শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য আব্দুর রহমান বাবুসহ ৮৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার সকালে শ্যামনগর থানায় মামলাটি করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আশেক-ই-ইল্লাহি মুন্নার ভাইপো এস এম সায়েদ সুলতান।
মামলায় শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য জগলুল হায়দার, তার তিন ভাই আওয়ামী লীগ নেতা জহুরুল হায়দার বাবু, কামরুল হায়দার নান্টু ও জাহাঙ্গীর হায়দার এবং সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে ফজলুল হকসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের আসামি করা হয়েছে।
এর আগে শনিবার দিবাগত রাতে উপজেলার জেলেখালী এলাকা থেকে তিন বোতল পেট্রোলসহ স্থানীয়দের হাতে আটক হন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকর্মী আল আমিন ও জাহাঙ্গীর। তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক দুজনের বাড়ি যথাক্রমে উপজেলার গোমানতলী ও পানখালী গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাতে আল আমিন ও জাহাঙ্গীরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলেখালী এলাকায় মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিলেন। খবর পেয়ে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় অন্যরা পালিয়ে গেলেও আল আমিন ও জাহাঙ্গীরকে আটক করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সোলায়মান কবির, পৌর বিএনপির সদ্য সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবুসহ কয়েকজন বিএনপি নেতা দাবি করেন, আব্দুর রহমান বাবু একসময় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেখ হেলালের হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন। পরে ২০২৪ সালের জুনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য হন।
এসব নেতার অভিযোগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা বাবু তার ঘনিষ্ঠ কয়েকজন বিএনপি নেতাকে ‘ম্যানেজ’ করে পুরোনো রাজনৈতিক পরিচয়কে কাজে লাগিয়ে মামলা থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছেন।
এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল ইসলাম বলেন, শ্রীফলকাঠি গ্রামের সায়েদ সুলতান বাদী হয়ে ৮৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করে নাশকতার মামলা করেছেন। আগের রাতে পেট্রোলসহ জনতার হাতে আটক জাহাঙ্গীর ও আল আমিনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, মামলায় এ কে ফজলুল হক ও জগলুল হায়দারসহ ৮৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।











































