Home জাতীয় টিপকাণ্ডে কনস্টেবল নাজমুলের হেনস্তার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

টিপকাণ্ডে কনস্টেবল নাজমুলের হেনস্তার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

8

 

ঢাকা অফিস।।

টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় কলেজশিক্ষক লতা সমাদ্দারকে হেনস্তা করার অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। ওই ঘটনায় অভিযুক্ত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক নিজেই নিয়ম ভেঙেছেন এবং ঘটনা নিয়ে ‘অসত্য তথ্য’ দিয়েছেন বলে নিশ্চিত হয়েছে কমিটি।

শুক্রবার (৮ এপ্রিল) গণমাধ্যমকে এ তথ্য জানান তদন্ত কমিটির অন্যতম সদস্য তেজগাঁও বিভাগের সহকারি পুলিশ কমিশনার স্নেহাশীষ কুমার দাস। তিনি বলেন, ‘শিক্ষক লতা সমাদ্দারের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আমরা গতকাল বৃহস্পতিবার প্রতিবেদন জমা দিয়েছি।

লতা সমাদ্দার ঢাকার তেজগাঁও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক। টিপ পরায় পুলিশের হেনস্তার শিকার হওয়ার কথা জানিয়ে গত ২ এপ্রিল শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি। এ খবর প্রকাশিত হলে সামাজিক যোগাযোগের মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। এমনকি জাতীয় সংসদেও হেনস্থাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে।

অভিযুক্ত কনস্টেবল নাজমুল তারেককে দুদিন পর শনাক্ত করার পাশাপাশি সাময়িক বরখাস্তেরকথা জানানো হয় পুলিশের তরফ থেকে। সেই সঙ্গে দুই সদস্যের একটি তদন্ত কমিটি করে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়। আজ সেই প্রতিবেদন জমা দেয়া হয়েছে।