Home আঞ্চলিক অস্থিতিশীলতার চেষ্টাকারীরা বোকার স্বর্গে: নেতৃবৃন্দ

অস্থিতিশীলতার চেষ্টাকারীরা বোকার স্বর্গে: নেতৃবৃন্দ

2

স্টাফ রিপোর্টার।।

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টি এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়কে ঘিরে গুজব ছড়িয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে খুলনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বেলা ১১টার দিকে নগরীর বৈকালী মোড়ে ‘হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়, খুলনা’-এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মোঃ শফিকুল আলম তুহিন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা দেশের চলমান পরিস্থিতি তুলে ধরে বলেন, গত কয়েক দিন ধরে সারা বাংলাদেশে একটি পরিকল্পিত অস্থিরতা তৈরির অপচেষ্টা চলছে। বিভিন্ন বাড়িঘরে অগ্নিসংযোগ, অগ্নিসন্ত্রাস, সাধারণ মানুষের সহায়-সম্পদ লুট ও চাঁদাবাজির মতো নৈরাজ্যকর কর্মকাণ্ড চালানো হচ্ছে।

জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তাদের সরকার ক্ষমতায় রয়েছে উল্লেখ করে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই প্রতিটি ঘটনা গভীরভাবে বিশ্লেষণ করে শক্ত হাতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার দুঃস্বপ্ন দেখছেন,তাঁরা ‘বোকার স্বর্গে’ বাস করছেন।

জনগণের ভোটে নির্বাচিত হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন এবং খুলনা-৩ আসনের জনগণ ভোট দিয়ে রকিবুল ইসলাম বকুলকে সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নির্বাচিত করেছেন উল্লেখ করে অ্যাডভোকেট মনা বলেন,এই অঞ্চলের হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সকল ধর্ম-বর্ণের মানুষকে সঙ্গে নিয়েই আমরা একটি সমৃদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রসঙ্গ টেনে সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে দৃঢ় অবস্থান ব্যক্ত করে তিনি আরও বলেন,বাংলাদেশে যারা বসবাস করেন, তাঁরা সবাই বাংলাদেশী। এখানে কোনো সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে। সম্প্রীতির এই মাটিতে কোনো ধরনের সাম্প্রদায়িক বিভাজন কিংবা অপতৎপরতা কার্যকর করার সুযোগ কাউকে দেওয়া হবে না।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার কথা স্মরণ করে খুলনা মহানগর বিএনপির সভাপতি বলেন,সীমান্তের ওপারে বসে যারা বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন,ঐক্যবদ্ধভাবে তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়ার সময় এখনই।এ সময় তিনি অগ্নিসন্ত্রাস, অস্থিতিশীলতা সৃষ্টিকারী এবং সাধারণ মানুষের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে রুখে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

অন্যদিকে প্রধান বক্তার বক্তব্যে মোঃ শফিকুল আলম তুহিন অভিযোগ করেন, বাংলাদেশে ‘সংখ্যালঘু নির্যাতন’ হচ্ছে এমন সংবাদ প্রচার করে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্ব সম্প্রদায়কে দেখানোর জন্য একটি মহল বিভিন্ন ধরনের কারসাজি করছে। বক্তব্যের শুরুতে তিনি জানান, মানববন্ধনে বক্তাদের তুলে ধরা বক্তব্য ও বিষয়গুলো ইতিমধ্যেই দলীয় দপ্তরের দৃষ্টিতে এসেছে।

তিনি অভিযোগ করেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, কোটালীপাড়া, গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী এবং কালিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে কারা হামলা চালিয়েছে এবং নিজেরাই তার ভিডিও ধারণ করেছে, তা সবারই জানা। ওই অঞ্চলের ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি বলেন, কোনো বিএনপি নেতাকর্মী তাঁদের বাড়িতে আক্রমণ করেনি; বরং সনাতনী হয়ে বিএনপি করা এবং নির্বাচনে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেওয়ার অপরাধেই তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে ও হুমকি দেওয়া হচ্ছে।

সরকার ও স্থানীয় নেতৃত্বের ভূমিকার কথা তুলে ধরে খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বলেন, জনগণ ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেছেন এবং জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলকে নির্বাচিত করেছেন।রকিবুল ইসলাম বকুল এই অঞ্চলের সকল ধর্ম ও মানুষের দায়িত্ব নিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সনাতনী ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ তাঁর কাছে গেলে তিনি তাঁদের সকল সমস্যার সমাধান করে থাকেন। এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণের পরপরই সারা দেশের মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত এবং গির্জার ফাদারদের জন্য মাসিক ভাতার ব্যবস্থা করেছেন জানিয়ে তুহিন দাবি করেন, ইতিপূর্বে কোনো সরকার এমন উদ্যোগ নেয়নি।

খুলনা শহরকে শান্ত রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দেন,খুলনায় কোনো অগ্নিসন্ত্রাস, ককটেল-বোমা নিক্ষেপ কিংবা সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠান ও পরিবহনে নাশকতা চালানো হলে তার দায়দায়িত্ব সংশ্লিষ্টদেরই নিতে হবে। এলাকায় বসবাসকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন,নাগরিক হিসেবে এখানে বসবাস করার অধিকার আপনারও আছে। কিন্তু দয়া করে কোনো প্রকার উস্কানি দিয়ে মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে খুলনার সর্বস্তরের মানুষ, সর্বধর্মের মানুষ আপনাদেরকে প্রতিহত করবে। আপনাদের দায়িত্ব কোনোক্রমেই আমরা নেব না।

হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি ইঞ্জিনিয়ার সত্যানন্দ দত্তের সভাপতিত্বে এবং প্রভুদান বাঙই (জিতু)-এর সঞ্চালনায় মানববন্ধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী,মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মাহমুদ হাসান ও চৌধুরী শফিকুল ইসলাম হোসেন এবং খুলনা সদর থানার সভাপতি হুমায়ুন কবীর।

কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগরীর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, বাবু ব্রোজেন ঢালী, সুজনা জলি, উজ্জল সাহা, সুজিত সাহা, বিকাশ দত্ত, দেবেন ঘোষ, অমিত কান্তি ঘোষ, রতন দেবনাথ, লিটন কুলু, নারায়ন মিশ্র, বিপ্লব দে, নির্মলেন্দু মন্ডল, তাপসী বাড়ে, সুলতা হালদার, প্রতিমা রানী, মধুমালা, বন্ধি বালা, কালিপদ, অমিত মল্লিক, বি অমল মণ্ডল, বিকাশ, দিপু মন্ডল, বিপ্লব, জ্যোন্সা, সঞ্জয়, সমীর সাহা ও ভবেশ সাহাসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় নেতৃবৃন্দ।