গোপালগঞ্জ প্রতিনিধি।।
২৭ বছর ধরে বিকল গোপালগঞ্জ বিসিক শিল্পনগরীর পানি সরবরাহ ব্যবস্থা। এটি সচল করতে বিসিক কর্তৃপক্ষ কখানো উদ্যোগ গ্রহণ করেনি। তাই অযত্ন অবহেলায় পানি সরবরাহ ব্যবস্থায় বেহাল দশা বিরাজ করছে।
শিল্পনগরীতে পানি সরবরাহের কোনো ব্যবস্থা নেই। তাই শিল্পনগরীতে পানি সংকট মারাত্মক বলে অভিযোগ করলেন গোপালগঞ্জ বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো. মোশাররফ হোসেন।
তিনি আরও বলেন, বিসিকে পানির কষ্ট মারাত্মক। শিল্প উৎপাদন কাজে পানি একটি অপরিহার্য উপাদান। তাই বাধ্য হয়ে আমাদের ব্যবস্থাপনায় পানি এনে উৎপাদন কাজে ব্যবহার করতে হয়। শ্রমিকদের জন্য এখানে সুপেয় পানির কোনো ব্যবস্থা নেই। তাই বাইরে থেকে পানি কিনে এনে শ্রমিকদের খাওয়াতে হচ্ছে। অথচ বিসিকে পানি সরবরাহ করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা রয়েছে, কিন্তু অযত্ন অবহেলায় পানি সরবরাহ ব্যবস্থাটি বিকল হয়ে পড়ে রয়েছে। বিসিক-এর পাশ দিয়ে পৌরসভা নতুন পানির লাইন করেছে। এই লাইনের সংগে বিসিক-এর পানি সরবরাহ ব্যবস্থার সংযোগ দিলে গোপালগঞ্জ বিসিক শিল্প নগরীর পানি সংকট কেটে যাবে।
গোপালগঞ্জ বিসিক শিল্প নগরী অফিস সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালে বিসিক শিল্পনগরীতে পানি সরবারাহের জন্য ১২ হাজার লিটার পানি ধারনক্ষমতা সম্পন্ন একটি ওভারহেড পানির ট্যাংক নির্মাণ করা হয়। এরপর সেখানে ১৯৯৪ সালে গভীর নলকূপ স্থাপন করা হয়। সেই সংগে পাম্প হাউস ও পাম্পহাউস চালক ও গার্ডের কোয়ার্টার নির্মাণ করা হয়। বসানো হয় পাইপ লাইন। বর্তমানে বিসিক শিল্প নগরীর পানি সরবরাহের স্থাপনা অকেজ, জরাজীর্ণ ও পরিত্যাক্ত অবস্থায় পড়ে রয়েছে।
বিসিক-এর শ্রমিক তানজের আলী (৪৫) বলেন, বিসিকে পানির সমস্যা ব্যাপক। পানির অভাবে আমরা শিল্প কাজ করতে পারি না। এমনকি এখানে খাবার পানির সমস্যা রয়েছে। মালিকরা বাইরে থেকে আমাদের খাবার পানির ব্যবস্থা করেন। তাই এখানে পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিসিক-এর পাম্প চালক মো. সাইদুজ্জামান বলেন, বিসিক-এর পাম্পের পানিতে প্রচুর আয়রন ও লবণ রয়েছে। এই পানি শিল্পে ব্যবহারের অনুপযোগী। তাই শিল্পে এই পানি সরবরাহ করা হয়নি। সরবরাহ ব্যবস্থা ২৭ বছর ধরে বন্ধ রয়েছে। পানি সরবরাহ ব্যবস্থার সব কিছু বিকল হয়ে পড়েছে। কোয়ার্টার বসবাসের অযোগ্য। তারপরও আমার বেতন থেকে কোয়ার্টার রেন্ট কাটা হচ্ছে। আমাদের পাম্প সংস্কার করে পৌর পানির লাইনের সংগে সংযোগ দিলে বিসিকে সুপেয় পানি সরবরাহ করা সম্ভব।
গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী কর্মকর্তা মাসুদ রানা বলেন, এই নিয়ে শিল্প মালিকরা এতো দিনে কোনো কথা বলেননি। গত ২ অক্টোবর উৎপাদনশীলতা দিবসে তাঁরা বিসিক-এর পানি সরবরাহ ব্যবস্থা চালুর দাবি করেছেন। তাই বিসিক-এর পানি সংকট নিরসনে আমরা বিসিক চেয়ারম্যানকে চিঠি দিয়েছি। সেখানে পৌরসভার পানির লাইনের সংগে বিসিক-এর পানি সরবরাহ ব্যবস্থার সংযোগ দিয়ে শিল্পনগরীতে পানি সরবরাহ ব্যবস্থা সচলের সুপারিশ করেছি। এটি হলে বিসিকে পানি সমস্যা থাকবে না।











































