় কঠোর অবস্থানে থাকবেন বলেও জানান তিনি। এ অভিযানে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপংকর দাশের সাথে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা। #











































