সাতক্ষীরা প্রতিনিধি।।
মেডিকেলে চান্স পাওয়া সাতক্ষীরার তালার সেই জেলে পল্লীর দারিদ্র পরিবারের মারুফা খাতুনের পাশে দাঁড়ালো র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। মারুফা ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ৭৪ স্কোর নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
কিন্তু মেডিকেলে ভর্তির সুযোগ পেলেও তার ভর্তির জন্য পরিবারে আর্থিক সংগতি না থাকায় অনিশ্চয়তা যে খবর সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশ হয়। পত্রিকার প্রকাশের পর তার ভর্তি নিশ্চিত করতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক হাজির হয়ে উপবৃত্তি প্রদান করেন।
শুক্রবার (৮ এপ্রিল) তালা উপজেলা সদরের জেয়ালানলতা গ্রামে মারুফার বাড়িতে হাজির হয়ে তার হাতে শিক্ষা উপবৃত্তি তুলে দেন র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইশতিয়াক, সিনিয়র ডিএডি এসএম জিলুর রহমান। এ সময় তাদের সাথে ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মেডিকেলে চান্স পাওয়া মারুফা বলেন, পারিবারিকভাবে আর্থিক অনটনের মধ্য দিয়ে নিজের ইচ্ছা শক্তি ও সকলের দোয়াতে এ পর্যায়ে পৌছাতে পেরেছি ।কিন্তু ভতির্র টাকা ম্যানেজ করা কষ্টকর হয়ে উঠেছিল পরিবারের কাছে। র্যাব-৬ সাতক্ষীরা ভর্তির টাকা প্রদান করেছেন। আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারি।
মারুফার পিতা আজিত বিশ্বাস আবেগ আপ্লুত হয়ে বলেন, আমার মেয়েকে পড়ানোর জন্য অনেকের কাছে হাত পেতে সাহায্য নিয়েছি। আজ আমার মেয়ে মেডিকেলে চান্স পেয়ে অর্থের অভাবে ভর্তি হতে পারছিল না। কিন্তু র্যাব -৬ এর সদস্যরা মেয়ের ভর্তির জন্য আর্থিক সহযোগিতা করেছেন। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করবেন।
র্যাবের সাতক্ষীরা কোম্পানী কমান্ডার ইশতিয়াক হুসাইন বলেন, র্যাবের কাজই হচ্ছে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখা। আমরা খবর পেয়েছিলাম, মারুফা মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েও টাকার অভাবে ভর্তি হতে পারবে না। খবরটি পাওয়ার পর আমরা তাকে ভর্তির জন্য টাকা দিয়েছি। এটা আমাদের সেবামূলক কাজ। এছাড়া মারুফার মত এমন যারা রয়েছে তাদের পাশেও র্যাব দাঁড়াবে।










































