Home জাতীয় দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের পাশে স্বরাষ্ট্রমন্ত্রী

1

ঢাকা অফিস।।

গোপালগঞ্জ ও গাজীপুরে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে আহত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তিন সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান তিনি। এ সময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি সদর দপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তাদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজিবি জানায়, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় খুলনা সেক্টর সদর দপ্তরে কর্মরত নায়েক মো. মনির হোসেন মাথায় আঘাত পান। প্রথমে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাকে পিলখানার শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এর আগে গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে আহত হন গাজীপুর ব্যাটালিয়নের (৬৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (৪৭) ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া (২৫)। এতে লেফটেন্যান্ট কর্নেল খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙে যায়। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত লাগে। একই ঘটনায় সিপাহী রঞ্জু মিয়ার ডান হাতের হাড় ভেঙে যায়। তার ডান হাত ও বাঁ পায়ের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। বর্তমানে তিনজনই ওই হাসপাতালে চিকিৎসাধীন।

বিজিবি আরও জানায়, হামলার শিকার হওয়ার পরও সদস্যরা সরকারের নির্দেশনা অনুসরণ করে ধৈর্য, সংযম ও পেশাদারত্বের পরিচয় দিয়েছেন। নিজেদের নিরাপত্তার ঝুঁকি থাকা সত্ত্বেও সাধারণ মানুষের জানমালের সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের নির্দেশনা অনুসরণ করে বিজিবি সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তবে সাধারণ মানুষের জানমালের সুরক্ষা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে আইনানুগ কঠোর পদক্ষেপ নিতেও পিছপা হবে না বিজিবি।