স্পোর্টস ডেস্ক।।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে চোটে পড়েন সাদ উদ্দিন। এরপর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয় তার পুরো চিকিৎসার ব্যয়ভার বহন করবেন তারা। বুধবার নির্বাহী কমিটির সভা শেষে একই কথা পুনরাবৃত্তি করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
সভায় সভাপতি তাবিথ আউয়ালের নেতৃত্বে সিদ্ধান্ত হয়, সাদের বিদেশ যাত্রার বিজনেস ক্লাস বিমান টিকিট, হোটেল খরচ এবং অস্ত্রোপচারের যাবতীয় ব্যয় ফেডারেশন বহন করবে। জানা গেছে বৃহস্পতিবার উন্নত চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন সাদ। তার চিকিৎসার খরচ ১৫ লাখ টাকার মতো লাগবে।
ফিফার ‘প্লেয়ার প্রোটেকশন স্কিম’-এর আওতায় এই অর্থ পাওয়া যাবে কি না, এমন প্রশ্নে কর্মকর্তারা ক্লাবের ক্ষতিপূরণ ও চিকিৎসার খরচের বিষয়টি আলাদাভাবে ব্যাখ্যা করেন। এই প্রসঙ্গে আমিরুল ইসলাম বাবু জানান, ‘সাদের ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব ফেডারেশনে যে চুক্তিপত্র জমা দিয়েছে, তার ভিত্তিতে আট মাসের বেতনের ক্ষতিপূরণের বিষয়টি ফিফার নিয়ম অনুযায়ী দেখা হবে। তবে চিকিৎসার ক্ষেত্রে ফেডারেশন কোনও কার্পণ্য করবে না।’
সভাপতির উদ্ধৃতি দিয়ে আমিরুল ইসলাম বাবু বলেন, ‘সভাপতি জোরালো কণ্ঠে বলেছেন সাদ আমাদের দেশের সম্পদ। সে দেশের জন্য খেলে ব্যথা পেয়েছে। তাই তার যাবতীয় খরচ আমরাই বহন করব। ফিফা যদি কোনও সহায়তা দেয়, আলহামদুলিল্লাহ।’
বিষয়টি আরও স্পষ্ট করে বাফুফে সহ–সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী বলেন, ‘সাদ আমাদের জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তার সুচিকিৎসা নিশ্চিত করতে হবে, এটাই মুখ্য। এটি নিশ্চিত করতে গিয়ে ফিফা যে সাপোর্ট দেবে, তার অতিরিক্ত যা কিছু লাগবে তা ফেডারেশন বহন করবে।’











































