Home আন্তর্জাতিক গাড়ির টায়ারে লুকানো ছিল কোটি রুপি!

গাড়ির টায়ারে লুকানো ছিল কোটি রুপি!

14

 

খুলনাঞ্চল ডেস্ক।।

ভারতের পশ্চিমবঙ্গে গাড়ির টায়ারের মধ্যে করে অভিনব কায়দায় রুপি পাচার করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন পাঁচজন। গতকাল রোববার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ডুয়ার্সের বানারহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নম্বর প্লেট দেখে মনে করা হচ্ছে, গাড়িটি বিহার রাজ্যের পুর্নিয়ার। পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার দিকে যাচ্ছিল গাড়িটি। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই বানারহাট থানার তেলিপাড়া চৌপথি এলাকায় এশিয়ান হাইওয়েতে অবস্থান নেয় পুলিশ। সন্দেহের বেশ কিছু গাড়ি তল্লাশি অভিযানে আটকানো হয়। এরই মধ্যে একটি কালো রঙের গাড়ির ভেতর থাকা পাঁচজনকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই ওই গাড়িটিতে তল্লাশি চালানোর সময় একটি অতিরিক্ত চাকা লক্ষ্য করেন পুলিশ কর্মকর্তারা। সেটি খুলতেই চোখ ছানাবড়া তাদের। বিপুল পরিমাণ টাকা, গুনতে সাহায্য চাওয়া হয় ব্যাংকের কর্মীদের। জানা গেছে, গাড়িটি থেকে মোট ৯৪টি বান্ডেল উদ্ধার করা হয়, যাতে ৯৩ লাখ ৮৩ হাজার রুপি রয়েছে।

তবে এত পরিমাণ রুপি কী উদ্দেশ্যে, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা এখনও পরিষ্কার নয়। সবটাই খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা।

গত জুলাইয়ে পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল প্রায় ৫০ কোটি রুপি।