Home আন্তর্জাতিক জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের

জাকির নায়েকের সংগঠনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ভারতের

1

আন্তর্জাতিক ডেস্ক।।

ইসলামিক বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। সংগঠনটির অর্থায়ন বন্ধ এবং সম্পত্তিতে প্রবেশাধিকার সীমিত করতে রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে।

আইআরএফের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা বাড়ানোর কয়েক দিনের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হলো। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন (ইউএপিএ)-এর ৪২ ধারার অধীনে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে আইনের ৭ ও ৮ ধারায় উল্লেখিত ক্ষমতা দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার।

নতুন ক্ষমতাবলে ইউএপিএর ৭ ধারা অনুযায়ী, রাজ্য সরকারগুলো লিখিত আদেশের মাধ্যমে আইআরএফের অর্থ, জামানত ও ঋণসংক্রান্ত লেনদেন এবং অর্থ স্থানান্তর বন্ধ করতে পারবে। সরকারের লিখিত অনুমতি ছাড়া এসব অর্থ ব্যবহার করা যাবে না।

এ ছাড়া নিযুক্ত গেজেটেড কর্মকর্তা সংগঠনটির আর্থিক নথি ও লেনদেন তদন্ত করতে পারবেন।

অন্যদিকে, আইনের ৮ ধারা অনুযায়ী, আইআরএফের কার্যক্রমে ব্যবহৃত বাড়ি, ভবন, তাঁবু বা নৌযান চিহ্নিত করার ক্ষমতাও দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তির তালিকা তৈরি করতে পারবেন। পাশাপাশি সন্দেহভাজন সামগ্রীর ব্যবহার নিষিদ্ধ এবং অনাবাসীদের প্রবেশাধিকার সীমিত করতে পারবেন।

এ ছাড়া অন্তত সাব-ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা এসব স্থানে থাকা বা প্রবেশকারী যেকোনো ব্যক্তিকে তল্লাশি করতে পারবেন।

ভারতের কেন্দ্রীয় সরকারের এ পদক্ষেপের ফলে আইআরএফের আর্থিক কার্যক্রম ও সম্পত্তি ব্যবহারের ওপর রাজ্য সরকারগুলোর নিয়ন্ত্রণ আরও বাড়বে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।