Home আঞ্চলিক বালু ফেলা জায়গা সংকটে বাঁধাগ্রস্থ হয়ে পড়েছে মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প

বালু ফেলা জায়গা সংকটে বাঁধাগ্রস্থ হয়ে পড়েছে মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প

10

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি।।

মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের বালু ফেলার জন্য পশুর চ্যানেলের পশ্চিম পাড়ে বানীশান্তায় ৩শ একর জমি হুকুম দখল করা হয়েছে। হুকুম দখলকৃত ওই জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৭ কোটি টাকা খুলনা জেলা প্রশাসককে বুঝিয়েও দিয়েছেন মোংলা বন্দর কর্র্তৃপক্ষ। কিন্তু তারপরও দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে খুলনা জেলা প্রশাসকের গড়িমসির পাশাপাশি জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে ওই জমিতে বালু ফেলার উপযোগী করে বন্দরকে বুঝিয়ে দেয়ার তেমন কোন উদ্যোগ না থাকায় চলমান ড্রেজিং প্রকল্পটি হুমকির মুখে পড়েছে। বন্দর ব্যবহারকারী-শ্রমিক-কর্মচারীদের দাবী যে কোনভাবেই হোক এ ড্রেজিং চলমান রাখতে হবে, নতুবা অচল হয়ে পড়বে এ বন্দর। সেই সাথে বন্ধের উপক্রম হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, মেট্টারেল, রুপপুর পারমাণবিক কেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ প্রতিবেশী দেশের সাথে ট্রানজিটও। ফলে জাতীয় অর্থনীতিতেও এর ব্যাপক বিরুপ প্রভাব পড়বে। তবে ড্রেজিংয়ের এ জটিলতা নিয়ে খুলনা জেলা প্রশাসক বলেন, টাকা আমাদের কাছে জমা রয়েছে, আবেদন করলেই তাদেরকে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেয়া হবে।

প্যাকেজ মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনারবার ড্রেজিং প্রকল্প পরিচালক মো: শওকত আলী জানান, সম্প্রতি শেষ হয়েছে মোংলা বন্দরের আউটারবার ড্রেজিং প্রকল্পের কাজ। যার ফলে এখন বড় বড় জাহাজ আসছে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয় পর্যন্ত। আর তার পরপরই শুরু হয়েছে ইনারবার ড্রেজিং প্রকল্পের কাজ। ২০২১ সালের মার্চে ৭৯৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় এ ইনারবার ড্রেজিংয়ের কাজ। চ্যানেলটির হাড়বাড়ীয়ার পর জয়মনিরঘোল থেকে শুরু করে এ খনন কাজ হবে বন্দর জেটি পর্যন্ত। কিন্তু ইতমধ্যে চ্যানেলের জয়মনি-চিলা এলাকার হুকুম দখলকৃত জমিতে খননকৃত বালু ফেলা হয়েছে, তাতে খনন হয়েছে চ্যানেল, বেড়েছে নাব্যতাও। কিন্তু পশুর নদীর পূর্ব পাড়ের হুকুম দখলকৃত জয়মনি-চিলার সকল জায়গা ভরাট হয়ে গেলেও এখন পশ্চিম পাড়ের খুলনার দাকোপের বানীশান্তায় বালু ফেলার প্রস্তুতি রয়েছে বন্দর কর্তৃপক্ষের। খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা এলাকায় ইতোমধ্যে তিনশ একর জমি হুকুম দখল করে ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৭ কোটি টাকা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বুঝিয়ে দেয়া হয়েছে খুলনা জেলা প্রশাসককে। গত ৮ জুন বন্দর কর্তৃপক্ষ এ টাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দিলেও জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা হস্তান্তরে তেমন কোন উদ্যোগ নেই জেলা প্রশাসকের। তাই অজ্ঞাত কারণে এ প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকের কর্মকান্ডের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন বন্দর কর্তৃপক্ষ। ফলে অনেকটা বাঁধাগ্রস্থ অবস্থার সৃষ্টি হয়েছে এ ইনারবার ডেজিংয়ে প্রকল্পে। প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা না গেলে নাব্যতা সংকটে এ বন্দর অচল হয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। তাই যে কোন প্রকারেই এ চ্যানেলের নাব্যতা ঠিক রাখতে এবং বড় বড় জাহাজ ভিড়ার সুযোগ সৃষ্টিতে ড্রেজিং বাস্তবায়নের দাবী জানিয়েছেন বন্দরের আমদানী-রপ্তানীকারক ও শ্রমিক-কর্মচারীসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।


মোংলা বন্দর ব্যবহারকারী বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, মোংলা বন্দর শিল্প এলাকার ওমেরা এলপিজিসহ বহুজাতিক প্রতিষ্ঠান ইষ্ট কোস্ট গ্রুপের কর্ণধর আজম জে চৌধুরী ও মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু বলেন, চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করা না গেলে জাহাজ আসতে না পারায় অচলাবস্থ হলে এর নেতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরসহ দেশীয় ও আর্ন্তজাতিক বাণিজ্যে। নাব্যতা সংকটে বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়ে বন্ধের উপক্রম হবে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্টোরেল প্রকল্প, পাবনার রুপপুর পারমাণবিক কেন্দ্র, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতু, মোংলা ইপিজেড, বাগেরহাটের রামপালের ফয়লার খান জাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেললাইনের মত দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলো। আমরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বো। এছাড়া বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ ব্যবসা ও কর্মহীন হয়ে পড়বেন। না খেয়ে থাকতে হবে বন্দরের প্রাণ শ্রমিক-কর্মচারীদেরকেও। তাই যে কোন প্রকারে হলেও ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবী তাদের।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, অনেক আগেই খুলনা জেলা প্রশাসককে বানীশান্তার হুকুম দখলকৃত জমির ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে ওই জমিতে বালু ফেলার ব্যবস্থা করে দিচ্ছেন না জেলা প্রশাসক। টাকা দিয়ে দেয়া হয়েছে, এখন তো ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে সেখানে বালু ফেলার ব্যবস্থা করে দেয়ার দায়িত্ব জেলা প্রশাসকেরই। বুঝছি না কি কারণে সময়ক্ষেপণ করছেন জেলা প্রশাসক। এমন হলে তো এ প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। আর এটি বাস্তবায়ন করা না গেলে চরম ঝুঁকিতে পড়বে এ বন্দর।


খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, ইতিমধ্যে ৯ একরের মত জমি মালিকদের তাদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়া হয়েছে। যারা আবেদন করেছিলেন তাদেরকেই ক্ষতিপূরণ বাবদ এ টাকা প্রদাণ করা হয়। এই মুহুর্তে নতুন কোন ক্ষতিপূরণের চাহিদার আবেদনপত্র পেন্ডিং নেই। পরে কেউ আর আবেদন করেনি, তাই তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিতে পারিনি। টাকা জমা আছে, আবেদন করলেই টাকা দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনা জেলা প্রশাসন ও জমির মালিকদের সমন্বয়হীনতার কারণে বানীশান্তায় বালু ফেলার ফয়সালা না হওয়ায় ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চতা দেখা দিয়েছে। এমতাবস্থায় চলমান এ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েই চলেছে। এতে ব্যয় বাড়ছে আরো দেড়শ কোটি টাকা। আর মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০২৪ সালে ৩০ জুন পর্যন্ত। যা শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৩০ জুন। তবে এখন পর্যন্ত এ প্রকল্পের মাত্র ৪৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।