ঢাকা অফিস।।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা প্রতিরোধে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ সদরদপ্তর থেকে দেশের প্রতিটি ইউনিট ও জেলা পুলিশ সুপারদের (এসপি) এ বিষয়ে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের পাশাপাশি ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবি এবং আনসার সদস্যদের মাঠে মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, সরকারি স্থাপনায় হামলা ও সড়ক অবরোধের মতো ঘটনার প্রেক্ষাপটে রোববার ও সোমবারের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। নাশকতাপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েনের পাশাপাশি থানার কর্মকর্তাদেরও মাঠপর্যায়ে নামানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে।
নাশকতার সাম্প্রতিক পরিসংখ্যান
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রমতে, সাম্প্রতিক সময়ে সারাদেশে দুই শতাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এর মধ্যে শতাধিক যানবাহনে অগ্নিসংযোগ এবং আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে প্রায় দেড় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। চলতি মাসে পুলিশের ৪টি স্থাপনায় হামলা, ২৮টি পুলিশি গাড়িতে অগ্নিসংযোগ এবং ৪টি স্থাপনা বা গাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনায় অন্তত ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া গ্রামীণ ব্যাংকের ১০০টি শাখায় হামলা এবং জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনায় মামলা দায়েরসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিজিবি মোতায়েন ও প্রযুক্তিনির্ভর নজরদারি
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় জননিরাপত্তা নিশ্চিত ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, গাজীপুরে ১৯ প্লাটুন, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, চট্টগ্রামে ৮ প্লাটুন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারে ৭ প্লাটুন করে এবং ময়মনসিংহের ভালুকায় ২ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আরও ৪ প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। বিজিবি সদরদপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার লাইভ ফুটেজের মাধ্যমে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
সীমান্ত ও রাজধানীতে গোয়েন্দা তৎপরতা
গোয়েন্দা সূত্রগুলো জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত দলটির নেতাকর্মীরা ঢাকার বাইরে থেকে লোকজন সংগঠিত করে রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। নাশকতার পর ভিডিও ধারণ করে বিদেশে পলাতক নেতাদের কাছে পাঠানোর তথ্যও গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে বলে দাবি করেছে পুলিশ। সীমান্তবর্তী জেলাগুলোতে অবৈধ পারাপার, অস্ত্র ও বিস্ফোরক প্রবেশ ঠেকাতে বিজিবি ও পুলিশের যৌথ টহল বাড়ানো হয়েছে। পাশাপাশি নাশকতায় অর্থের জোগানদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে।











































