মোহামেডান কিংসের ম্যাচ জাতীয় স্টেডিয়ামে

5


স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ফুটবল লীগের (বিএফএল) বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর গত মৌসুমে লীগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। তবে স্বাধীনতা কাপ, চ্যালেঞ্জ কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জিতে নিজেদের আধিপত্য বজায় রাখে বসুন্ধরা কিংস। কয়েক মৌসুম ধরেই বসুন্ধরা কিংস-মোহামেডান ম্যাচের রোমাঞ্চ, উত্তেজনা পেয়েছে অন্য মাত্রা। এবার পাঁচদিনের ব্যবধানে ঢাকায় দু’বার একে অপরের মুখোমুখি হচ্ছে দু’দল। লীগের ষষ্ঠ রাউন্ডে আজ বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াইয়ে নামছে বসুন্ধরা কিংস ও মোহামেডান। ২০২৫-২৬ মৌসুমে এই প্রথম দুই দল একে অপরকে মোকাবিলা করবে। মঙ্গলবার ফেডারেশন কাপের গ্রুপ পর্বে আবার দেখা হবে এই দুই দলের। ফেডারেশন কাপে দুই দলের এই ম্যাচটি হওয়ার কথা ছিল কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। তবে ভেন্যু বদলে সেটি এখন হবে পল্টনের জাতীয় স্টেডিয়ামে। তবে এই ম্যাচটি ফ্লাডলাইটের আলোয় হবে না। খেলাটি মাঠে গড়াবে দুপুর ২টা ৩০ মিনিটে। বাংলাদেশ ফুটবল লীগে ৫ খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। নবাগত পিডব্লিউডির সঙ্গে ২-২ গোলের ড্রয়ে লীগ শুরুর পর টানা চার ম্যাচ জিতেছে বসুন্ধরা কিংস। তাদের ঝুলিতে ১৩ পয়েন্ট। তবে লীগে মিশ্র অভিজ্ঞতা হয়েছে মোহামেডানের। ফর্টিস এফসির বিপক্ষে ২-০ গোলে হেরে অভিযান শুরু হয় সাদা-কালোদের। পরের চার ম্যাচের একটিতে ড্র, একটিতে হার এবং দুটিতে জয়ের সুবাদে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চারে আছে আলফাজ আহমেদের দল। বসুন্ধরা কিংসের সঙ্গে পয়েন্টের ব্যবধান ৬। বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার সাদা-কালোরা মাঠে নামবে ব্যবধান কমাতে। আর পাঁচবারের চ্যাম্পিয়নরা চাইবে শীর্ষস্থান আরও পোক্ত করতে। ম্যাচটি শুরু হবে বিকাল ৫টা ৩০ মিনিটে। এরপর আগামী মঙ্গলবার ফেডারেশন কাপে মৌসুমে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হবে দুই দল। ‘বি’ গ্রুপে একই সঙ্গে পড়েছে ঢাকার দুই জায়ান্ট ক্লাব। ঘরোয়া ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এই প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে মোহামেডান। দুই খেলায় একটিতে ড্র এবং অন্যটিতে জয়ের সুবাদে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে সাদা-কালো ব্রিগেড। ফর্টিসের সঙ্গে একমাত্র খেলায় ১-১ গোলে ড্রয়ে এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে রাকিব হোসেন, তপু বর্মণরা। বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় কুমিল্লার বদলে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ২০২১ সালের আগস্ট থেকে জাতীয় স্টেডিয়ামে শুরু হয় সংস্কার কাজ। এরপর চলতি বছরের ৪ঠা জুন বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচ দিয়ে এই মাঠে ফেরে খেলা। আন্তর্জাতিক ম্যাচ হলেও ঘরোয়া ফুটবলের খেলা এখনো সেখানে হয়নি। বিশেষ পরিস্থিতিতে বসুন্ধরা কিংস-মোহামেডানের ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল। আজ বাংলাদেশ ফুটবল লীগের আরো দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ময়মনসিংহের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে আরামবাগের মুখোমুখি হবে ব্রাদার্স ইউনিয়ন। মুন্সীগঞ্জে দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসিকে আতিথিয়েতা দিবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। লীগে ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রহমতগঞ্জ। আট পয়েন্ট নিয়ে তিন নম্বরে ফর্টিস এফসি। সাত পয়েন্ট নিয়ে আরামবাগ পঞ্চম আর এক পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে আছে আরামবাগ।