খুলনাঞ্চল রিপোর্ট।।
রাতের বেলা জোড়া খুনের মরদেহ দাফন সম্পন্ন হওয়ার সাথে সাথেই আরও একটি মৃত্যু দেখতে হয়েছে যশোরের চৌগাছার একটি পরিবারের। পরে মৃত্যুবরণ করেছে নিহত দুই ভাইয়ের ভাতিজা লিমন হোসেন খান। যিনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন। তিনটি লাশ থাকায় ওই বাড়িতে চলছে কান্নার রোল। পুরো এলাকায় নেমে এসেছে শোকের কালো ছায়া।
নিহত লিমন হোসেন খান উপজেলার টেঙ্গুরপুর গ্রামের গোলাম মোস্তফা খানের ছেলে। বৃহস্পতিবার রাতে খুন হয়েছেন মোস্তফা খানের দুই চাচাতো ভাই আইয়ুব খান ও ইউনুছ খান।
বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে উপজেলার নারায়ণপুর-বকসিপুর সড়কের কপোতাক্ষ সেতুতে মোটরসাইকেল চালাতে গিয়ে দুর্ঘঘটনায় পড়ে লিমন। আহত অবস্থায় তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা চিকিৎসা দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন।
শুক্রবার বেলা ১১টার দিকে অবস্থার অবনতি হলে তাকে আবারও চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চিকিৎসক আবারো যশোর ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে লিমনের মৃত্যু হয়।
স্বরূপদাহ ইউনিয়ন পরিষদের টেঙ্গুরপুরের ওয়ার্ড সদস্য জাকির হোসেন বলেন, লিমনের মরদেহ হাসপাতাল থেকে এনে টেঙ্গুরপুর খানপাড়া কবরস্থানে দাফন করা হবে। এছাড়া গত রাতে একই পরিবারে হত্যাকাণ্ডের শিকার হওয়া দুই সহোদরের মৃতদেহ রয়েছে। ফলে একই বাড়িতে তিনজনের মরদেহ আসায় শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।










































