ঢাকা অফিস।।
আর্থিক লেনদেনকে কেন্দ্র করে রাজধানীর গুলশানে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় একজন গুলিবিদ্ধ হয়েছে।
রোববার বিকেল ৪টার দিকে গুলশান ১ নম্বরে গ্লোরিয়া জিন্স কফিস রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে পুলিশ।
গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আ. আহাদ গণমাধ্যমকে বলেন, ‘বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেন। এ ঘটনায় আমরা জড়িত দুজনকেই হেফাজতে নিয়েছি। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম-পরিচয় যাচাই করা হচ্ছে।’
তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে।











































