Home জাতীয় একাত্তরের জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করে বাংলাদেশ: শামা ওবায়েদ

একাত্তরের জন্য পাকিস্তানের অনুশোচনা প্রত্যাশা করে বাংলাদেশ: শামা ওবায়েদ

2

ঢাকা অফিস।।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত ঘটনার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে, এটাই বাংলাদেশের প্রত্যাশা। তবে আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার।

রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৯৭১ সালে সংঘটিত গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও নির্যাতনের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দীর্ঘদিনের দাবি এবং দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে বিএনপি সরকারের অবস্থান জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ১৯৭১ বিএনপির গর্ব।

দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ ও লালন করে। বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দলটিতে অনেক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন। ১৯৭১ বিএনপির কাছে জীবনের সঙ্গে মিশে থাকা গৌরবের বিষয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ৭১ কারও বাপ-দাদার সম্পত্তি নয়, ৭১ সবার। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করাই আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য।

পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ১৯৭১ সালের অমীমাংসিত বিষয়গুলো কীভাবে বিবেচনা করা হবে, এমন প্রশ্নে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে কোনো দেশের শত্রুতা নেই। পাকিস্তান, ভারত, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশসহ বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ।

তিনি বলেন, আমরা সবার সঙ্গে কাজ করতে চাই, তবে নিজেদের সম্মান, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে নয়।

১৯৭১ সালের গণহত্যার জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়ার দাবি বহাল আছে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, আমরা আশা করব, ৭১ সালে যা ঘটেছিল, তার জন্য পাকিস্তান অনুতপ্ত হবে। তারা এ নিয়ে অনুতাপ করবে, এটাই আমরা আশা করি।

এদিকে, ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বার্থ ও সংবিধানের বিষয়টি বিবেচনায় নিয়েই পররাষ্ট্রনীতির সিদ্ধান্ত নেওয়া হবে। কোনো দেশের নীতি বাংলাদেশের সংবিধান বা বিশ্বাসের পরিপন্থী হলে সে অনুযায়ী সরকারকে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, সব দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থই প্রাধান্য পাবে।