বিনোদন ডেস্ক।।
একসময় ওপার বাংলার টেলিভিশন পর্দায় দাপটের সঙ্গে অভিনয় করেছেন স্বরলিপি চট্টোপাধ্যায়। বর্তমানে ব্যক্তিজীবন নিয়ে বেশ আলোচনায় তিনি। এবার নতুন করে বিতর্কে জড়ালেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করতেই শুনলেন নিজের মৃত্যু কামনার কথা।
সম্প্রতি গোয়ায় ঘুরতে যান স্বরলিপি। সেখানে ঘুরে বেড়ানোর পাশাপাশি সুস্বাদু খাবারের ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক মাধ্যমে। তার পাতে অন্যান্য খাবারের সঙ্গে দেখা গেছে বিফ স্টেকও। আর তাতেই চটেছেন নেটিজেনদের একাংশ।
গরুর মাংসের স্টেক খাওয়ার ছবি পোস্ট করতেই বাঁধল বিপত্তি। সনাতনীদের চক্ষুশূল হয়ে ওঠলেন অভিনেত্রী। তিনি নিজে হিন্দু ব্রাহ্মণ কন্যা, তা সত্ত্বেও কেন গরুর মাংস খাবেন? তার ধর্ম টেনে চলল কুরুচিকর আক্রমণ। এমনকি সমালোচকরা তার মৃত্যু কামনা করতেও পিছপা হলো না।
একজন স্বরলিপির ব্যক্তিগত জীবন টেনে লেখেন, গরুর মাংস খেয়ে ছবি দিচ্ছিস, তোর কপালে আরও কষ্ট আছে। মরতে পারিস না, আপদ যত। সামনে পেলে জুতোর বাড়ি মেরে কুল সাজা বের করতাম। আরেকজন লেখেন, গরুর মাংস খাওয়া আর তার প্রচার করাটা কোনো গর্বের জিনিস নয়। এটা হিন্দুধর্মের অপমান, হিন্দুদের অসম্মান। আমি হিন্দু নারী হিসাবে আমি এর তীব্র প্রতিবাদ করছি।
অবশ্য দমে যাওয়ার পাত্রী নন স্বরলিপি। তিনি সমালোচকদের কমেন্টের স্ক্রিনশট নিজের ফেসবুকের দেয়ালে পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, খারাপ সময়ের গন্ধ পাচ্ছি কেন জানি। খুব খারাপ।
অভিনেত্রীর কথায়, আমি তো মানুষ। আমার পেটে যা সয় তাই খাই। খাবারের আবার জাত কী?
একা মা স্বরলিপি বর্তমানে মেয়ে ও ক্যাফে ব্যবসা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।











































