খবর বিজ্ঞপ্তি।।
বীর মুক্তিযোদ্ধা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, ঝিনাইদহ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও ঝিনাইদহ সদর আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মসিউর রহমান এর মৃত্যুতে খুলনা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক জানিয়েছেন।
মঙ্গলবার (১ নভেম্বর) প্রদত্ত শোক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মরহুম মসিউর রহমান দেশমাতৃকার মুক্তির জন্য জীবনপণ লড়াই করেছেন। তিনি আমৃত্যু কর্তৃত্ববাদের বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতার স্বপক্ষে সকল সংগ্রামে ছিলেন অগ্রসৈনিক। এদেশের একজন রাজনীতিবিদ ও দক্ষ পার্লামেন্টারিয়ান হিসেবে সর্বসাধারণের নিকট তিনি ছিলেন সম্মানিত। জাতীয় সংসদে জনকল্যাণে অনেক গুরুত্বপূর্ণ আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নিজ এলাকার উন্নয়নের পথিকৃত হিসেবে এলাকাবাসীর নিকট চিরস্মরণীয় হয়ে থাকবেন। খুলনা বিভাগে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে মরহুম মসিউর রহমানের ভূমিকা ছিল অনবদ্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শের প্রতি জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর আস্থা ছিল অবিচল। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথের আন্দোলনে তিনি কখনোই পিছপা হননি। মসিউর রহমানের মতো জনপ্রিয় এই আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের পৃথিবী থেকে চিরবিদায় নিদারুণ দুঃখ ও বেদনার। বিএনপি নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুম মসিউর রহমান এর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।











































