Home আঞ্চলিক স্বজনরা ব্যস্ত ইফতার নিয়ে, ক্লিনিক থেকে নবজাতক উধাও

স্বজনরা ব্যস্ত ইফতার নিয়ে, ক্লিনিক থেকে নবজাতক উধাও

11

ঝিনাইদহের কালীগঞ্জে একটি প্রাইভেট ক্লিনিক থেকে সদ্যপ্রসূত কন্যাসন্তান চুরি হয়েছে। সোমবার সন্ধ্যার দিকে এক অপরিচিত নারী বাচ্চাটিকে নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

নবজাতকটি কালীগঞ্জ পৌরসভাধিন বলিদাপাড়া ইজিবাইক চালক মনিরুল ইসলামের সন্তান। সে হারিয়ে যাওয়ার পর স্বজনরা ক্লিনিক মালিকদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর পেয়ে কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ ওই ক্লিনিকে ছুটে যান।

নবজাতকের বাবা মনিরুল ইসলাম জানান, সোমবার সকালে আমার স্ত্রী সাবানা বেগমের প্রসবযন্ত্রনা শুরু হলে কালীগঞ্জ শহরের সেবা ক্লিনিকে ভর্তি করি। দুপুর আড়াইটার দিকে সিজারের মাধ্যমে কন্যাসন্ত্যান ভূমিষ্ট হয়। এরপর ক্লিনিকের ৩নং কেবিনে রাখা হয়। কন্যা ও তার মা সুস্থ ছিল। বিকালে এক অপরিচিত নারী এসে আমার বাচ্চাকে কোলে নিয়ে আদর করেন এবং বিভিন্ন গল্প করতে থাকেন। এরপর তিনি ক্লিনিকের রিসিভশনে বসে ছিলেন। ওই নারী কোন রোগীর আত্মীয় হবেন ভেবে কেউ তাকে সন্দেহ করেনি। সন্ধ্যায় শিশু এবং তার মায়ের সঙ্গে স্বজনরা যখন ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন, তখন কোন এক সময় বাচ্চাটিকে নিয়ে চলে যান তিনি।

সংবাদ পেয়ে ক্লিনিকে আসেন কালীগঞ্জ থানার এসআই আবুল কাসেম। তিনি জানান, প্রাথমিকভাবে চুরি হওয়া বাচ্চার বাবার কাছ থেকে একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। আমরা যত দ্রুত সম্ভব বাচ্চাটি উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছি।

এদিকে ক্লিনিক মালিক আব্দুল হামিদ জানান, বাচ্চা ভূমিষ্ট হওয়ার পর দু’জনই সুস্থ ছিল। কিন্তু সন্ধ্যায় সবাই যখন ইফতারে ব্যস্ত তখ কেউ বাচ্চাটিকে নিয়ে গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। বাচ্চাটি উদ্ধারের চেষ্টা চলছে।

– কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি