মিলি রহমান।।
খাবারের তালিকায় খুব সাধারণ একটি পদ হচ্ছে ডিম। তবে এটি সাধারণ পদ হলেও বিভিন্ন উৎসব-আয়োজনে নানাভাবে রান্না করা হয়।
আর সহজপ্রাচ্য হওয়ার কারণে বাসা-বাড়িতে তরকারির ঘাটতি হলে কিংবা পদ বাড়াতেও এটি রান্না করা হয়। কেউ কেউ আবার সকালে নাশতায় নিয়মিত সেদ্ধ, ভাজা কিংবা ডিম পোঁচ খেয়ে থাকেন।
ডিম হচ্ছে উচ্চমানের প্রোটিনের একটি সাশ্রয়ী উৎস। এতে বিভিন্ন স্বাস্থ্যকর ভিটামিন ও খনিজ উপাদান থাকে।
যা শরীরকে সুস্থ রাখার জন্য সাহায্য করে এবং অনেক গুরুত্বপূর্ণ কাজও করে থাকে। কিন্তু এই উপকারী ডিম নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। অনেকেরই প্রশ্ন―ডিম কি শরীরের প্রতিটি অঙ্গের জন্য ভালো? নিয়মিত খেলে কী কোনো স্বাস্থ্যঝুঁকি হতে পারে?
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ব্যাপারে কথা বলেছেন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. সৌরভ শেঠি। তিনি ব্যাখ্যা করেছেন যে, ডিম মস্তিষ্ক, চোখ, হাড় ও হৃদপিণ্ডের জন্য ভালো।
ডিমের উচ্চ প্রোটিন উপাদান পেশি গঠন করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। যা ওজন কমাতেও উপকারী। ডায়াবেটিস আক্রান্তদের খাদ্যতালিকায়ও ডিম রাখা যেতে পারে। তবে হৃৎপিণ্ডর স্বাস্থ্যের ক্ষেত্রে পরিমিত পরিমাণ খাওয়া উচিত।
এ চিকিৎসক জানান, ডিম সরাসরি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার উন্নতি করে―এমন কোনো স্পষ্ট প্রমাণ নেই।
ডিমে ফাইবার বা আঁশ নেই। তবে এগুলো সাধারণত কোষ্ঠকাঠিন্য বা পেট ফাঁপার মতো সমস্যা সৃষ্টি করে না।
ডা. সৌরভ জানান, অনেকেই বিশ্বাস করেন যে, বাদামি ডিম সাদা ডিমের থেকে বেশি স্বাস্থ্যকর। এটি মোটেও ঠিক নয়। দুই রঙের ডিমেই কাছাকাছি পুষ্টিগুণ রয়েছে। তবে কাঁচা ডিম খাওয়া যাবে না। এতে ক্ষতিকর সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে। পাস্তুরিত কাঁচা ডিম তুলনামূলক নিরাপদ বিকল্প হতে পারে। অধিকাংশ সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একটি বা দুটি করে ডিম খেতে পারেন।
এর আগে তিনি জানিয়েছেন, টানা ১৪ দিন নিয়মিত ডিম খেলে শরীরের কেমন উপকার হয়। ডিমে কোলিন নামক একটি পুষ্টি উপাদান থাকে, যা মস্তিষ্ককে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে এবং স্মৃতিশক্তি, মনোযোগ ও স্পষ্ট চিন্তার ক্ষমতা বৃদ্ধি করে। এগুলো মূলত এইচডিএল, যা ভালো কোলেস্টেরল নামে পরিচিত এবং এর মাত্রা বাড়াতে ভালো অবদান রাখে। সঠিক পরিমাণে ডিম খাওয়া হলে হৃৎপিণ্ডের স্বাস্থ্যেও ইতিবাচক প্রভাব পড়ে।
সবশেষ ডা. সৌরভ জানিয়েছেন, ডিমের কুসুমে লুটেইন এবং জিক্স্যানথিন নামক দুটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান থাকে। এগুলো চোখকে ক্ষতিকর আলো থেকে রক্ষা করে এবং বার্ধক্যে চোখের সুরক্ষা প্রদান করে।











































