কয়রা(খুলনা)প্রতিনিধি।।
সুন্দরবন কোবাদক স্টেশনের আওতাধীন আড়পাঙ্গাশিয়া নদীর দলদলিয়া খালে অবৈধ ভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নৌকা থেকে সুন্দরী ও গরান কাঠ উদ্ধার করা হয়। জানা গেছে গত মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন গাবুরা গ্রামের মিয়াদত হোসেন, নজরুল ইসলাম ও সাহেব আলী। সুন্দরবন পশ্চিম বন বিভাগের (ডিএফও) ড. আবু নাসের মোহসীন হোসেন বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
কয়রায় স্বাস্থ্যসম্মত মৎস্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন
কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে কয়রা সদরের কাঁচাবাজার সংলগ্ন এলাকায় স্বাস্থ্যসম্মত মাছ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার সকাল ৮ টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্যসম্মত এ মাছ বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম। বিক্রয় কেন্দ্রটির নাম দেয়া হয়েছে মেসার্স সোহাগ ফিস। এটি পরিচালনা করছেন স্থানীয় মৎস্য ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম। প্রতিদিন ভোর থেকে সকাল ১০ টা পর্যন্ত এই মডেল বিক্রয় কেন্দ্র থেকে বিভিন্ন প্রজাতির মাছের বেচাবিক্রির কার্যক্রম চলবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আমিনুল হক, কৃষি কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস, কয়রা বাজার কমিটির সভাপতি সরদার জুলফিকার আলি, সাংবাদিক আলহাজ্ব সদর উদ্দীন আহমেদ, সিপিপি সদস্য ধীরাজ রায় প্রমুখ। অনুষ্ঠানে জানানো হয় কয়রা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ৪০ হাজার টাকা ব্যয়ে এই কেন্দ্রটি নির্মান করা হয়েছে।











































